ট্রেনে যাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকার পাতায় প্রায় দেখা যায়, ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা, ট্রেনের ছাদে গামছা পেঁচিয়ে হত্যা, ডাকাতি ও ছিনতাইদের খবর। আর এসব দুর্ঘটনার শিকার হচ্ছে গরিব শ্রমজীবী মানুষ। এরা স্বল্প ভাড়া ও বিনা ভাড়ায় যাওয়ার লোভে ছাদে উঠছে। ছাদে উঠে কখনো হারাচ্ছে জীবন আবার কখনো হারাচ্ছে কষ্টে উপার্জিত অর্থ।
অতিমাত্রায় নেশার দ্রব্য খাওয়ানোর কারণে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে অথবা সারা জীবনের জন্য মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। রেল পুলিশের যেন কিছুই করার নেই। ঘটনা ঘটার পর কিছুদিন তোড়জোড় থাকে, তৈরি হয় তদন্ত কমিটি, তারপর সব চুপচাপ। আবার নতুন কোনো মৃত্যুর জন্য অপেক্ষা। ২০১২ সালে সারা দেশের রেললাইন ও আশপাশের এলাকা থেকে ৮৭৩টি (প্রথম আলো, ৮ অক্টোবর ২০১৩) লাশ উদ্ধার করেছে। গাজীপুরের মিরেরগাঁও, কালিয়াকৈরের চন্দ্রা, জয়দেবপুর স্টেশন থেকে মৌচাক এবং তুরাগ সেতু—এসব এলাকাগুলো তুলনামূলক জঙ্গল ও নির্জন, তাই দুর্বৃত্তরা ছিনতাই ও হত্যার জন্য ওই এলাকাগুলো বেছে নেয়। এলাকাগুলো চিহ্নিত করা গেলেও কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না?
তাই কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, হয় ট্রেনের ছাদে চলা বন্ধ করুন, না-হয় চিহ্নিত স্থানগুলোতে আরও পাহারার ব্যবস্থা করুন।
মো. রফিক
ঢাকা।