বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ ও ভারত। এ দুই দেশে স্থলপথে যাতায়াতের প্রধান ভায়া বেনাপোল। গড়ে আড়াই হাজার যাত্রী গমন করেন বেনাপোল হয়ে। কেউবা চিকিৎসা নিতে, কেউবা ভ্রমণের উদ্দেশে। কেউ অধ্যয়নরত, অধিকাংশ যাত্রী ঢাকা, চট্টগ্রামকেন্দ্রিক। অন্য জেলারও আছে। বেনাপোল পর্যন্ত যাত্রীদের যাতায়াতের ভরসা মাত্র একটি ছয় চাকার গাড়ি। বিকল্প উপায় নেই। এ কারণে হরতাল, ধর্মঘটসহ নানা সময় বিড়ম্বনায় পড়তে হয়। এ গাড়ি যাত্রায় আরেক ভোগান্তি অতিক্রম করতে হয় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ফেরির জন্য। এতে সময় নষ্ট হয়। ক্ষুব্ধ হতে হয় মানসিকভাবে। যাত্রীদের অভিমত, দেশের অতীব গুরুত্বপূর্ণ স্থান বেনাপোল। প্রতিদিন মুখর আন্তর্জাতিক যাত্রীর পদচারণে। এ কারণে এখানে আসা-যাওয়ার আধুনিক সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন। এ সুবিধার মধ্যে মেইল ট্রেনসহ আন্তনগর ট্রেন সার্ভিস পড়ে। রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আন্তর্জাতিক যাত্রীদের কথা ভেবে বেনাপোল থেকে ট্রেন সার্ভিস চালু করুন, যাতে যাত্রীদের এ প্রত্যাশাটুকু অপূর্ণ না থাকে।
আমিনুল হক, বেনাপোল, যশোর।