আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা খুবই কম কিংবা ক্ষেত্রবিশেষে নেই বললেই চলে। কারণ, ওই দেশে আইএমইআই নম্বর ট্র্যাক করে হারানো মুঠোফোন আবার ফেরত পাওয়া যায়। কেউ ছিনতাই করলে বা চোরাই মুঠোফোন ব্যবহার করলে আইএমইআই ট্র্যাক করে ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। ফলে ছিনতাইয়ের ঘটনা অনেক কমে এসেছে এবং ছিনতাই করা মুঠোফোন কেউ কিনতেও চায় না পুলিশি তৎপরতার কারণে।
বাংলাদেশের চিত্র ঠিক তার বিপরীত। প্রতিদিনই শত শত মুঠোফোন ছিনতাই হচ্ছে এবং হরহামেশাই দোকানে দোকানে বিক্রি করা হচ্ছে। আমাদের বিটিআরসি, মুঠোফোন কোম্পানিগুলো ও পুলিশি তৎপরতা তাহলে কি পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে পিছিয়ে? না, আমরা এখনো ডিজিটালাইজেশন প্রক্রিয়াতে অগ্রসর হতে পারিনি?
আইএমইআই নম্বর ট্র্যাকিং কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারলে এ রকম ছিনতাই ও খোয়া যাওয়া ফোনের বিক্রয় শূন্যের কোঠায় নিয়ে আসা যেত। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমারও গত ১৪ সেপ্টেম্বর কমলাপুর রেলস্টেশনে কৃত্রিম সৃষ্ট ভিড়ে কতিপয় যুবকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মুঠোফোনটি ছিনতাই হয়ে যায়। বিষয়টি প্রয়োজনীয় আইএমইআই নম্বরসহ ঢাকা রেলওয়ে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে হয়তো এই ছিনতাইকারী চক্রকে সহজেই ধরা যেত। তবে আমাদের আইএমইআই ট্র্যাকিং ব্যবস্থা কি মানসম্মত নয়? নাকি আমরা ডিজিটাল বাংলাদেশের পথে অনেকটাই পিছিয়ে রয়েছি?
আইএমইআই ট্র্যাকিং ব্যবস্থা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দেবে বলে আশা করি।
মো. খালিদ মাহ্মুদ
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।