ট্রেনে প্রাথমিকচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী থেকে মহানগর গোধূলি ট্রেনে উঠেছি। তখন রাত ১০টা। গন্তব্যস্থল চট্টগ্রাম। আমার সঙ্গে অধ্যাপক উজ্জ্বল কান্তি দাশ, যিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় অবস্থিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ট্রেনটি ৩০ মিনিট চলার পর ট্রেনের মাইক থেকে ঘোষণা এল, একটি বগির একজন রোগী গুরুতর আহত।

ট্রেনে কোনো সহূদয়বান ডাক্তার থাকলে রোগীর শুশ্রূষা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। উজ্জ্বল কান্তি দাশকে নিয়ে আমি এগিয়ে গেলাম। দেখি রোগীর মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। বাইরে থেকে কে বা কারা পাথর ছুড়েছে। তারই আঘাতে ভদ্রলোকের এ ক্ষত। আমরা দুজনই মেডিসিনের ডাক্তার। আমার ব্যাগে থাকা তুলা ও হেক্সিসল দিয়ে রোগীর আঘাত পরিষ্কার করে তাঁর রুমাল দিয়ে মাথায় একটি ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। শুধু এটুকুই পরিচর্যা, দেওয়া হলো না কোনো ওষুধ (অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ)।

ট্রেনে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ন্যূনতম ব্যবস্থা নেই। আমরা ডাক্তাররা যখন যাত্রী হিসেবে ভ্রমণ করি, তখন স্টেথিস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র বা আনুষঙ্গিক ব্যান্ডেজ ও ওষুধ প্রায় সময় সঙ্গে রাখি না।

তাই রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করব, যাত্রীদের জন্য কিছু জরুরি প্রাথমিক যন্ত্রপাতি ও ওষুধ রাখার ব্যবস্থা রাখতে। যেমন একটি স্টেথিস্কোপ, একটি রক্তচাপ মাপার যন্ত্র, একটি থার্মোমিটার, একটি টর্চলাইট, কিছু তুলা, ব্যান্ডেজ, গজ, প্যারাসিটামল ট্যাবলেট, অ্যান্টাসিড ট্যাবলেট, ডমপেরিডন জাতীয় বমির ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক, ওরস্যালাইন, নাইট্রোগ্লিসারিন (হূৎপিণ্ডে রক্ত চলাচল বৃদ্ধিকারী ওষুধ) স্প্রে, স্পিরিট, স্যাভলন সংবলিত একটি স্বাস্থ্য ব্যাগ বা কিট এবং সম্ভব হলে অক্সিজেন সিলিন্ডার।

সে ক্ষেত্রে চিকিৎসকেরা তাঁদের কাজে সহায়তা পাবেন এবং চিকিৎসাসেবা দিতে আগ্রহী হবেন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

অধ্যাপক ঝুলন দাশ শর্মা

বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম।