ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানুষের সেবায় নিয়োজিত। এই সেবা নিয়ে আলোচনা ও সমালোচনা উভয়ই আছে। তবে তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষ ডিএমপির কাছ থেকে আরও নতুন এবং দ্রুত সেবা প্রত্যাশা করে।
আজকের সমাজে অপরাধ চিহ্নিত করতে এবং অপরাধীদের পাকড়াও করার কাজে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা উচিত। ডিএমপি সম্প্রতি পরীক্ষামূলকভাবে এমন কিছু কার্যক্রম শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ডিএমপি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালু করেছে। এর মাধ্যমে পুলিশের সেবা দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিকটবর্তী পুলিশ স্টেশনের ঠিকানা জানা যাবে। পুলিশ স্টেশনে যাওয়ার নির্দেশনা পাওয়া যাবে। এক ক্লিকেই নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ফোনকল চলে যাবে। যেকোনো অপরাধ সম্পর্কে তথ্য পুলিশকে জানানো যাবে।
এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ডিএমপি ফেসবুক পেজে সব সময় আপডেট থাকা যাবে। যোগাযোগ করা যাবে ডিএমপির ব্লাড ব্যাংকের সঙ্গে। ডিএমপি মিডিয়া সেন্টারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে। ভুক্তভোগী নারীরা প্রয়োজনে দ্রুত সহযোগিতা পাবেন।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই প্রকৌশলী মো. তারেক মাহমুদ ও মনসুর হোসেন পুলিশের জন্য অ্যাপটি তৈরি করেন। উত্তরায় এর ব্যবহার শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে এটা চট্টগ্রাম এবং পরে সারা দেশে চালুর পরিকল্পনা করা হয়েছে।
আশা করা যাচ্ছে, এই প্রযুক্তিসেবা দেশের অপরাধপ্রবণতা চিহ্নিত করতে ও তা কমাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তারান্নুম শাকেরীন খান, ফারিযা হাই, মেছবাহুর রহমান ও
মো. সালমান বিন আজম
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।