ডাকাতেরা হত্যা করেছে ঠিক, কিন্তু রেল কর্তৃপক্ষ কি দায়িত্ব এড়াতে পারবে? গত সোমবার আবারও গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসেই এভাবে খুন হয়েছেন ৪৭ জন। কী ভয়ংকর! এক মাসেই ৪৭ জনের মৃত্যুর পরও রেল পুলিশসহ পুলিশ প্রশাসন এটা ঠেকাতে কিছুই করল না! গরিব মানুষের জীবন এতই মূল্যহীন?
ট্রেনের ছাদে করে যাত্রা করা নিষেধ! তবু গরিব মানুষ ভাড়ার টাকা বাঁচাতে ছাদে করেই চলাচল করে। এটা থামানো দরকার। কিন্তু প্রশ্ন সেখানে নয়, যখন গাজীপুর অঞ্চলে ট্রেনের ছাদ থেকে ফেলে এক মাসেই ৪৭ জনকে হত্যা করা হয়, তখন কী করছিল প্রশাসন—সেটাই আসল প্রশ্ন। প্রথম মৃত্যুর পরই তো ট্রেনের ছাদ যাত্রীমুক্ত করা এবং চলন্ত ট্রেনের পাহারা জোরদার করা উচিত ছিল। আগস্ট মাসের সেসব করুণ মৃত্যুর পর প্রথম আলোয় খবর ছাপা হলে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ধরনের ঘটনা বন্ধে দুটি কমিটি বেশ কিছু সুপারিশও করে। অথচ আগস্টের পর দু-এক মাস পেরিয়ে গেলেও এর কিছুই বাস্তবায়ন করা হয়নি। এই হাত গুটিয়ে বসে থাকারই সুযোগ নিয়েছে চলন্ত ট্রেনের ডাকাতেরা। তারা নিয়মিতভাবে ট্রেনের ছাদে ডাকাতি করে গেছে এবং নিয়মিতভাবে মানুষ হত্যা করেছে। এ ক্ষেত্রে যোগসাজশ না থাকুক, ট্রেনের ছাদে কী ঘটে, তা তো রেল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানার কথা। নাকি তারা জেনেশুনেই নীরব থাকে?
গরিব মানুষ ঢাকা শহরে এসে সামান্য যা রোজগার করে, তা নিয়ে বাড়ি যায়। কষ্টে অর্জিত ওই অর্থটুকু ডাকাতদের হাতে তুলে দেওয়া তাদের জন্য কঠিন। আর ডাকাতেরাও খালি হাতে ফিরতে চায় না। হয় টাকা, নাহয় মৃত্যুর এই সমীকরণে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি কেবলই দর্শকের! তদন্ত প্রতিবেদনের সুপারিশ যদি মানা হতো, তাহলে হয়তো ডাকাতেরা ধরা পড়ত এবং আর কোনো মৃত্যু হয়তো ঘটত না।
নতুন করে তিনজনের মৃত্যুর পর এই প্রশ্নের উত্তর রেল প্রশাসনকে দিতেই হবে।