২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগ থেকে সব ধরনের ট্যানারি বা চামড়াশিল্প সরিয়ে নেওয়ার ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের আশাবাদ সফল হবে কি না, তা নির্ভর করছে এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও চেষ্টার ওপর। দুই দশকেরও বেশি সময় আগে ট্যানারি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এবারের অগ্রগতি হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) মধ্যে সমঝোতা স্মারক সই হওয়া। প্রকল্পটি বাস্তবায়নে দুটি আন্তর্জাতিক সংস্থাও সহায়তার আশ্বাস দিয়েছে।
শিল্প মন্ত্রণালয় যে সময়সীমা নির্ধারণ করেছে, তার মধ্যেই হাজারীবাগের ট্যানারি সরিয়ে নেওয়ার কাজ শেষ করতে হবে। ট্যানারির মালিকেরা এ জন্য সরকার-নির্ধারিত ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দ্রুত ছাড় করা, সহজ শর্তে ঋণদান এবং হাজারীবাগে ট্যানারির বিপরীতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ও বন্ধক সাভার চামড়াশিল্প নগরের অনুকূলে দেওয়ার দাবি করেছেন। তাঁদের এ দাবি অযৌক্তিক নয়। সরকার যদি সত্যি সত্যি ট্যানারির দূষণ থেকে ঢাকা মহানগর ও বুড়িগঙ্গাকে রক্ষা করতে চায় তাহলে উচিত হবে অবিলম্বে তাঁদের দাবিগুলো পূরণ করে প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া।
চামড়াশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত সন্দেহ নেই। এই খাত থেকে বছরে ১০০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। সবাই এই শিল্পের উন্নতি চায়। কিন্তু তা কোনোভাবেই ঢাকা মহানগর ও বুড়িগঙ্গাকে হত্যা করে নয়। বর্তমানে বুড়িগঙ্গায় যে দূষণ হচ্ছে, তার জন্য প্রধানত ট্যানারিই দায়ী।
সরকারের প্রথম কাজ হবে ট্যানারি স্থানান্তর। দ্বিতীয় কাজ হবে যেখানে এটি সরানো হচ্ছে সেখানে পরিবেশদূষণের মাত্রা ন্যূনতম পর্যায়ে রাখা। সে ক্ষেত্রে শ্রমঘন এই শিল্পকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে হবে। অন্যদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া চামড়াশিল্পকে অগ্রাধিকারমূলক শিল্প খাত হিসেবে চিহ্নিত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন নিছক কথার কথা না হয়।