ঢাকা নগরের জন্য দরকার সুপার অথরিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান (২০০৭-২০১১) অধ্যাপক নজরুল ইসলাম নগরবিশেষজ্ঞ হিসেবেও সমধিক পরিচিত। এর আগে তিনি দীর্ঘ সময় (১৯৬৩-২০০৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। ঢাকা নিয়ে তাঁর গবেষণা ও লেখালেখির শুরু ১৯৬১ সাল থেকে। ঢাকার ওপর ইংরেজিতে তাঁর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ রয়েছে। নগর গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবে বর্তমানে তিনি এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডেও তিনি ঘনিষ্ঠভাবে জড়িত।
সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া

নজরুল ইসলাম
নজরুল ইসলাম

প্রথম আলো  বিশ্বের বসবাসের অনুপযোগী শহরের তালিকায় আবারও ঢাকা একেবারে নিচের দিকে। ১৪০টি শহরের মধ্যে ঢাকার স্থান ১৩৯। বিশ্বের সবচেয়ে খারাপ শহর সিরিয়ার দামেস্ক আর তার পরই ঢাকা। দামেস্কে গৃহযুদ্ধ চলছে, কিন্তু ঢাকা কেন এত খারাপ শহর হিসেবে বিবেচিত হলো?
নজরুল ইসলাম  আমরা জানি যে প্রতিবছর এ ধরনের একটি সমীক্ষা হয়ে থাকে। বিশ্বের ১৪০টি শহর বিবেচনায় নিয়ে এটা করা হয়েছে। সব শহর যে বিভিন্ন দেশের রাজধানী তা-ও নয়, শহর হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগেরবার ঢাকা ১৪০টি শহরের মধ্যে সর্বশেষ হয়েছিল, এবার ১৩৯তম হয়েছে। দামেস্ক কেন পিছিয়ে গেল, তা আমরা জানি। পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে এই সমীক্ষাটি করা হয়। এগুলো হচ্ছে: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। প্রতিটির জন্য আলাদা নম্বর রয়েছে। দেখা যাচ্ছে, সব নম্বর মিলিয়ে বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে মাত্র ৩৮ দশমিক ৭। সবচেয়ে নিচের দিকে যে শহরগুলো রয়েছে, সেগুলোর মধ্যে ব্যবধান খুবই কম। আবার একদম ওপরের দিকে যে শহরগুলো রয়েছে, সেগুলোর মধ্যেও ব্যবধান কম। বিবেচিত পাঁচটি বিষয়ের মধ্যে সব মিলিয়ে গড়ে ঢাকা পিছিয়ে পড়েছে।
প্রথম আলো  পাঁচটি বিষয়ের মধ্যে কোন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ বলে আপনি মনে করেন?
নজরুল ইসলাম  পাঁচটি বিষয়ে যে আলাদা নম্বর দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ঢাকা সবচেয়ে কম নম্বর পেয়েছে অবকাঠামো ক্ষেত্রে। ১০০ নম্বরের মধ্যে ঢাকা অবকাঠামো ক্ষেত্রে পেয়েছে মাত্র ২৬ দশমিক ৮। আসলে অবকাঠামো সমস্যাই ঢাকার দৃশ্যমান বড় সমস্যা। আমার ধারণা, মূলত পরিবহন, রাস্তাঘাট, পানি ও বিদ্যুতের সমস্যা, পয়োনিষ্কাশন ও জ্বালানি—এসব অবকাঠামো সমস্যাই ঢাকাকে পিছিয়ে দিয়েছে। সচলতাই হচ্ছে যেকোনো শহরের চালিকাশক্তি। এ ক্ষেত্রে আমাদের অবস্থা খুবই খারাপ। যানজটে ঘণ্টার পর ঘণ্টা যেমন আটকে থাকতে হয়, তেমনি যানবাহনের প্রাপ্যতার সমস্যাও প্রবল। প্রয়োজনের তুলনায় রাস্তাঘাটের পরিমাণ কম, আবার ব্যবস্থাপনার সমস্যার কারণে যা আছে, তারও পর্যাপ্ত ব্যবহার করা যায় না। সব মিলিয়ে পরিবহনের সমস্যাটিই সবচেয়ে গুরুতর।
প্রথম আলো  ঢাকার পরিবহনব্যবস্থার ক্ষেত্রে মূল সমস্যার দিকটি কী?
নজরুল ইসলাম  ঢাকা শহরের পরিবহনব্যবস্থা গড়ে উঠেছে মূলত সড়কের ওপর ভিত্তি করে। কোনো বড় শহর এ ধরনের একটি পরিবহনব্যবস্থার ওপর নির্ভর করে চলতে পারে না। ঢাকা শহরের আশপাশের এলাকাগুলো থেকে অসংখ্য লোক প্রতিদিন ঢাকায় আসে আবার ফিরে যায়। বিশ্বের সব বড় শহরে এ ধরনের ট্রেন সার্ভিস রয়েছে। অথচ কমিউটার ধরনের ট্রেন সার্ভিস বলে তেমন কিছু ঢাকায় নেই। এখন সম্ভবত নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের সঙ্গে এ ধরনের দু-একটি ট্রেন চালু আছে, যা খুবই অপ্রতুল। অথচ শহরের জন্য পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর শক্তি হচ্ছে ট্রেন।
প্রথম আলো  ঢাকার আশপাশের এলাকা থেকে আসার জন্য কমিউটার ট্রেনের কথা বললেন, কিন্তু ঢাকার ভেতরে চলাচলও তো সড়কনির্ভর।
নজরুল ইসলাম  সড়কনির্ভরতাই ঢাকার পরিবহন ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। কোটির ওপর লোকসংখ্যা যে শহরে, সেখানে মেট্রোরেল নেই, এটা সত্যিই অবিশ্বাস্য। এই জনসংখ্যার কোনো শহর মেট্রোরেল ছাড়া চলতে পারে না। মাটির নিচ বা ওপর—যেখান দিয়েই হোক, এ ধরনের ট্রেন সার্ভিসের কোনো বিকল্প নেই।
প্রথম আলো  বর্তমান সড়কভিত্তিক যে পরিবহনব্যবস্থা, এটার সমস্যাগুলো কী?
নজরুল ইসলাম  ঢাকায় নানা ধরনের যানবাহন আছে। শহরটি অনেকটা প্রাইভেট গাড়িনির্ভর। তবে প্রচুর বাসও চলে। পরিবহনের ক্ষেত্রে যেটা দেখতে হয় তা হচ্ছে, কোনো স্থান থেকে অন্য স্থানে কতটা স্বল্প সময়ে পৌঁছা যায়। আমরা সবাই অফিস, কর্মস্থল বা আমাদের গন্তব্যে স্বল্প সময়ে পৌঁছতে চাই। আর ব্যয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যাতায়াতের জন্য যে অর্থ ব্যয় করতে হয়, তা সাধারণ মানুষের আয় ও সামর্থ্যের সঙ্গে সংগতিপূর্ণ কি না। আর যা দেখার বিষয় তা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য। এই তিনটি ক্ষেত্রেই ঢাকার পরিবহনব্যবস্থার দশা নাজুক। যানজটের কারণে এখানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক সময় লাগে, পরিবহন-ব্যয় অনেক বেশি এবং যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ নয়।
প্রথম আলো  ঢাকার পরিবহনের ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনা—দুটি দিকেই তো সমস্যা রয়েছে?
নজরুল ইসলাম  পরিকল্পনার ক্ষেত্রে তো অবশ্যই বড় সমস্যা রয়েছে। কারণ, ঢাকার মতো একটি বড় শহরের পরিবহনব্যবস্থা কেমন হবে, তা নিয়ে যদি কার্যকর চিন্তাভাবনা থাকত, তবে পরিস্থিতি এই পর্যায়ে এসে ঠেকত না। আর বিভিন্ন সময়ে নানা পরিকল্পনা নেওয়া হলেও দেখা গেছে, তা বাস্তবায়িত হয়নি। ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে সমস্যার শেষ নেই। রাস্তাঘাটের অবস্থা যেমন ভালো নয়, তেমনি এর রক্ষণাবেক্ষণও যথাযথ হয় না। রাস্তা-ফুটপাত দখলের কারণে যান চলাচলে বড় সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে সরকারের আর্থিক সামর্থ্যের ব্যাপার রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দুর্নীতির কারণে সব ভেস্তে যায়। যেমন একটি রাস্তা বানানোর জন্য সরকার অর্থ বরাদ্দ করল, দুর্নীতির কারণে যদি তা মানসম্মত না হয়, তবে কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে। যাঁদের দায়িত্ব রক্ষণাবেক্ষণ করা, তাঁরা যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে যথাযথ রক্ষণাবেক্ষণ হবে না। রাস্তা দখল, ফুটপাত দখল—এসবের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে। সামগ্রিকভাবে বললে সুশাসনের অভাব পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে এসেছে।
প্রথম আলো  পরিবহন ছাড়া অন্য কোন দিকগুলোর অবকাঠামোগত অবস্থা ঢাকায় খুবই নাজুক বলে মনে করেন?
নজরুল ইসলাম  একটি শহর বাসযোগ্য হওয়ার ক্ষেত্রে পয়োনিষ্কাশনব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুৎ ও জ্বালানি—এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বা পয়োনিষ্কাশনব্যবস্থার ক্ষেত্রে ঢাকা অনেক পিছিয়ে। ঢাকা শহরের মোট জনসংখ্যার মাত্র শতকরা ৩০ ভাগ বর্তমানে পয়োনিষ্কাশন-সুবিধা ভোগ করে। রয়েছে সুপেয় পানির সমস্যা। ওয়াসা বর্তমানে ঢাকার পানির চাহিদার প্রায় শতকরা ৯০ ভাগ সরবরাহ করে। পরিমাণগত দিক দিয়ে এটা সহনীয়, কিন্তু ওয়াসা যে পানি সরবরাহ করে, তা সরাসরি পানযোগ্য নয়। ফুটিয়ে বা অন্য কোনো উপায়ে বিশুদ্ধ করে আমরা তা পান করি। অবকাঠামোগত আরেকটি মৌলিক দিক হচ্ছে বিদ্যুৎ।
এ ক্ষেত্রে আগের চেয়ে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের এই উদ্যোগ অনেক ক্ষেত্রেই হয়তো স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি কিছু এখনো করা সম্ভব হয়নি। তবে এর পরও বিদ্যুৎ পরিস্থিতি এখন আমাদের মানের যেকোনো শহরের তুলনায় অনেক ভালো। পাকিস্তানের বিভিন্ন শহরে তো এখন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। জনগণের আয় ও সামর্থ্যের সঙ্গে মেলালে হয়তো বিদ্যুতের দাম বেশি, কিন্তু অন্য সব বিবেচনাতেই বিদ্যুতের দাম আমাদের দেশে কম।
প্রথম আলো  যে শহরগুলো সবচেয়ে বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলোর লোকসংখ্যা বা জনঘনত্ব খুবই কম। এত লোক কি ঢাকা শহরের জন্য বড় চাপ নয়?
নজরুল ইসলাম  এত জনঘনত্বের একটি শহরে নাগরিকদের সেবা দেওয়া খুবই কঠিন কাজ। দেশের জনসংখ্যা বৃদ্ধির চাপটি ঢাকাতেই বেশি পড়ে। কারণ, কর্মসংস্থানসহ নানা কারণে দরিদ্র জনগোষ্ঠী শহরে আসতেই থাকে। গত তিন বছরে দেশে দারিদ্র্যের হার কমলেও ঢাকায় কমেছে কি না সন্দেহ রয়েছে। অতিদরিদ্রদের ঢাকায় আসা বাড়ছে। আর সবচেয়ে বড় কথা, ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে যে উন্নয়ন-ব্যয়, তা প্রয়োজন ও চাহিদার তুলনায় খুবই কম, মানুষের সংখ্যা বিবেচনায়ও খুবই সামান্য। এর সঙ্গে রয়েছে দুর্নীতি। জনসংখ্যার কারণে জমি ও জায়গার স্বল্পতার কারণে পরিবেশের দিকে নজর দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই শহরটির জন্য যেসব জলাভূমি ও নিম্নাঞ্চল সংরক্ষণ করা উচিত ছিল, তা করা সম্ভব হচ্ছে না। স্বার্থান্বেষী মহল তা হতে দিচ্ছে না। বিশ্বের যেসব শহর সবচেয়ে বেশি বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলোর জনঘনত্ব খুবই কম। অন্যদিকে সেগুলো ধনী দেশগুলোর শহর। দুই দিক থেকেই আমরা পিছিয়ে। অধিক জনসংখ্যা ও জনসংখ্যার চাপ ঢাকা শহরের জন্য একটি বড় সমস্যাই বটে।
প্রথম আলো  তালিকায় এখনো পিছিয়ে থাকলেও যেসব শহর দ্রুত উন্নতি করছে, সেগুলোর মধ্যে ঢাকা রয়েছে। কোন দিকে এই উন্নতি হয়েছে?
নজরুল ইসলাম  অবকাঠামো ক্ষেত্রে বিশ্বের উন্নত শহরগুলোর তুলনায় ঢাকা অনেক পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে এ ক্ষেত্রে কিছু কাজ হয়েছে এবং হচ্ছে। কিছু ফ্লাইওভার হয়েছে, ধানমন্ডি লেক সংরক্ষণ করা হয়েছে, হাতিরঝিলের মতো একটি প্রকল্প চালু হয়েছে। এতে পরিবেশের উন্নতি, জলাধার সংরক্ষণ এসব কাজ হবে। পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগের ক্ষেত্রে কিছু উন্নতি হয়েছে। বায়ুদূষণ রোধেও আগের চেয়ে পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে। মান খারাপ হলেও ঢাকায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন এই সংখ্যা প্রায় ৫০টি। বিদেশি বিশ্ববিদ্যালয়ও ঢাকায় শাখা খুলতে চাইছে। এগুলো সবই ইতিবাচক দিক।
প্রথম আলো  ঢাকা শহরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু কোনো মেয়র নেই, নেই কাউন্সিলর। ঢাকার মতো একটি শহর কি এভাবে চলতে পারে?
নজরুল ইসলাম  ঢাকার বড় সমস্যা এখানেই। ঢাকায় বিভিন্ন কাজে যুক্ত রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে সমন্বয়ের জন্য একটি সুপার কো-অর্ডিনেটর থাকা প্রয়োজন। ঢাকা এখন দুই ভাগে বিভক্ত। সুতরাং দুই মেয়রকে নিয়ে সময় নির্দিষ্ট করে পালাক্রমে একজনকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। অথবা এর বাইরেও একজন হতে পারেন। কিন্তু তাঁর হাতে ক্ষমতা থাকতে হবে, ভিশন থাকতে হবে। একজন জ্যেষ্ঠ মন্ত্রীকেও এই দায়িত্ব দেওয়া যায়। মানে মেট্রোপলিটন সরকার ধরনের একটি সুপার অথরিটি করতে না পারলে এই শহর পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।
নজরুল ইসলাম  প্রথম আলোকেও ধন্যবাদ।