ট্যাক্স বকেয়া ৬৪ কোটি টাকা!
রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করি। সে জন্য রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। রাষ্ট্রের কাছ থেকে নেওয়া সুযোগ-সুবিধার বিনিময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিছু কর দিতে হয়। এখন সরকারি প্রতিষ্ঠানই যদি করখেলাপি হয়ে পড়ে, তখন পরিস্থিতি সত্যিই অসহায় হয়ে দাঁড়ায়। প্রথম আলোর খবর অনুযায়ী, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়ার পরিমাণ প্রায় ৬৪ কোটি টাকা!
গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৭০১টি হোল্ডিং নম্বরের বিপরীতে মোট পাওনা ৬৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৫ টাকা। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩০৬টি হোল্ডিং নম্বরের বিপরীতে পাওনা ১৬ কোটি ৯০ লাখ টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭০টি হোল্ডিংয়ের কাছে পাওনা ১৩ কোটি ২০ লাখ টাকা। শিল্প মন্ত্রণালয়ের ৯টি হোল্ডিংয়ের কাছে পাওনা প্রায় ১২ কোটি টাকা। এসব মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে। বকেয়া আদায়ে ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগ হচ্ছে। কিন্তু দফায় দফায় নোটিশ দিয়েও এই ট্যাক্স আদায় করতে পারছে না সিটি করপোরেশন।
ঢাকার সিটি করপোরেশন দুটির তহবিলের অন্যতম উৎস পৌর কর। কিন্তু সেই অর্থ যদি সময়মতো পাওয়া না যায়, তাহলে স্বাভাবিকভাবেই নাগরিকদের সেবা প্রদান ব্যাহত হয়। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ ব্যাপারে আরও দায়িত্বশীলতা প্রত্যাশিত। সরকারি প্রতিষ্ঠানগুলোই যদি ঠিকভাবে কর না দেয়, তাহলে সাধারণ নাগরিকেরা কেন কর দিতে উৎসাহী হবেন? কর বকেয়া থাকলে তো জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা। ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় কঠোর উদ্যোগ নিতে হবে।
আমরা আশা করছি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর টনক নড়বে এবং দ্রুত বকেয়া পৌর কর পরিশোধের উদ্যোগ নেবে।