রানা প্লাজার গণমৃত্যুর এক বছর পরও রক্তের দাগ শুকায়নি, শোকের হুতাশন নেভেনি। রানা প্লাজার ভয়াবহ ট্র্যাজেডির ভার এখনো বইতে হচ্ছে নিহত ব্যক্তিদের পরিবার, আহত ব্যক্তি তথা সহমর্মী দেশবাসীকে। ন্যায্য ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা; দায়ী ব্যক্তিদের বিচারের গতি শিথিল, নিরাপদ হয়নি শ্রমিকের কর্মস্থান। নিখোঁজ শতাধিক শ্রমিকের সন্ধানে এখনো ছুটে বেড়াচ্ছেন তাঁদের স্বজনেরা। এত বড় বিপর্যয়ের পরও মানবতা জেগেছে কি, হুঁশ ফিরেছে কি মালিক ও রাষ্ট্রের?
এক বছর পরও এখন পর্যন্ত নিহতদের পরিবার ও আহত শ্রমিকদের একাংশ কিছু আর্থিক সহায়তা পেয়েছেন। বাকিরা দুর্দশায় দিন গুনছেন। ক্ষতিপূরণের দায়িত্ব কার—মালিকের, বিদেশি ক্রেতার, বিজেএমইএর নাকি সরকারের, তা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। ক্ষতিপূরণ দেওয়ায় মালিকদের ‘বাধ্য’ করাও যায়নি। ক্ষতিপূরণ দেওয়া যে আইনি বাধ্যবাধকতা, ব্যবসানীতির অংশ—এই সরল নীতিটাই অনেক মালিক ও তাঁদের সংগঠন মানে না। অথচ রানা প্লাজা ধসের পরে পোশাকশিল্পে সংকট দেখিয়ে তাঁরা সরকারের কাছ থেকে যে করসুবিধা পেয়েছেন তার পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা।
মানুষ সংখ্যা মাত্র নয়। তবু সংখ্যা বাস্তবতার কথা বলে: বিজেএমইএ মাত্র ১৪ কোটি টাকা খরচ করে দায়িত্বের হাত উঠিয়ে নিয়েছে অথচ বাটেক্সপো ফ্যাশন শোতেই তারা ব্যয় করে কোটি কোটি টাকা! প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মাত্র ২২ কোটি টাকা খরচ করলেও পড়ে রয়েছে ১০৫ কোটি টাকা। চার কোটি ডলারের আন্তর্জাতিক তহবিলে জমা পড়েছে মাত্র এক-তৃতীয়াংশ অর্থ। এমনকি বিজেএমইএর পাঁচ হাজার ৪০০ সদস্যের মাত্র এক হাজার ৮৮২ জন মাত্র ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন! আহত শ্রমিকদের ৭৪ শতাংশ এখনো কাজ পায়নি। এখনো ৭৪ জন শ্রমিকের লাশের পরিচয় মেলেনি।
রানা প্লাজা দেশ ও বিশ্বকে কাঁদিয়েছে। অথচ দায়ী মালিক ও বিদেশি ক্রেতারা নিষ্ঠুর উদাসীনতা নিয়ে ‘দায়মুক্ত’ থেকে যাচ্ছেন। এই এক বছরে প্রতিটি পোশাক কারখানাকে নিরাপদ করায় লোক দেখানো কিছু উদ্যোগের বাইরে তেমন কিছু করা হয়নি। সরকারের কারখানা পরিদর্শক প্রতিষ্ঠান এবং বিজেএমইএর কর্মকর্তাদের এমন উদাসীনতায় হতাশা প্রকাশ করে গেছেন সফরে আসা বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা। রানা প্লাজার বিপর্যয়ের জন্য দায়ী সোহেল রানাসহ একাধিক আসামি বিভিন্ন মামলায় জামিন পেয়েছেন। এ সংক্রান্ত অন্য মামলায় এখনো তাঁরা আটক থাকলেও বিচারের গতি মন্থর।
শ্রমিকদের এই দুর্বিষহ জীবনের জন্য যাঁরা দায়ী, তাঁরা ছাড় পেতে পারেন না। অবিলম্বে ক্ষতিপূরণ দিতে তাঁদের বাধ্য করতে হবে এবং তা করতে পারে একমাত্র সরকারই। রানা প্লাজার ধস কেবল তৈরি পোশাকশিল্পের সহস্রাধিক শ্রমিককে হত্যা করেনি, দেশের ভাবমূর্তিকেও হত্যা করেছে। তাদের জন্য আমেরিকায় জিএসপি-সুবিধা বাতিল হয়েছে। আইন লঙ্ঘনকারী কারখানার মালিকদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইন প্রয়োগ, শ্রমিকের জীবন ও পেশার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকেই। সেই দায় পালিত না হলে আরও এমন বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।