কোম্পানীগঞ্জ বাজার এ দেশের একটি বিখ্যাত ব্যবসা কেন্দ্র। সড়কপথে কোম্পানীগঞ্জ রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যুক্ত। এখানে রয়েছে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়, বদিউল আলম ডিগ্রি কলেজ, কোম্পানীগঞ্জ দাখিল মাদ্রাসা, কোমলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেকগুলো কিন্ডারগার্টেন। তা ছাড়া আরও রয়েছে আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংকসহ অনেকগুলো বিমা প্রতিষ্ঠান। জাতীয় কবির স্মৃতিবিজড়িত ‘কবি নজরুল তোরণ’ও এখানে অবস্থিত।
অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ সার্বক্ষণিক সেবাদানকারী বেশ কটি হাসপাতালও রয়েছে এখানে। ব্যবসা-বাণিজ্য উপলক্ষে প্রতিদিন হাজার হাজার লোক কোম্পানীগঞ্জে আসা-যাওয়া করেন। নদীপথেও এখানে কিছু ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে।
কোম্পানীগঞ্জ নতুন ও পুরাতন বাস টার্মিনাল থেকে প্রতিনিয়ত শত শত যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন এবং দেশের বিভিন্ন স্থান থেকেও শত শত যানবাহন কোম্পানীগঞ্জ হয়ে যাতায়াত করে থাকে। ফলে প্রায় প্রতিদিন কোম্পানীগঞ্জে যানজট লেগে থাকে। যত্রতত্র বাস-ট্রাক রাখার ফলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসাধারণের দুর্ভোগের অন্ত থাকে না। এ দুর্বিষহ যানজটে অতিষ্ঠ কোম্পানীগঞ্জের জনজীবন। এ যানজট নিরসনে এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এখন থেকে নিয়মিত ট্রাফিক পুলিশ নিয়োগ করে এ দুর্বিষহ যানজট নিরসনে এগিয়ে আসবে।
সফিক উদ্দিন আহমেদ
কোম্পানীগঞ্জ, কুমিল্লা।