‘মন্ত্রী আমলা ঠিকাদারের স্বার্থের বলি যাত্রীরা!’ এটি ছিল গতকালের প্রথম আলোর প্রথম পাতার প্রধান প্রতিবেদনের শিরোনাম। যাত্রী অর্থাৎ জনসাধারণের মাথায় কাঁঠাল ভেঙে কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লাভের স্থায়ী বন্দোবস্ত করতে গিয়ে বিধিবিধানকে ছুড়ে ফেলা হচ্ছে! গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থই যদি হয় সর্বাধিক বিবেচ্য বিষয়, তাহলে বাংলাদেশে আমরা এ কোন ধারার গণতন্ত্র দেখছি?
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে ৬৫০টি ট্যাক্সিক্যাব চালানোর জন্য তমা কনস্ট্রাকশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি চুক্তি সম্পাদিত হয় গত বছরের জুলাই মাসে। চুক্তির অন্যতম শর্ত ছিল, চুক্তি সম্পাদনের চার মাসের মধ্যে ট্যাক্সিক্যাব নামানো হবে। সেই চার মাস কবেই পেরিয়ে গেছে; ট্যাক্সি রাস্তায় নামানো দূরের কথা, শর্ত লঙ্ঘনকারী প্রতিষ্ঠান দুটি ভাড়া বাড়ানোর চাপ দিয়ে আসছিল। সর্বশেষ খবর হলো, তাদের চাপাচাপিতে বিআরটিএ ট্যাক্সিক্যাবের ভাড়া বাড়ানোর প্রস্তাব তৈরি করেছে। এ প্রস্তাব গৃহীত হলে কোনো যাত্রী ট্যাক্সিক্যাবে উঠলেই তাঁকে ন্যূনতম ১০০ টাকা গুনতে হবে।
তমা কনস্ট্রাকশনকে দরপত্রের ভিত্তিতে ট্যাক্সিক্যাব চালানোর অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে সে অনুমতি দেওয়া হয়েছে তাদের আবেদনের ভিত্তিতে, বিশেষ বিবেচনায়। এই বিশেষ বিবেচনাটা কী, তা মোটেই পরিষ্কার নয়। আর তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালকের বন্ধু হচ্ছেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন চৌধুরী এবং তিনিই ট্যাক্সিক্যাব সেবা-সংক্রান্ত কমিটির প্রধান। আর তমা কনস্ট্রাকশনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের। অর্থাৎ অনুমতি প্রদানের কর্তৃপক্ষ ও অনুমতিপ্রাপ্ত দুই প্রতিষ্ঠান—এ দুই পক্ষের মধ্যকার যোগসাজশ পরিষ্কার। তারা বস্তুত একটি পক্ষে পরিণত হয়ে দাঁড়িয়েছে দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব যথার্থই বলেছেন, এটা যাত্রী অধিকারের চরম লঙ্ঘন। তাঁরা এর প্রতিবাদ জানালেও যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএ আমলেই নেয়নি।
খোদ যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএতে এমন কর্মকর্তারাও আছেন, যাঁরা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেছেন, কর্তৃপক্ষ শুধু ট্যাক্সিক্যাব পরিচালনাকারী প্রতিষ্ঠান দুটির স্বার্থ বিবেচনা করেছে, যাত্রীস্বার্থ বিবেচনা করেনি। লক্ষণীয় বিষয় হলো, ট্যাক্সিক্যাব আমদানিকারকেরা শুল্কছাড় পাবে। রাষ্ট্র তাদের এই সুবিধা দেবে এ কারণে যে তারা যাত্রীদের ন্যায্যমূল্যে সেবা দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, শুল্কছাড়েও তারা সন্তুষ্ট নয়, তাদের আরও লাভ দরকার। তাই তারা রাস্তায় ট্যাক্সিক্যাব নামানোর আগেই ভাড়া বাড়ানোর জন্য চাপ দিয়ে এসেছে এবং অবাক ব্যাপার যে বিআরটিএ তাদের কথাই শুনেছে। এটা শুধু অনৈতিকই নয়, নীতিমালা লঙ্ঘনও বটে। এভাবে অযৌক্তিক ভাড়া যাত্রীসাধারণের ওপর চাপিয়ে দেওয়ার অধিকার বিআরটিএর নেই।
ভুয়া ব্যয় বিশ্লেষণের মাধ্যমে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়ার লক্ষ্যে বিআরটিএ যে নতুন প্রস্তাব তৈরি করেছে, তা অবিলম্বে বাতিল করা হোক।