ট্রেনে পাথর-সন্ত্রাস
ট্রেনে চাকরির সুবাদে পশ্চিমাঞ্চল রেলে বিভিন্ন রুটে ট্রেনে কর্তব্য পালনকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ স্বচক্ষে দেখতে এবং আক্রান্ত হতে হয়। রেললাইনের পাশে ৫ থেকে ১০ বছরের শিশুরাই মূলত পাথর নিক্ষেপ করে থাকে। পশ্চিমাঞ্চল রেলের প্রতিটি ট্রেনের প্রায় প্রতিদিনই ছোড়া পাথরের কবলে পড়তে হয়। খেয়ালের বশে পাথর নিক্ষেপ করায় একদিকে যেমন যাত্রীরা আহত এমনকি নিহত হচ্ছে, পাশাপাশি ট্রেনে কর্তব্যরত কর্মচারীরাও এর থেকে রেহাই পাচ্ছেন না। প্রায়ই ট্রেনের গার্ড, এলএমটিটিই অ্যাটেনডেন্ট পাথর নিক্ষেপের কারণে আহত হয়ে শুধু প্রাথমিক চিকিৎসায় সেরে উঠছেন না, হাসপাতালের শরণাপন্ন হতে হচ্ছে। এতে ট্রেন চলাচলে দেরি হচ্ছে। অন্যদিকে পাথর নিক্ষেপ করায় ট্রেনের মূল্যবান জানালার কাচ ভেঙে যাচ্ছে। বিশেষ করে এসি কোচের জানালার ভাঙা কাচ দেখে সহজেই এর ভয়াবহতা উপলব্ধি করা যায়। তবে নিম্নে বর্ণিত পদক্ষেপগুলো নিলে হয়তো ট্রেনের পাথর নিক্ষেপের প্রবণতা অনেকাংশেই কমে যাবে।
প্রথমত, রেললাইনের দুই পাশে পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে, তাঁরা মাইক দিয়ে ব্যাপক প্রচারণা চালাবেন পাথর নিক্ষেপের ভয়াবহতার কথা বলে।
দ্বিতীয়ত, রেডিও এবং টেলিভিশনে ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকার নাটিকা ও বিজ্ঞপ্তি প্রচার করতে হবে।
তৃতীয়ত, পাথর নিক্ষেপকারীকে আইনের আওতায় আনতে হবে। শিশুদের ক্ষেত্রে তার অভিভাবকদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে রেলে ডেমুসহ অত্যাধুনিক কোচ এনেও এর সুফল জনগণ কোনো দিন ভোগ করতে পারবে না।
রেলওয়ে কর্তৃপক্ষকে এখনই পাথর নিক্ষেপে নিরুৎসাহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেলকে নিরাপদ, আরামদায়ক ভ্রমণের পরিবহন হিসেবে আস্থা অর্জন করতে হবে।
আবদুর রউফ
রেল কর্মচারী, রাজশাহী।