ঢাকা-কিশোরগঞ্জ রেলপথের ট্রেনের নাম এগারসিন্দুর। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ এবং সকাল ও দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এ ট্রেন চলাচল করে। কিন্তু এ ট্রেনে ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে। প্রথমত, ঢাকা হোক বা কিশোরগঞ্জ—কোনো জায়গা থেকেই এ ট্রেন সঠিক সময়ে ছাড়ে না। ট্রেনগুলোতে এমনিতেই আসনসংখ্যা কম, তার ওপর টিটিরা উৎকোচ নিয়ে টিকিট ছাড়া প্রচুর যাত্রী ওঠান। তাই লোকাল ট্রেনের মতো সব সময় উপচে পড়া ভিড় লেগে থাকে। টয়লেটের অবস্থা খুব খারাপ। নোংরা, পানি থাকে না, পানির কল নষ্ট এমনকি অনেক টয়লেটের দরজাও খোলা যায় না। বগির ভেতরের অনেকগুলো লাইট-ফ্যান নষ্ট। সিটের অবস্থাও নাজেহাল। আসনগুলো ছেঁড়া, হাতল ভাঙা আর এগুলোর ফাঁকে ফাঁকে একধরনের পোকার রাজত্ব। ট্রেনের কিছু দরজা-জানালার এমন অবস্থা যে সুপারম্যানও এগুলো খুলতে-লাগাতে পারবে না। এরপর কোনো স্টেশনে ট্রেন থামলে এত অল্প সময় থামে যে ঠিকমতো যাত্রীরা ওঠানামা করতে পারে না, যে কারণে ঘটে দুর্ঘটনা। অথচ অন্যান্য ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য দীর্ঘ সময় এ ট্রেন দাঁড়িয়ে থাকে। মানুষ আরামের জন্য রেলপথে যাতায়াত করে। অথচ ব্যাপক অব্যবস্থাপনার কারণে রেলযাত্রীদের নাজেহাল অবস্থা। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাকসুদুল হাসান
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।