ট্রেন আসার শব্দ শুনলে আমরা ছোটবেলায় দৌড়ে বাড়ির বাইরে আসতাম, দেখতাম দূরে মাঠের ওপারে ট্রেনের লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, চলন্ত ট্রেন দেখে খুব আনন্দ পেতাম। ট্রেন দেখে এই বুড়ো বয়সেও আনন্দ পাই। বাড়িতে ছোট বাচ্চারা কান্নাকাটি করলে বড়রা তাদের কোলে নিয়ে ট্রেন দেখালে মুহূর্তেই কান্না থেমে যায় তাদের। বাংলার অপু-দুর্গারা এখনো ট্রেন দেখে, তবে সেই ট্রেন দেখার মধ্যে এখন যেন নিষ্ঠুরতা ঢুকে গেছে। একধরনের দুষ্টু ছেলেরা ট্রেনে ঢিল ছুড়ে আনন্দ পায়। তারা হয়তো জানে না, এই ঢিলেই মানুষ মারা যাবে। ট্রেনে ঢিল ছোড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। গ্রামের স্কুলগুলোতে শিক্ষকেরা ছেলেমেয়েদের বোঝাতেন ট্রেনে ঢিল না ছোড়ার জন্য। সরকারি, বেসরকারিভাবে বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজন। মসজিদ, মন্দির বা অন্যান্য উপাসনালয়েও এ বিষয়ে প্রচার প্রয়োজন।
আমাদের মেয়ে প্রীতি যে চলে গেল, এ রকম যেন আর কোনো ছেলেমেয়েকে চলে যেতে না হয়। কোনো মানুষ যেন এভাবে আর কষ্ট না পায়। পত্রিকায় প্রীতির বউ সাজা নোলক পরা মুখটা দেখে বুকের ভেতরে মোচড় দিয়ে ব্যথা করে ওঠে। এখন ট্রেন দেখলে মনে হয় চোখটা একটু বন্ধ করি। কিন্তু আমি চোখ বন্ধ করলে কি ট্রেনে ঢিল ছোড়া বন্ধ হবে?
দয়া করে বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে ট্রেনে ঢিল, পাথর ছোড়া বন্ধ করার ব্যবস্থা নেওয়া হোক।
নূরুজাহান আহমেদ
খড়কি, যশোর।