ডা. ইব্রাহিম বলেছিলেন, সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু ডায়াবেটিস এ জীবনে আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না। এ রোগ কখনো নিরাময় হয় না। ডায়াবেটিস হলে এর চিকিৎসার জন্য প্রতিটি শহরেই ডায়াবেটিসের চিকিৎসাকেন্দ্র রয়েছে। স্বাস্থ্য বিভাগে পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ৫০ শতাংশ লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত।
একই সংখ্যক লোকের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ডায়াবেটিস যাতে না হয়, তার জন্য সরকারি বা বেসরকারিভাবে কোনো প্রচার নেই। দেশের সব এলাকার লঞ্চ-স্টিমার টার্মিনাল, বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশনসহ বড়
বড় রাস্তার পাশে ডায়াবেটিস হলে কী কী অসুবিধা হতে পারে এবং এ রোগ যাতে না হয়, তার জন্য কীভাবে জীবন যাপন করা প্রয়োজন, এর নির্দেশনাপূর্ণ সাইনবোর্ড স্থাপন করা একান্ত প্রয়োজন।
টেলিভিশন চ্যানেল ও রেডিওতে এর ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। আশা করি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ডায়াবেটিক সমিতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং জনস্বার্থে যথাযথ ব্যবস্থা নেবে।
জাহাঙ্গীর চাকলাদার
লালবাগ, ঢাকা।