ডেমু ট্রেন সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেল, গত বছর চীন থেকে আমদানি করা মোট ২০ সেট ডেমু ট্রেনের ১৬ সেট এযাবৎ চালু করা হয়েছে, যার ছয়টির গন্তব্য কুমিল্লা৷ রেলওয়ের সূত্র উদ্ধৃত করে পত্রিকায় বলা হয়েছে, এর মধ্যে চার জোড়া ট্রেনের গন্তব্য যখন ঢাকা-আখাউড়া ও চট্টগ্রাম-লাকসাম ছিল, তখন যাত্রী ছিল বেশি৷ এগুলোর গন্তব্য কুমিল্লা পর্যন্ত করার পর যাত্রী কমতে শুরু করে, সেই সঙ্গে আয়ও৷ সংবাদে উল্লেখ করা হয়েছে, রেলমন্ত্রী ও রেলওয়ের তত্কালীন মহাপরিচালকের বাড়ি কুমিল্লায়৷ রাজনৈতিক ও আঞ্চলিক বিবেচনায় এসব ট্রেনের গন্তব্য কুমিল্লা পর্যন্ত বর্ধিত করার অভিযোগ ওঠে৷
একই বিবেচনায় কুমিল্লার কয়েকটি স্থানে ছয়টি আন্তনগর ও একটি মেইল ট্রেনের সাময়িক যাত্রাবিরতি যুক্ত করা হয়েছে৷ এতে চলাচলের সময় ও যাত্রী দুর্ভোগ বেড়েছে৷ অথচ ডেমু ট্রেনের ডিজাইন ও লক্ষ্য স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য; দূরপাল্লার ভ্রমণের উপযোগী তা নয়৷ তা সত্ত্বেও স্রেফ রাজনৈতিক ও ক্ষুদ্র আঞ্চলিকতার বিবেচনায় ক্ষমতা অপব্যবহার করে দূরত্ব বৃদ্ধি করায় রেলওয়েকে বেশি করে লোকসানের মুখে ঠেলে দেওয়া হয়েছে৷
অবশ্য অতীতেও বিভিন্ন সরকারের আমলে রেলমন্ত্রী কর্তৃক নিজ এলাকার সুবিধার্থে স্টপেজ সংখ্যা বৃদ্ধি, ট্রেনের সময়সূচি পরিবর্তন, ক্রীড়ামন্ত্রী কর্তৃক প্রয়োজন ও গুরুত্ব ছাড়াই নিজ এলাকায় নতুন স্টেডিয়াম নির্মাণ, বনমন্ত্রী কর্তৃক কোনো বাছবিচার ছাড়াই সংশ্লিষ্ট যাবতীয় প্রকল্প নিজ এলাকায় সন্নিবেশ করা ইত্যাদি ঘটেছে৷ অথচ মন্ত্রীর পদ ও পদমর্যাদা অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ৷
এসব পদে যঁারা অভিষিক্ত হন, তঁারা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ বা আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে দেশ ও দশের বৃহত্তর স্বার্থে নিজ নিজ মন্ত্রণালয়ের সব সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সদা সচেষ্ট থাকবেন—এমনটিই দেশবাসীর প্রত্যাশা৷
শহীদ আযম
উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা৷