যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আন্তনগর ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কোনো যাত্রী জরুির প্রয়োজনে কোনো গন্তব্যে যেতে রেলস্টেশনে এসে যদি জানতে পারে যে তার কাঙ্ক্ষিত ট্রেনটি সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ, তখন তার আর ভোগান্তির শেষ থাকে না। ব্যবসা-বাণিজ্য, চাকরি, ইন্টারভিউ, স্বজন বিয়োগ প্রভৃতি কারণে যাত্রীদের সপ্তাহের যেকোনো দিন রেল ভ্রমণের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে৷ অথচ সাপ্তাহিক ছুটির কারণে হতভাগ্য যাত্রীরা রেলের সেবা পায় না। আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে না হয়ে বিভিন্ন দিবসে হয়। যার ফলে বহু ট্রেনের ভিড়ে কোন ট্রেন কোন দিনে বন্ধ থাকে, তা অনেক যাত্রীই জানে না; অথবা মনে রাখে না। যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবাদানের লক্ষ্যে রেলকে জরুরি ঘোষণা করতে আন্তনগর ট্রেনগুলোকে প্রতিদিন চলাচল করার ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ এবং রেল মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফা সরকার, কিশোরগঞ্জ, নীলফামারী।