ডায়রিয়ার প্রাদুর্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর চৈত্র-বৈশাখের এই সময়টায় প্রচণ্ড গরম পড়ে, আর ঠিক এ সময়েই আমাদের দেশে, প্রধানত শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। দোষটা গরমের নয়; সচেতনতার অভাবে সমস্যা দেখা দেয়। গরমে সহজে খাবার নষ্ট হয়, বিশুদ্ধ পানির সরবরাহ কমে যায়, পথেঘাটে অনিরাপদ পানির তৈরি শরবতের চাহিদা বাড়ে। এসব খাদ্য এড়িয়ে চললে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না।
শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধুয়ে খাবার খেলে ডায়রিয়া হতে পারে। কারণ, মানুষের বর্জ্যে স্যালমোনেলা, ই কোলাই, নরোভাইরাস প্রভৃতি জীবাণু থাকে। এসবই ডায়রিয়ার অন্যতম কারণ। একটি জেমস ক্লিপের সমান ওজনের এক গ্রাম মনুষ্যবর্জ্যে অন্তত এক লাখ কোটি জীবাণু থাকে। তাই খাওয়ার আগে প্রতিবার সাবান দিয়ে হাত ধুয়ে নিলে সহজে ডায়রিয়া হয় না। বলা হয়, দিনে অন্তত পাঁচবার সাবান ব্যবহার করা উচিত।
ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ালে ভয় থাকে না। এর পর দুই বছর বয়স পর্যন্ত শিশুদের মায়ের দুধের পাশাপাশি তরল খাদ্য চামচে খাওয়ানো ভালো। শিশি নিরাপদ নয়। শিশু যেন বারবার মুখে হাত না দেয়, সেটা দেখতে হবে। কারণ, হাতের রোগজীবাণু এভাবে মুখে ঢুকলে আর রক্ষা নেই।
কিন্তু সাবধানতা সত্ত্বেও ডায়রিয়া হলে লক্ষ রাখতে হবে যেন পানিশূন্যতা না হয়। দিনে তিনবারের বেশি পাতলা পায়খানা ও বমি হলে সঙ্গে সঙ্গে খাওয়ার স্যালাইন দিতে হবে। স্যালাইন দিয়ে পানিশূন্যতা দূর করা সম্ভব। তার পরও অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঢাকায় আইসিডিডিআরবি হাসপাতালে কয়েক দিন ধরে অনেক বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এই সংস্থাটিই আবিষ্কার করেছিল যে ডায়রিয়ায় মূলত পানিশূন্যতার কারণেই প্রাণহানি ঘটে। তাদের আবিষ্কৃত খাওয়ার স্যালাইন আজ সবার নাগালের মধ্যেই। তাই বলা যায়, গরম যতই তীব্র হোক আর রোগের প্রকোপ যতই বাড়ুক, মানুষ সচেতন হলে ডায়রিয়ায় মৃত্যুর আশঙ্কা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এটুকু সাফল্য আমরা অনায়াসে অর্জন করতে পারি।