ড. নিবেদিতার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. নিবেদিতা দাশ
ড. নিবেদিতা দাশ

‘মানুষ মানুষের জন্য’ দৃষ্টিভঙ্গি নিয়ে একদিন যে নারী গ্রামবাংলার প্রান্তরে হেঁটেছেন; আবার বাঙালির অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের টানে ষাটের দশকে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে ছিলেন সামনের কাতারে; তিনি আজ জীবনের নিবু-নিবু পথে বেদনাহত পাখির মতো কাতরাচ্ছেন। তিনি ড. নিবেদিতা দাশ পুরকায়স্থ উত্তর-পূর্ব জনপদের সমাজসেবিকা প্রয়াত ঊষা দাশ পুরকায়স্থের সুযোগ্য কন্যা।

নিবেদিতা পারিবারিক সূত্রে মুক্তমনের যাত্রী হতে পেরেছিলেন। লেখালেখি ও প্রতিবাদী কর্মকাণ্ডের জন্য ষাটের দশকের শেষ নাগাদ শহীদুল্লা কায়সার, রণেশ দাশগুপ্ত প্রমুখ মনীষীর সাহচর্য পেয়েছিলেন এবং তাঁদের হাত ধরে চলে তাঁর পরবর্তী পথচলা। গল্প, কথকতা, অনুবাদ বিভিন্ন ধরনের লেখালেখিতে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তী জীবনে নানা বঞ্চনার শিকার হয়েও উচ্চতর শিক্ষা গ্রহণ করে গবেষণাকর্মে মনোনিবেশ করেন। এই সময় তাঁর ‘মুক্তিমঞ্চে নারী’, ‘হিন্দু নারীর অধিকার ও পারিবারিক আইন’ প্রভৃতি অনুসন্ধানী কাজ সুধীমহলে সমাদৃত হয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে চেলা সাব-সেক্টরের বাঁশতলা ক্যাম্প প্রভৃতি জায়গায় তাঁর নিঃস্বার্থ কাজ অনেকেই আজও স্মরণ করেন। সব সময় সভা-সমাবেশে উপস্থিত হয়ে তিনি তরুণ-তরুণীদের অনুপ্রাণিত করতেন। এই সদা-কর্মচঞ্চল নারী দীর্ঘদিন থেকে কিডনি, ডায়াবেটিস, শ্বাসকষ্টজনিত রোগ-যন্ত্রণা মোকাবিলা করে এখন জীবনের শেষ সীমানায় এসে পৌঁছেছেন। তাঁর দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। বাঁচার জন্য প্রতিদিন একাধিকবার পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিতে হচ্ছে। এখন তৃতীয় দফায় তিনি হাসপাতালে রয়েছেন। ব্যয়বহুল এ চিকিৎসা চালানো তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ইতিপূর্বে শুভানুধ্যায়ীদের বদান্যতায় তাঁর চিকিৎসা চলেছিল, এখন বন্ধ হওয়ার উপক্রম।


একজন কর্মচঞ্চল সৃষ্টিশীল নারী বিনা চিকিৎসায় উপেক্ষিত মৃত্যুবরণ করবেন, তা বিবেকবান মানুষ হিসেবে মেনে নেওয়া কষ্টকর। নিবেদিতা দাশ পুরকায়স্থ জীবনের এই চরম মুহূর্তে অপরের সহমর্মিতা পাওয়ার অধিকার রাখেন। সংবেদনশীল ব্যক্তিবর্গ তাঁর এই দুঃসময়ে পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা রইল। নিবেদিতা দাশ পুরকায়স্থের ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৯১১-৭০৭১০০; সঞ্চয়ী হিসাব নং— ৩৪৭৮১০১০৪৭৫৯০ পূবালী ব্যাংক, সাতমসজিদ রোড, ঢাকা।
দীপংকর মোহান্ত, ঢাকা।