অদৃষ্টপূর্ব প্রকৃতিবিনাশী কার্যকলাপ দেশজুড়েই চলছে। পাহাড়, অরণ্য, নদী-জলাশয়গুলোও রেহাই পাচ্ছে না। সিলেটের জাফলংয়ে পাহাড় থেকে নামা ডাউকি নদীর বুকে তৈরি করা হয়েছে ট্রাক চলাচলের রাস্তা। বহুদিন থেকেই এমনটা চলছে, অথচ প্রশাসনের কোনো খবর নেই।
সংঘবদ্ধ পাথর ব্যবসায়ী চক্রের বাঁধটি যথেষ্ট কৌশলী। তারা পানি চলাচল পুরোপুরি বন্ধ না করে নদীর বুকে পাথর ফেলে তলদেশ উঁচু করে বাঁধটি তৈরি করিয়েছে। কয়েক হাত পানির গভীরতা থাকলেও তাতে পাথরভর্তি ট্রাক চলাচলের অসুবিধা হয় না। ২০১১ সালে এখানে দুই দিক থেকে নদীর মধ্য পর্যন্ত পাথর ফেলে রাস্তা বানিয়ে অবশিষ্ট নালামতো জায়গায় সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু প্রথম আলোয় এ বিষয়ে খবর প্রকাশিত হলে উচ্চ আদালতের নির্দেশে সেই সেতু ও বাঁধ ভেঙে ফেলা হয়। কিছুদিনের ব্যবধানে সেখানে নতুন করে তৈরি করা হয়েছে ডুবরাস্তা বা চোরা বাঁধ।
নদী, নদীর ওপারের পাহাড়, এপারের সবুজ—সব মিলিয়ে জাফলং এলাকাটি বাংলাদেশের সুন্দর নিসর্গগুলোর একটি। পর্যটকদেরও জায়গাটির প্রতি আকর্ষণ সুবিদিত। অথচ পাথর উত্তোলনের কারণে সেই সৌন্দর্য ক্ষতবিক্ষত। ডাউকি নদী থেকে এভাবে পাথর উত্তোলন চলতে থাকলে নদী-নিসর্গ তো থাকবেই না, থাকবে কেবল বিরাট এক মুখ ব্যাদান করা গহ্বর। এই পাথর ব্যবসা প্রকৃতির দৃষ্টিকোণ থেকে কতটা যুক্তিযুক্ত, তা ভেবে দেখা দরকার। পরিবেশসম্মত উপায়ে পরিমিতভাবে পাথর উত্তোলনের একটি নীতিমালা থাকাও জরুরি।
বৃহস্পতিবারের প্রথম আলোর সংবাদে এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসকের অজ্ঞতাই প্রকাশিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নদীর ক্ষতি নিয়ে প্রাথমিক প্রতিবেদন জেলা প্রশাসনে পাঠিয়েছেন। এখন জায়গাটিকে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় প্রতিবেশ সংরক্ষণ এলাকা বা ইসিএ ঘোষণা করাই সমীচীন। উচ্চ আদালতও তা করার নির্দেশনা দিয়ে রেখেছেন। সুতরাং অবিলম্বে বাঁধটি অপসারণ করে এলাকাটিকে ইসিএ ঘোষণা করতে হবে।
পরিবেশ সংরক্ষণ আইনে নদীর যেকোনো স্থানে বাঁধ দিয়ে পানিপ্রবাহের পথ রুদ্ধ করা দণ্ডনীয় অপরাধ। কেবল সিলেটের ডাউকি নদীতেই নয়, প্রায়ই সংবাদপত্রে এ রকম নদী-নালা-খাল-বিলকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহারের ঘটনা প্রকাশিত পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতিকেই প্রকাশ করে।