ডেঙ্গু প্রতিরোধে আমরা কতটা প্রস্তুত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রথম আলো ও সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ আয়োজিত ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী অতিথিরা
প্রথম আলো ও সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ আয়োজিত ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী অতিথিরা
১৬ জুলাই ২০২০ প্রথম আলো ও সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ এর আয়োজনে এবং ইউকে এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক এক ভার্চ্যুয়াল গোলটেবিল আয়োজন করা হয়। সেই গোলটেবিল বৈঠকের নির্বাচিত অংশ এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

গোলটেবিলে অংশগ্রহণকারী

মো. আতিকুল ইসলাম: মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন

আফসানা আলমগীর খান:ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর

রাবেয়া সুলতানা: চেয়ার, এক্সিকিউটিভ কমিটি, স্টার্ট ফান্ড বাংলাদেশ; কান্ট্রি ডিরেক্টর, মুসলিম এইড-ইউকে বাংলাদেশ।

তহমিনা জেসমিন মিতা: উপনির্বাহী পরিচালক, সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ।

মো. মোমিনুর রহমান মামুন: ব্রিগে. জেনারেল। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন

আফসানা মিমি: অভিনেত্রী ও পরিচালক।

সৈয়দ আবদুল হামিদ: অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

মো. শওকত আলী:অবসরপ্রাপ্ত ব্রিগে. জেনারেল। সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন

আকতার মাহমুদ: সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

আতিক আহসান: চিকিৎসা নৃবিজ্ঞানী।

কাজী জহিরুল ইসলাম মানিক: কাউন্সিলর, ৩ নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন

আলভী ইয়াছার: মেডিকেল শিক্ষার্থী ও নগর স্বেচ্ছাসেবী।

সূচনা বক্তব্য

আব্দুল কাইয়ুম: সহযোগী সম্পাদক, প্রথম আলো

সঞ্চালনা

ফিরোজ চৌধুরী:সহকারী সম্পাদক, প্রথম আলো

আলোচনা

আব্দুল কাইয়ুম

এবার আমরা ডেঙ্গু প্রতিরোধে আশাবাদী হতে পারছি। প্রায় শুরু থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। যেখানে এডিস মশা ও লার্ভা আছে, সেখানে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল। সে সময় দেশের মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল। এখন হয়তো ডেঙ্গুর উপদ্রব কিছুটা কম। বর্ষা মৌসুম চলছে। যেকোনো সময় এটি বেড়ে যেতে পারে। এমনিতে কোভিড–১৯ সময়ে দেশের মানুষ অনেক বড় সমস্যায় আছে, এর মধ্যে যদি ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় তাহলে সবাই ভয়াবহ সংকটে পড়ে যাবে।

তহমিনা জেসমিন মিতা
তহমিনা জেসমিন মিতা

তহমিনা জেসমিন মিতা
সোশ্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ ১৯৮৫ সাল থেকে শহরের নিম্ন আয়ের মানুষের জীবনমানের উন্নয়ন ও দুর্যোগপীড়িত মানুষের জন্য কাজ করছে। স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকে এইডের সহযোগিতায় বর্তমানে বাস্তবায়িত হচ্ছে ‘ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্বপ্রস্তুতিমূলক প্রকল্প’।

২০১৯ সালে লক্ষাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর চলতি বছরে তার পুনরাবৃত্তি মোকাবিলার জন্য এই পূর্বপ্রস্তুতিমূলক প্রকল্পটি গৃহীত হয়। ডেঙ্গু মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আগেই আমরা সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি দপ্তরএবং হাসপাতালগুলোকে আগাম প্রস্তুতি গ্রহণের কথা বলছি। বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে অ্যাডভোকেসি ও জনসচেতনতা সৃষ্টি করছি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আমরা কাজ করছি। সিপ-এর পক্ষ থেকে লিফলেট, স্টিকার বিতরণ, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাইকিং, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ করে মশকনিধন এবং সিটি করপোরেশনের মশকনিধনকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের পিপিই বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মিরপুরের চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি একটি হাসপাতালে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড গড়ে তুলেছি। সেখানে ডেঙ্গু পরীক্ষার জন্য বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার কিট ও মশারি সরবরাহ করা হয়েছে।

আমরা ডেঙ্গু সংক্রমণের বিস্তার রোধে পরীক্ষামূলক একটি নজরদারি পদ্ধতি গড়ে তুলেছি। কোথাও কোনো ডেঙ্গুতে আক্রান্ত রোগী পাওয়া গেলেই সেখানকার আশপাশে ৪০০ বর্গ মিটারজুড়ে প্রকল্পের পক্ষ থেকে মশা নিধন করা হচ্ছে। জনসচেতনতা সৃষ্টি, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, নীতিনির্ধারকদের সক্রিয় করা ও গণমাধ্যমকে সম্পৃক্ত করার মাধ্যমে জনস্বাস্থ্যের ওপর হুমকি নিয়ন্ত্রণে একযোগে কাজ করা এবং ডেঙ্গু থেকে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি দায়বদ্ধ হই, জবাবদিহি ও স্বচ্ছতার নীতি মেনে চলি, তাহলে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যের জন্য হুমকি যেকোনো কিছু আমরা মোকাবিলা করতে পারব।

আলভী ইয়াছার
আলভী ইয়াছার

আলভী ইয়াছার
সিপের প্রকল্পে একজন নগর স্বেচ্ছাসেবী হিসেবে আমার কাজ হলো ডেঙ্গুতে আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ করা। হাসপাতাল, ক্লিনিক, কাউন্সিলর অফিস ও সিটি করপোরেশন থেকে আমরা আক্রান্ত রোগীর তথ্য সংগ্রহ করেছি। এ ছাড়া আমরা সিপের দুটি হটলাইন নম্বরসংবলিত স্টিকারের মাধ্যমেও ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে থাকি। পরবর্তী সময়ে জিপিএস লোকেশন ব্যবহার করে আক্রান্ত রোগীর অবস্থান নির্ণয় করে রোগীর বাড়ির চারপাশে ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে লার্ভিসাইডিং করি।

এডিস মশা যেন স্বচ্ছ পানিতে ডিম পাড়তে না পারে, এ জন্য এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের খোসা ইত্যাদিতে জমে থাকা পানি অপসারণ করেছি। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং এবং স্টিকার লাগিয়ে এলাকাবাসীকে সচেতন করছি।

মো. মোমিনুর রহমান মামুন
মো. মোমিনুর রহমান মামুন

মো. মোমিনুর রহমান মামুন
আমরা দুই ধরনের পরিকল্পনা নিয়েছি। একটা বছরব্যাপী, আরেকটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা। এটা আমরা স্থানীয় সরকারের কাছে জমা দিয়েছি। যাচাই-বাছাই চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মাননীয় মেয়রের নেতৃত্বে ইতিমধ্যে আন্তমন্ত্রণালয়ে পাঁচটি সভা হয়েছে। সেখান থেকে এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়কে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এবার জানুয়ারি থেকেই আমরা কাজ শুরু করেছি। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত লার্ভিসাইটিং করি। বিকেল ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত ফগিং করি। ইসলামিক ফাউন্ডেশনের মধ্যেমে দেশের ইমামদের চিঠি দিয়েছি। তাঁরা যেন মাইকিং করে ও প্রতি ওয়াক্ত নামাজের পর বিষয়টি মুসল্লিদের বলেন। কীটতত্ত্ববিদদের পরামর্শ নিয়ে মশা নিধনে বিশেষ কার্যক্রম নিই।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। কিন্তু কমে আসছে বলে আমরা বসে নেই। মাননীয় মেয়রের নেতৃত্বে গত মে ও জুন মাস মশা নিধনে চিরুনি অভিযান পরিচালনা করেছি। প্রতি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করি। ১০ দিনে ১০টি ওয়ার্ডের মশা নিধনের কাজ শেষ করি। ১০টি দল এখানে কাজ করে। পরিচ্ছন্নতাকর্মী থাকেন। লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা থাকে। এই অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর, কীটতত্ত্ববিদেরা আমাদের সঙ্গে ছিলেন।

উত্তর সিটি করপোরেশনে ২ শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও মাতৃসদন আছে। এসব হাসপাতালে ১ সপ্তাহ ফগিং ও লার্ভিসাইডিং করেছি। মে মাসে ৯ হাজার ৪৬৩টি বাড়ি পরিদর্শন করেছিলাম। এখানে ১ দশমিক ৯৮ শতাংশ লার্ভা পাওয়া গেছে। জুন মাসে উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে ১ লাখ ৩৪ হাজার ১৩৫টি বাড়ি পরিদর্শন করি। এখানে ১ দশমিক ১৯ শতাংশ লার্ভা পেয়েছি। জুলাই মাসে ১ লাখ ৩০ হাজার ৯৭৮টি বাড়ি পরিদর্শন করি। এখানে লার্ভার উপস্থিতি পেয়েছি শূন্য দশমিক ৬৯ শতাংশ।

জনগণের সচেতনতার জন্য ক্রমান্বয়ে এডিস মশার লার্ভার উপস্থিতি কমে এসেছে। আমরা একটা অ্যাপের মাধ্যমে এডিস মশার লার্ভা শনাক্ত করি। যাদের অবহেলা দেখি, তাদের আইনের আওতায় আনছি।

নির্মাণাধীন ভবনে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে তাদের বিশেষ দায়িত্ব নিতে হবে। মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন হয়েছেন। আশা করছি সবার সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সফলতা অর্জন করা সম্ভব হবে।

আফসানা মিমি
আফসানা মিমি

আফসানা মিমি
আমার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। সেটা হলো, কী করলে ডেঙ্গু থেকে বিরত থাকতে পারব। আমি উত্তরায় থাকি। আমার সেক্টর ১৪। এ বছর মশার পরিমাণ কম। প্রায় প্রতি সন্ধ্যায় ফগার মেশিনের শব্দ শুনতে পাই। গত বছর ১২ নম্বর সেক্টরে আমার এক সহকর্মীর বাড়ির তিনজন আক্রান্ত হন। তাঁরা বলেছেন, এবার মশা কম। সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, গণমাধ্যম, স্টার্ট ফান্ড, সিপ স্বেচ্ছাসেবক—সবাই কাজ করছে। তার একটা প্রভাব আসলে পড়তে শুরু করেছে।

আমরা যারা সাধারণ মানুষ, তাদের কী দায়িত্ব? সিটি করপোরেশন তো প্রত্যেকের ঘরে ঢুকে কাজ করতে পারবে না। প্রত্যেকে তাঁর নিজের বাড়ির ছাদ, চারপাশ ভালোভাবে পরিষ্কার রাখতে পারেন। কিন্তু যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, সে ক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটেদের সচেতন হতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, দিনের পর দিন ময়লা ফেলতে ফেলতে ছাদ, কার্নিশসহ বাড়ির চারপাশে অনেক ময়লা জমে আছে। সেখানে এডিস মশা জন্ম নিচ্ছে। দিন শেষে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

আমরা প্রায় সব সময় মনে করি সব সমস্যা সিটি করপোরেশনের। সব সমস্যা সরকারের। আমি রাস্তাঘাট ময়লা করি। আবার আমি বলি নোংরা। সিটি করপোরেশন কতক্ষণ পরিষ্কার করবে। আমি যদি রাস্তায় ময়লা না ফেলি, তাহলে রাস্তা ময়লা হচ্ছে না। বাড়ির চারপাশ ময়লা না করলে পানি জমছে না। নগরজীবনের অধিকাংশ মানুষ গৃহকর্মী ও কেয়ারটেকারদের ওপর নির্ভরশীল। তাঁরা হয়তো চিপসের প্যাকেট, ভাঙা কোনো জিনিস, পানির বোতল যেখানে–সেখানে ফেলে দিচ্ছেন। সেখানে মশার জন্ম হয়ে তাঁদেরই কামড়াচ্ছে। নগরে যাঁরা গৃহকর্মী, কেয়ারটেকার বা মালি আছেন, তাঁদের জন্য বিশেষ কর্মশালা নেওয়া প্রয়োজন বলে মনে করি। আমরা যাঁরা এই নগরে বাস করছি, তাঁদের সরাসরি দায়িত্ব নিতে হবে। সবকিছু সরকার বা সিটি করপোরেশন করবে, এমন ভাবলে চলবে না।

কাজী জহিরুল ইসলাম মানিক
কাজী জহিরুল ইসলাম মানিক

কাজী জহিরুল ইসলাম মানিক
আমি আমার ৩ নম্বর ওয়ার্ডে চিরুনি অভিযান দ্বিতীয় দফা শেষ করেছি। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—এই তিন মাসও চিরুনি অভিযান চালাতে হবে। আমাদের ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১০ জন মশা নিধনকর্মী ছিলেন। ৫০ জনকে ১০টি গ্রুপে ভাগ করেছি। প্রতিটি গ্রুপ প্রতিদিন কমপক্ষে ৫০টি বাড়িতে যাবে। যেখানে লার্ভা আছে, সেটা ধ্বংস করবে। প্রতিদিন ৪০০ বাড়ি ও আশপাশের লার্ভা ধ্বংস করেছি। এখন হোটেল, দোকানে ওয়ান টাইম গ্লাস বেশি ব্যবহার করা হয়। আমরা ৪০০টি দোকানে ময়লা ফেলার বিন দিয়েছি।

আমার ওয়ার্ডে ৯ হাজার ২৭০টির বেশি বাড়ি আছে। লেন আছে ২২২টি। প্রতিটি লেনে ১৮ থেকে ২০টি ঘর আছে। ১৩টি বস্তি আছে। ক্যাম্প আছে ১৭টি। আমার লক্ষ্য ছিল প্রতিদিন ৫০০ বাড়িতে লার্ভিসাইট মারব। আমরা আশা করব, নির্মাণাধীন বাড়িতে যেন স্বচ্ছ পানি না জমে। এ ব্যাপারে তাঁরা নিশ্চিতভাবে দায়িত্ববান হবেন বলে আশা করি। ওয়াসার নতুন মিটারে বছরের পর বছর পানি জমে থাকে। আমার ওয়ার্ডে মিটারে জমে থাকা পানি পরিষ্কার করতে পেরেছি। এসব কাজে আমার ওয়ার্ডবাসী সহযোগিতা করেছেন। আমার ওয়ার্ডে ৫০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন। আমরা সিপের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারি, তাহলে আরও বেশি সফল হব। মাননীয় মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডেই যদি এভাবে কাজ হয়, তাহলে আমি বিশ্বাস করি, ডেঙ্গু ও এডিস মশা থেকে মুক্তি পাব।

আফসানা আলমগীর খান
আফসানা আলমগীর খান

আফসানা আলমগীর খান
সিটি করপোরেশনের সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা টিম হিসেবে কাজ করি। ডেঙ্গু শুধু যে ঢাকায় বিস্তার লাভ করে, তা নয়। আমরা জিানি, ২০১৯ সালে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় সমান মাত্রায় ডেঙ্গু ছিল। তাই শুধু ঢাকার ডেঙ্গু নিয়ে চিন্তা করলে হবে না, সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে।

৬৪টি জেলার সিভিল সার্জনদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা একটি কর্মপরিকল্পনা করেছি। এ বছরের এপ্রিলে ১৯ জন ডেঙ্গু রোগী পেয়েছি। ২০১৯ সালের এপ্রিলে যা ছিল ৫৮ জন। গত বছর আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৫২ হাজার ৬৩৬ জন, জুলাইয়ে ছিল ১৬ হাজার ২৫৩ জন। ২০২০ সালে জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্র ৩৩৫ জন। এতে অবশ্য আমাদের আসলে খুশি হওয়ার সুযোগ নেই। কোভিড পরিস্থিতির জন্য আমরা রোগী শনাক্ত করতে পারিনি বলে আমরা মনে করি।

গত বছর ডেঙ্গুতে আমাদের প্রস্তুতি কম ছিল, এবার সেটা নেই। এবার আগেভাগেই উপজেলা পর্যন্ত কিট দিয়েছি। প্রায় ৩৬ হাজার স্বাস্থ্যকর্মীকে কোভিড ও ডেঙ্গুর একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৮ সালের গাইডলাইন রিভাইস করেছি। এ গাইডলাইনে ডেঙ্গুর সঙ্গে কোভিড–১৯ ও গাইনিসংক্রান্ত বিষয়গুলো এসেছে।

আমরা মৌসুমের আগে, মৌসুমের সময় ও মৌসুমের পর জরিপ করি। মৌসুমের আগের জরিপ হয়েছে। মৌসুমের জরিপ আমরা ১৯ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত করব। মৌসুমের পরের জরিপটি হবে ডিসেম্বরে। মৌসুমের জরিপটি সবাইকে জানানো হবে।

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনে অবহিতকরণ সভা করেছি। ৩০টি পৌরসভার মেয়রদের নিয়ে এ বছরের জানুয়ারিতে অবহিতকরণ সভা করেছি। আমরা এটুআইয়ের সহযোগিতায় একটি অ্যাপ করেছি। বহুতল ভবন ও নির্মাণাধীন ভবনে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে। ডেঙ্গুর জন্য আলাদা হাসপাতাল করার পরিকল্পলা আমাদের আছে। গত বছর আমরা ডেঙ্গুকর্নার করেছিলাম। এবারও সিভিল সার্জনদের এটি করার জন্য জানিয়েছি। একজন চিকিৎসক, একজন নার্স, স্বাস্থ্যকর্মীসহ একটা দল প্রস্তুত রাখার জন্য বলেছি। জ্বরের ম্যানেজমেন্ট করতে বলেছি। এর কোনো ব্যত্যয় দেখলে আপনারা আমাদের জানাবেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ৩৯ বিসিএসের চিকিৎসকদের ডেঙ্গু ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দিয়েছি। পরিশেষে বলতে চাই, সবাই সমন্বিতভাবে কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারব।

সৈয়দ আবদুল হামিদ
সৈয়দ আবদুল হামিদ

সৈয়দ আবদুল হামিদ
গত বছর ডেঙ্গুর প্রকোপ খুব বেশি ছিল। ডেঙ্গুর অর্থনৈতিক চাপ নিয়ে আমাদের একটি গবেষণা আছে। রোগীর যাতাযাত, আয় ব্যাহত হওয়া ও যাঁদের মৃত্যু হয়েছে, এর যে অর্থনৈতিক ক্ষতি, সেটা আমরা বের করেছি। আমাদের হিসাবে ডেঙ্গুর অর্থনৈতিক ক্ষতি ছিল প্রায় ৫০০ কোটি টাকা। এর বাইরে সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মানুষ যে মশা মারার উপকরণ ব্যবহার করেছে, তার হিসাব আমরা বের করতে পারিনি।

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা—এই তিন ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে দুই ধরনের ব্যবস্থা নিতে হবে। একটা হলো প্রো–অ্যাকটিভ পদ্ধতি, আরেকটা হলো রিঅ্যাকটিভ পদ্ধতি। সচেতনতার জন্য সবচেয়ে বেশি কাজ করতে হবে। কোন মাধ্যমে সচেতন করবেন, সেটা ঠিক করতে হবে। আমরা কিন্তু সহজে সচেতন হই না। কিন্তু শিশুরা যদি বড়দের কিছু বলে বা একটু লজ্জা দেয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা করি। ডেঙ্গুর প্রকোপের মাত্রার ভিত্তিতে জোন করে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়ে দিতে হবে। যাঁদের বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে, তাঁদের শাস্তি ও তদারকের ব্যবস্থা জোরদার করতে হবে।

প্রায় সব ধরনের কীটনাশক বাজারে পাওয়া যায়। কিন্তু মশারটা পাওয়া যায় না। কেউ যদি ব্যক্তিগতভাবে ছিটাতে চান, তিনি কিন্তু পারছেন না। এটা কেন বাজারে পাওয়া যাবে না, জানি না। আমাদের কেন ডেঙ্গুর ওষুধ আমদানি করতে হয়, জানি না। দেশে অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাদের বলা উচিত, এটি উৎপাদন করতে। আমাদের অনেক বেশি কীটতত্ত্ববিদ তৈরি করতে হবে। তাঁদের আরও বেশি করে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এটা সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে করতে হবে। আমাদের একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন একটি টাস্কফোর্স। ডেঙ্গুর কার্যকর ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

মো. আতিকুল ইসলাম
মো. আতিকুল ইসলাম

মো. আতিকুল ইসলাম
প্রথমবার আমি মাত্র ৯ মাস মেয়র ছিলাম। তখন ডেঙ্গু ছিল। অনেকে মারা গিয়েছিলেন। সে সময় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছি। একই সঙ্গে অত্যন্ত গুরুত্ব নিয়ে বুঝতে চেষ্টা করেছি কেন এত মানুষ মারা গেলেন। তখন বেশ কিছু বিষয় সামনে এসেছে। সিটি করপোরেশনে কোনো কীটতত্ত্ববিদ ছিল না। এডিস মশা বাসাবাড়ির স্বচ্ছ পানিতে হয়। সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিলাম। এটা করতে গিয়ে বুঝলাম যে সচেতনতাই সবচেয়ে বড় কাজ।

ভিডিও কলে কলকাতার মেয়রের সঙ্গে কথা বললাম। তাঁদের অভিজ্ঞতা হলো, শুধু ডেঙ্গু জন্ম নেওয়ার সময় কাজ করলে হবে না, সারা বছর কাজ করতে হবে। আমাদের একটা বড় অভিজ্ঞতা হলো। ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কাজ করার জন্য একটা পরিকল্পনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই প্রথমবারের মতো সিটি করপোরেশন, সামাজিক বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের অংশগ্রহণে সমন্বিতভাবে কাজ করছি।

স্থানীয় সরকারমন্ত্রী, রাজউক, ওয়াসাসহ আমরা খাল পরিদর্শনে যাই। খালগুলোয় কচুরিপানাসহ বিভিন্ন ময়লায় ভর্তি। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বর্জ্য কর্মকর্তা, কাউন্সিলররা সবাই মিলে কোভিডের মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে মশা নিধন শুরু করলাম। ২০২০ সালের ১৩ মে সিটি করপোরেশনে পুনরায় নির্বাচিত হয়ে ১৫ মে থেকে মশা নিধনে চিরুনি অভিযান শুরু করেছি। এ পর্যন্ত চিরুনি অভিযান অত্যন্ত সফল হয়েছে।

কলকাতায় ২০০৮ সালে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল, ২০১৯ সালে তারা নিয়ন্ত্রণে এনেছে। তাদের সময় লেগেছে ১১ বছর। আমরা এর অনেক আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব বলে আশা করি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি মাতৃসদন ও ৩৫টি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট দিয়েছি। এখানে ২১৬ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ জনের ডেঙ্গু ধরা পড়েছে। এ পরীক্ষার জন্য কারও টাকা লাগবে না। আগে এসব উদ্যোগ ছিল না। সঠিক ওষুধ না দেওয়ায় কীটনাশকের ক্ষেত্রে একটি কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করেছি। বাজারে যথেষ্ট ব্লিচিং পাউডার পাওয়া যায়। এর সঙ্গে পানি মিশিয়ে আমরা জীবাণুনাশক তৈরি করছি। এটা ছিটানো হচ্ছে। কেন আমরা কয়েল ও স্প্রের ওপর নির্ভর করে বসে আছি। ডেঙ্গুর জন্য কেন ওষুধ পাওয়া যাবে না, এটা আমার বড় প্রশ্ন। শর্ষের দানার মতো একধরনের ওষুধ ছাদে বাসাবাড়িতে রাখলে দুই মাস পর্যন্ত এডিস মশার জন্ম হবে না। পৃথিবীতে অনেক দেশেই এ ধরনের ওষুধ আছে। অচিরেই এটাও বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে আশা করছি।

হাইরাইজ ভবন, মেট্রোরেল প্রকল্প এলাকা, বিআরটিএ—এসব জায়গায় এডিস মশার জন্ম হচ্ছে। বারিধারার মতো অভিজাত এলাকার এক বাড়িতে কোটি কোটি লার্ভা পাওয়া য়ায়। অনেকে বাড়ির ছাদ তালা দিয়ে রাখেন, সেখানে লার্ভা জন্ম নিচ্ছে। গত মেয়াদে কালশী খাল থেকে ৩৩টি জাজিম, ৮০ ট্রাক ডাবের খোসা উত্তোলন করে পরিষ্কার করেছি। কী নেই কালশী খালে? ফ্রিজ, টেলিভিশন, সাইকেল—সবই পাওয়া গেছে! এসব আমরা পরিষ্কার করেছি।

আমরা আরও আধুনিক ফগার মেশিন এনেছি। সিটি করপোরেশন থেকে সকাল-বিকেল ফগিং, চিরুনি অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। এই উদ্যোগ কে দেখবে? কে তদারক করবে? এই কাজ করবেন স্থানীয় জনসাধারণ, গণমান্য ব্যক্তি, চিকিৎসক, প্রকৌশলী, স্বেচ্ছাসেবক—সবাই। যাঁদের টাকায় মশার ওষুধ কেনা হয়, তারা অবশ্যই দেখবেন তাঁর অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কি না।

আমরা কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করব। তাহলে মশ­কনিধন, ডেঙ্গু প্রতিরোধসহ সব ক্ষেত্রে আমাদের সফলতা আসবে।

আকতার মাহমুদ
আকতার মাহমুদ

আকতার মাহমুদ
নির্মাণাধীন এলাকা থেকে সবচেয়ে বেশি সৃষ্টি হয় এডিস মশা। দেশে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ আছে। এ আইনে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বলা আছে। নকশা পাসের সময় রাজউকের নির্দেশনা থাকা উচিত কোনো সাইটে যেন এডিস মশা জন্মাতে না পারে। রাজউক থেকে এটি তদারকের ব্যবস্থা নিতে হবে। তারা এটি নিশ্চিত করবে। রাজউকের তদারক কর্মকর্তা কোনো সাইটে এডিস মশা পেলে শাস্তি ও জরিমানার ব্যবস্থা করবেন। শাস্তির ব্যবস্থা না থাকলে আইনের বাস্তবায়ন হবে না।

সিটি করপোরেশন এবার খুব ভালো কাজ করছে। নির্মাণাধীন সাইট থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দায়িত্ব নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করেন, তাহলে সিটি করপোরেশনের চাপ কমবে। গত বছর আমরা বলেছিলাম, ওয়ার্ড কাউন্সিলরের অফিসকে বেশি করে জনসম্পৃক্ত করতে হবে। একটা ওয়ার্ডে বাড়ি মালিক সমিতি, কল্যাণ সমিতি, সংস্কৃতিক, ক্রীড়াসহ অনেক ধরনের সংগঠন ও সমিতি থাকে। এদের কাজে লাগাতে হবে।

কোভিডের জন্য তেমন পরীক্ষা হয়নি বলে ডেঙ্গু রোগীর সংখ্যা কম মনে হচ্ছে। একটা গবেষণা করে দেখেছি, ড্রোন দিয়ে ছবি তুলে মাত্র দুই দিনে বিশাল এলাকার ডেঙ্গুপ্রজননের স্থান চিহ্নিত করা যায়। দেশব্যাপী ম্যাপিং ঠিক করতে হবে কোথায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, কোথায় কম। সে অনুযায়ী কার্যকর উদ্যোগ নিলে ভবিষ্যতে ডেঙ্গু মোকাবিলায় সফল হওয়া যাবে।

আতিক আহসান
আতিক আহসান

আতিক আহসান
গত বছর আগস্টে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। তখন আমরা কিছু কাজ করি। আমাদের কাজটা ছিল রোগীর তথ্য সংগ্রহ করা। বিশেষ করে রোগীরা কোন এলাকা থেকে এসেছেন, সেটা জানা। এই তথ্য দিয়ে আমরা একটা ম্যাপ করি। মূল ধারা থেকে মশার প্রজনন ও ঘনত্বের ওপর ভিত্তি করে ম্যাপিং হয়েছিল। রোগীরা কোন এলাকা থেকে বেশি এসেছেন এবং এডিস মশার পরিমাণ কোথায় বেশি, দুটি ম্যাপের মাধ্যমে মেলাতে চেষ্টা করলাম। আমরা দেখলাম যে হাসপাতালের আশপাশের রোগী বেশি।

কিন্তু যেখানে এডিস মশা বেশি, সেখানে যে রোগী বেশি, সেটা কিন্তু হয়নি। এটির একটি বাস্তবতা হলো এডিস মশা নিজে জীবাণু বহন করে না। কোনো ডেঙ্গু রোগীকে কামড়ে অন্য কাউকে কামড়ালে তাঁর ডেঙ্গু হবে।

আমাদের ধারণা হলো ৪০০ বর্গমিটারের মধ্যে সাত দিনে তিনজন ডেঙ্গু রোগী পেলে তাকে একটা ক্লাস্টার বলব। সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে মশা নিধন করতে হবে। সারা বছর ধরে মশা নিধনে একধরনের উদ্যোগ আছে। এর সঙ্গে রোগীর বিষয়টি সমন্বয় করতে হবে। আমরা এটি নিয়ে কাজ করছি।

মো. শওকত আলী
মো. শওকত আলী

মো. শওকত আলী
সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর, এনজিওসহ সবাই ভালো কাজ করছে। কিন্তু নাগরিক হিসেবে আমরা দেখব আমাকে মশায় কামড়ায় কি না। যদি মশা না কামড়ায়, ডেঙ্গুতে যদি আক্রান্ত না হই, কেবল তখনই বুঝব কাজ হচ্ছে। ডেঙ্গুর বিষয়টিকে দুভাবে দেখা যায়, একটা হলো মশকনিধন। আরেকটা চিকিৎসা। মশকনিধন কীটতত্ত্ববিদের বিষয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের কার্যক্রমে ইতিমধ্যে কীটতত্ত্ববিদ যুক্ত করেছে।

আমার জানামতে প্রতিটি সিটি করপোরেশনে একজন কীটতত্ত্ববিদের পদ আছে। জাতীয় পর্যায় ভেক্টর (ভাইরাল ডিজিজ) ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। ঢাকা উত্তর, দক্ষিণসহ সমগ্র বাংলাদেশের ভেক্টর ব্যবস্থাপনার একটা গাইডলাইন থাকা জরুরি। সংশ্লিষ্ট সবাই এ গাইডলাইন অনুসরণ করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ড। দক্ষিণে ৭২টি। সিটি করপোরেশনের কর্মীরা এসব ওয়ার্ডে কাজ করছেন। জাইকার সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনা যেমন উন্নত করা হয়েছে, তেমনি জাতীয় গাইডলাইনের আলোকে ভেক্টর ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে। প্রতিটি হাসপাতালে কোভিড, ডেঙ্গুসহ এ ধরনের চিকিৎসাসুবিধা থাকা প্রয়োজন। এসব বিষয়ে গবেষণারও প্রয়োজন।

রাবেয়া সুলতানা
রাবেয়া সুলতানা

রাবেয়া সুলতানা
মাননীয় মেয়রসহ প্রায় সবাই বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কাজ শুধু জুন-জুলাই মাসে করলে হবে না। বছরব্যাপী এ লক্ষ্যে কাজ করতে হবে। স্টার্ট ফান্ড বাংলাদেশের লক্ষ্য হলো আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে দ্রুত জীবন রক্ষা করা। স্টার্ট ফান্ডের তিন মাসের এ প্রকল্পের মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের করণীয় শিখছি।

আজকের আলোচনায় বারবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিষটি এসেছে। কিন্তু আমাদের চিন্তা করতে হবে সারা বাংলাদেশ নিয়ে। ২০১৯ সালে দেখেছি ঢাকা থেকে খুলনা ও বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি ছিল। ঢাকা নিরাপদ হলেই সমগ্র বাংলাদেশ ডেঙ্গুমুক্ত হবে না। ডেঙ্গুর বিষয়টি পরিবেশ, সামাজিক ও নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু প্রতিরোধে সারা বছর কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্পের যেসব কাজ বছরের পর বছর ধরে চলছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এসব বড় প্রকল্পকে জরিমানা করতে হবে। এটা এখন সময়ের দাবি।

মাননীয় মেয়র অনেক সময় দিয়েছেন। ধৈর্য নিয়ে সবার কথা শুনেছেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রপ্তি। যেকোনো পরিকল্পনার জন্য প্রয়োজন তথ্য-উপাত্ত। এটি হচ্ছে সবচেয়ে একটি বড় জায়গা। ডেঙ্গু প্রতিরোধে সবার তথ্যের সমন্বয়টা খুব জরুরি।

ফিরোজ চৌধুরী

ডেঙ্গুমুক্ত করার কাজ শুধু সিটি করপোরেশন ও সরকারের একার নয়, সাধারণ নাগরিককেও সচেতন হতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে আমরা একটি ডেঙ্গুমুক্ত পরিবেশে বাস করতে পারব বলে আশা করা যায়। আজকের ভার্চ্যুয়াল গোলটেবিলে অংশ নেওয়ার জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।­