ডিসি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারিক ক্ষমতা সম্প্রসারণের দাবি তোলা ছাড়া ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলনে উত্থাপিত তাঁদের অধিকাংশ দাবিদাওয়া জনগণের স্বার্থসংশ্লিষ্ট বলেই প্রতীয়মান হয়েছে। যেমন তাঁরা শিক্ষক নিয়োগে স্বচ্ছতা চেয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছেন। মাঠপর্যায়ে চিকিৎসকদের অনুপস্থিতিতে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। রাস্তাঘাট উন্নয়ন, সংযোগ সড়ক নির্মাণ ইত্যাদি বিষয়েও ডিসিরা সরকারের মনোযোগ আকর্ষণ করেছেন। তবে সাধারণভাবে তাঁদের যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তা হলো ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের হস্তক্ষেপ। এসব অভিজ্ঞতার কথা তাঁদের পক্ষে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। কারণ, ডিসি পদে চাকরি করা এখন নিতান্ত কোনো মামুলি বদলি পরিকল্পনার অংশ নয়। বর্তমান সরকার দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করায় এই পদে ব্যক্তি বাছাইয়ে আরও বেশি নিজস্ব ঘরানার বিষয়টি নীতিনির্ধারকদের মাথায় রাখতেই হচ্ছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করি যে, এই সম্মেলনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রশাসনকে আরও গণমুখী কিংবা এর গতিশীলতা নিশ্চিত করতে সরকারের দিক থেকে উল্লেখযোগ্য কোনো নির্দিষ্ট কর্মপরিকল্পনা ডিসিদের কাছে তুলে দেওয়া হয়নি। এমন কিছু তাঁদের সামনে পেশ করা হয়নি, যাতে তাঁরা ঢাকা থেকে নতুন কোনো ভাবনা নিয়ে কর্মস্থলে ফিরে যাবেন। এই সম্মেলন অনেকটা গতানুগতিকভাবেই শেষ হলো। বরং আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সরকারি দলের অগ্রাধিকার বা উদ্বেগেরই যেন বেশি প্রকাশ ঘটেছে বলে প্রতীয়মান হয়েছে। এর মধ্যে ডিসিদের কাছে সবচেয়ে অভিনব ঠেকেছে প্রধানমন্ত্রীর অসাংবিধানিক শক্তি রোধসংক্রান্ত মন্তব্য। তিনি তাঁদের সতর্ক থাকতে বলেছেন। বিষয়টি এতটাই অভিনব ও অস্বাভাবিক যে, এ বিষয়ে ডিসিদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না। কিন্তু জনমনে এই প্রশ্ন প্রবল হচ্ছে যে, ডিসিদের এভাবে বলার অর্থ বা তাৎপর্য কী। বাংলাদেশের ইতিহাসে কখনো সাংবিধানিক শাসন থেকে বিচ্যুতির জন্য ডিসিরা সেভাবে কোনো ভূমিকা রেখেছেন বা আইন অনুযায়ী তাঁদের সে রকমের কোনো ভূমিকা রাখার আদৌ সুযোগ আছে বলেও প্রতীয়মান হয় না। ডিসিদের পক্ষে মুশকিল হচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার সুযোগ নেই। এর মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য আরও উদ্বেগজনক। তিনি স্থানীয় সরকার নির্বাচনে ডিসিদের ভালো ভূমিকার জন্য সাধুবাদ জানিয়েছেন। সেটা আমরাও তাঁদের দিতে চাই। ধন্যবাদ তাঁদের প্রাপ্য। ডিসিদের অনভিপ্রেত ভূমিকা নিয়ে কোথাও প্রশ্ন ওঠেনি। তবে সৈয়দ আশরাফ আগামী সংসদ নির্বাচনে তাঁদের ভূমিকা রাখতে বলেছেন। নির্বাচনকালে মন্ত্রীদের প্রটোকলের প্রশ্ন এবং ডিসিদের সম্মেলনে সার্বিক নির্বাচনী নির্দেশনা থেকে মনে হতে পারে, এবারের ডিসি সম্মেলনে নির্বাচনী আমেজটাই প্রকট। আইন ও বিচারমন্ত্রীকে ধন্যবাদ যে, ডিসিদের আরও বিচারিক ক্ষমতা দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।