ঢাকা মহানগরে বায়ুদূষণ ও শিশুস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ সেপ্টেম্বর ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘ঢাকা মহানগরে বায়ুদূষণ ও শিশুস্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।

গোলটেবিল বৈঠকে বক্তারা
গোলটেবিল বৈঠকে বক্তারা

যাঁরা অংশ নিলেন
আইনুন নিশাত : উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
নজরুল ইসলাম : নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান
মো. নাসির উদ্দিন : যুগ্ম সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়
মো. শাহজাহান : অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর
ডমিনিক পিউরিফিকেশন : ডাইরেক্টর অপারেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
এম এ মতিন : সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন
ইকবাল হাবিব : যুগ্ম সম্পাদক, (বাপা), সদস্যসচিব নগরায়ণ ও সুশাসন কমিটি এবং স্থপতি
বনিফেস রোজারিও : ডিভিশনাল ডাইরেক্টর
মুসা ইব্রাহীম : বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী
মো. আফজালুর রহমান : প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি করপোরেশন
খন্দকার এনায়েত উল্যাহ: চেয়ারম্যান, ঢাকা মহানগর বাস মালিক সমিতি
শরিফুজ্জামান : সাধারণ সম্পাদক, নাগরিক সংহতি
শুভলতা আকতার : চেয়ারম্যান, উদ্ভাস শিশু ফোরাম
বেলাল হোসেইন : সদস্য, গ্রিন স্কুল মুভমেন্ট
আলেমা আকতার : সদস্য, গ্রিন স্কুল মুভমেন্ট
সঞ্চালক
আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো

আলোচনা
আব্দুল কাইয়ুম: ঢাকা মহানগরের শিশুদের স্বাস্থ্য নিয়ে সবাই চিন্তা করি। এখন আগের মতো কালো ধোঁয়া নেই। কিন্তু রাস্তার পুরোনো গাড়ি, ইটভাটার কালো ধোঁয়া, নিম্নমানের ডিজেলের ব্যবহার, শহরের বস্তিগুলোতে কেরোসিনের চুলা ইত্যাদির মাধ্যমে প্রায় সর্বক্ষণ বায়ু দূষণ হচ্ছে। বায়ুদূষণের এসব কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিনিয়ত শিশুরা অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এখন এ বিষয়ে আলোচনা করবেন আইনুন নিশাত।
আইনুন নিশাত: বায়ুদূষণের একটা বড় কারণ ইটের ভাটা। ভাটার চিমনি উঁচু করা হয়েছে। কিন্তু তাতে বায়ুদূষণ কমেনি। চিমনি উঁচু করার ফলে দূষিত বায়ু কিছুটা দূরে পড়ছে। এ ব্যবস্থা বন্ধ করা কঠিন। কারণ, এর সঙ্গে রয়েছে একধরনের রাজনৈতিক শক্তি। এখন সময় এসেছে ইটের জন্য বিকল্প পদ্ধতির কথা ভাবা। এরপর আসে পরিবহনব্যবস্থা। পরিবহনের মধ্যে বাস ও ট্রাক বেশি বায়ুদূষণ করে। ট্রাকে পণ্য বোঝাইয়ের একটা পরিমাণ থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরিমাণের অনেক বেশি মালামাল বোঝাই করা হয়। অতিরিক্ত মালামাল বোঝাইয়ের জন্য কারও সাজা হতে দেখিনি। অতিরিক্ত মাল নামিয়ে রাখার মতো ঘটনা দেখিনি। এমনকি যেখানে ওজন মাপা হয়, সেখানো কোনো গুদামঘর নেই। গণপরিবহনের একই অবস্থা। নির্দিষ্ট সংখ্যার বেশি মানুষ তোলা হয়। কোনো পরিবহন অতিরিক্ত ওজন বহন করলে সেটা থেকে কালো ধোঁয়া বের হয়। রান্নাঘরগুলো বায়ুদূষণের একটা বড় কারণ। রান্নাঘরে ভেজা, অল্প শুকনা বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়। এর থেকে পর্যাপ্ত ধোঁয়া নির্গত হয়। আজকে বুড়িগঙ্গার পানির কাছে যাওয়া যায় না। এটা ভয়ানক মাত্রায় বিষাক্ত। নিঃশ্বাস নিতে গেলে নাক জ্বলে। আমি বিজ্ঞানী নয়। তাই বুঝি না যে কী আছে এ পানিতে। এসব বিষয়ে আমাদের এখনই উদ্যোগ নিতে হবে।
ডমিনিক পিউরিফিকেশন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের নিয়ে কাজ করে। এখন আমরা এক লাখ ৯৫ হাজার শিশু ও প্রায় পাঁচ লাখ পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশের বায়ুদূষণ শিশুদের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। ওয়ার্ল্ড ভিশন শিশুদের মধ্যে সচেতনতার উদ্যোগ নিয়েছে। সরকারি ও বেসরকারিভাবে যেখান থেকে বায়ুদূষণের সৃষ্টি হয়, তাদের সচেতন হওয়া দরকার এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বর্জ্য ব্যবস্থাপনার নীতি না মানলে শাস্তির বিধান আছে। তবে এ শাস্তি খুব হালকা। এ জন্য কেউ এ নীতি মানছে না। কিন্তু বায়ুদূষণের কারণে শিশুরা অ্যাজমা থেকে শুরু করে মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। ভবিষ্য ৎ উন্নতি ও সমৃদ্ধির জন্য আজকের শিশুর জন্য নিরাপদ বাসযোগ্য স্থান দিতে হবে। তা না হলে শিশুদের ভবিষ্য ৎ অনিশ্চিত হবে।
নজরুল ইসলাম: ধানমন্ডির একটা ছয়তলা ভবনে থাকি। কিন্তু ছয়তলায়ও প্রচুর ধুলা। সিটি করপোরেশনের লোকজন রাস্তার পাশে ময়লা জমা করে। ময়লার গাড়ি ঠিক সময়ে আসে না। ফলে ময়লা আবার সব জায়গায় ছড়িয়ে যায় এবং বায়ুদূষণের সৃষ্টি হয়। কেবল বায়ুদূষণ নয়, প্রচণ্ড রকমের শব্দদূষণেও আমরা আক্রান্ত। বাসায় দুই বছরের একটি শিশু আছে। তাকে কীভাবে এসব থেকে রক্ষা করব। এটি একটি দুশ্চিন্তার কারণ হয়েছে। যানবাহন, ইটের ভাটা, রাস্তার অসমাপ্ত কাজ ইত্যাদি কারণে বায়ুদূষণ হচ্ছে। আবার প্রকৃতিতে গাছপালা ও জলাশয়ের পরিমাণ কমে যাচ্ছে। ফলে দিন দিন ধুলার পরিমাণ বেড়ে যাচ্ছে। মহানগরে হাতিরঝিলসহ কিছু জায়গা খোলামেলা আছে। কিন্তু সেখানে বড় মানুষদের ভিড় থাকে। শিশুরা এসব জায়গায় বিনোদনের সুযোগ পায় না। গ্রাম এখনো কিছুটা খোলামেলা। বৃহত্তর ঢাকায় লোকসংখ্যা প্রায় দেড় কোটি। এই মহানগরে প্রায় ১০ লাখ যানবাহন আছে। কয়েক লাখ রিকশা আছে। রিকশা বায়ুদূষণ করে না। কিন্তু এত মানুষের পয়োনিষ্কাশন, বাসস্থান ইত্যাদির সমস্যা হয়। কোনো আদর্শ শহরের শতকরা ৩০ থেকে ৪০ ভাগ খোলা জায়গা থাকতে হয়। হংকং একটি অন্যতম জনবহুল শহর। তার পরও সেখানে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ খোলা জায়গা আছে। সবাই জানি, আমাদের শহরের অবস্থা কী? এখন সবাইকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

এম এ মতিন: বায়ুদূষণের অনেক কারণ আছে। প্রধান কারণ সিটি করপোরেশনের অব্যবস্থাপনা। কলেজে পড়ার সময় খুব ভোরে ঝাড়ু দিতে দেখতাম। এখন সকাল নয়টায় অফিসে যাওয়ার সময় ঝাড়ু দিতে দেখি। ধুলার মধ্য দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী ও অন্যদের পথে চলতে হয়। এভাবে ঝাড়ু দেওয়া খুবই খারাপ। রাস্তায় হাঁটার সময় মানুষের নাকে-মুখে ধুলা যায়। একটা সিটি করপোরেশনে পর্যাপ্ত ডাস্টবিন থাকবে না, এটি ভাবাও যায় না। দিনের বেলা ময়লার গাড়ি জ্যামে পড়ে অসহনীয় দুর্গন্ধ ছড়াতে থাকে। সিটি করপোরেশনের শহরের মানুষের প্রতি কোনো দায়বোধ আছে বলে মনে হয় না। থাকলে দিনের বেলায় ঝাড়ু দেওয়া, ময়লার গাড়ি চলা বন্ধ হতো। আমার বাসা ১২ তলায়। এখানেও প্রচুর ধুলা ও মশা। সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে গাড়ি জ্যামে পড়ে বেশি ধোঁয়া ছড়ায়। হাসপাতালের জীবাণুযুক্ত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জীবাণু ছড়ায়। ২০০০ সালের এক জরিপ থেকে দেখা যায়, ৭৪ শতাংশ মানুষ পরিবেশদূষণের জন্য অসুস্থ হয়। যে করেই হোক শহরকে বায়ুদূষণমুক্ত করতে হবে।

শুভলতা আকতার: আমাদের বাসস্থানের জায়গাটি ভীষণভাবে দূষিত। এর মধ্যে বায়ুদূষণের পরিমাণ সবচেয়ে বেশি। আমাদের এলাকায় কলকারখানা আছে। এ থেকে অনবরত কালো ধোঁয়া বের হয়। এ ধোঁয়া ভীষণভাবে পরিবেশকে দূষিত করছে। এ জন্য আমরা বিভিন্ন অসুখে ভুগছি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়। এ থেকেও বায়ুদূষণ হচ্ছে। আমাদের চারপাশের গাছপালা ছিল। এগুলো কাটা হয়েছে। এখানে ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণের কারণে প্রচণ্ড শব্দ হয়। নির্মাণসমাগ্রী থেকে নিয়মিত ধুলা-বালু উড়তে থাকে। ফলে সবদিক থেকে আমরা বায়ুদূষণে আক্রান্ত হচ্ছি। এলাকার প্রতিটি শিশু পরিবেশদূষণে ক্ষতির মুখে পড়ছে। আমাদের রক্ষা করার ব্যবস্থা করা হোক।

শরিফুজ্জামান: শিশুসহ সবাই বায়ুদূষণে আক্রান্ত। ঢাকা শহরে দেড় কোটি মানুষের বসবাস। আমার পরিবারের সদস্যাসংখ্যা পাঁচ। কিন্তু গণনায় আছি কি না জানি না। নির্বাচিত প্রতিনিধিরা নাগরিকদের কাছে দায়বদ্ধ। প্রশাসকেরা দায়বদ্ধ সরকারের কাছে। তাঁরা আমাদের কথা শুনবেন না। একসময় বাজেট সমনে রেখে জুন মাসের শেষের দিকে রাস্তা খোঁড়া হতো। এখন কোনো নিয়মনীতি নেই। রাজনৈতিক কর্মীদের যেকোনো সময় পাইপ বসানোর ডিলারশিপ দেওয়া হয়েছে। এ বিষয়গুলো সবার পক্ষ থেকে তোলা দরকার। ধূমপান নিয়ন্ত্রণে আইন করা হয়েছে। ইটভাটার জন্যও আছে। আরও অনেক আইন আছে। এসব আইন কি বাস্তবায়ন করা গেছে? তাই আইন থাকাটা কোনো সমাধান নয়; আইন বাস্তবায়ন করাই সমাধান। ২০০৯ সালে জাতিসংঘ একটি প্রতিবেদন তৈরি করেছিল। এ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা শহরে এক বছরে বায়ুদূষণের ফলে মৃতের সংখ্যা ১৫ হাজার। সমাজে প্রথম আলোর গ্রাহণযোগ্যতা ও প্রভাব ব্যাপক। রাস্তা ঝাড়ু দেওয়া বা ডাস্টবিন ঠিকমতো পরিষ্কার হচ্ছে কি না। এ নিয়ে ছয় মাস ফলোআপ করলে একটি পরিবর্তন আসতে পারে। আগে আমরা দেখতাম অসাধু নেতারা চাল-গম খান। এখন তাঁরা খাল-বিল, নদী-ডোবা সব খান।

মো. আফজালুর রহমান: আমি সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা। সিটি করপোরেশনের কাজ রাত থেকে শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে যানবাহন আছে ১৫০টি। এর মধ্যে ১২৮টি যানবাহন খোলা। এই খোলা যানবাহনে বর্জ্য বহনের ফলে তীব্র দুর্গন্ধ বায়ুকে দূষণ করে। নাগরিকদেরও দায়বদ্ধতা আছে। অনেকে ডাস্টবিনের মধ্যে ময়লা ঠিকমতো ফেলেন না। নাগরিকেরা এ ব্যাপারে সচেতন না হলে বায়ুদূষণ হতেই থাকবে। রাজনীতিকদেরও এসব বিষয়ে সচেতন হতে হবে। এ-সংক্রান্ত আইনের প্রয়োগ নেই। অর্থের অভাব রয়েছে। এখন উন্নত পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হয়েছে। এডিবি এ ক্ষেত্রে সহযোগিতা করছে। ভবিষ্যতে গন্ধ ছড়াবে না। খোলা ট্রাকও আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে। কিছু স্কুলে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী আছেন। প্রয়োজন ১০ হাজার। রাতে পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করে। সকাল বেলা দোকানদার তাঁর দোকানের সামনে ময়লা ফেলেন। এ ক্ষেত্রে নাগরিকদের ঠিকমতো দায়িত্ব পালন করতে হবে।

মুসা ইব্রাহীম: দেশে থাকার সময় অ্যাজমা ছিল। কিন্তু ২০০৬ সালে শীতের দেশ নেপালে যাওয়ার পর অ্যাজমার সমস্যা হলো না। বুঝলাম অ্যাজমার কারণ শীত নয়, কারণ ঢাকার বায়ুদূষণ ও ধুলা-বালু। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ছেলেটিরও অ্যাজমা। অনেক বিষয়ের মতো বায়ুদূষণেও ঢাকা শহর বিশ্বে ১ নম্বর। সত্যিকার অর্থে কী পরিমাণ গাছ, জলাশয়, ফাঁকা জায়গা থাকা দরকার, এ বিষয়ে কোনো তথ্য নেই। এ নিয়ে আজও কোনো গবেষণা হয়নি। নগরায়ণের ফলে সবুজায়ন দিন দিন ধ্বংস হচ্ছে। অ্যাকাশিয়ার পরাগরেণু মানুষের জন্য খুবই ক্ষতিকর। অথচ অর্থ প্রদানকারী সংস্থার নির্দেশমতো মানুষের জন্য ক্ষতিকর এই গাছবেশি লাগানো হচ্ছে। কেন লাগানো হচ্ছে, জিজ্ঞেস করলে বন কর্মকর্তা বললেন, এটা ছাগলে খায় না। খোঁজ নিয়ে জানলাম, দ্রুত বাড়ে এমন অনেক প্রজাতির দেশীয় গাছ আছে। এ বিষয়ে কোনো উদ্যোগ নেই। এক তথ্যমতে জানা যায়, ঢাকা শহরে প্রতি ঘণ্টায় গাড়ির গতি ১৪ কিলোমিটার। ২০২৫ সালে এটা হবে ৪ কিলোমিটার। এতে তেলের খরচ ও বায়ুদূষণ দুটোই সমান হারে বাড়বে। অন্য এক তথ্যমতে, দূষণের জন্য প্রতিবছর ১৫ হাজার শিশু মারা যায়। এটা তো একটা মহাদুর্যোগ। ভবিষ্যতের শিশুদের বাঁচাতে হলে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

খন্দকার এনায়েত উল্যাহ খান: ঢাকা শহরে ২০ থেকে ২৫ বছরের পুরোনো গাড়ি চলে না। কারণ নির্দিষ্ট সময় পর তদারক করা হয়। আমাদের ডিজেলে ১০ শতাংশের বেশি সালফার আছে। এটা অধিক মাত্রায় কার্বন নির্গত করে মারাত্মকভাবে বায়ুদূষণ করে। আমরা ইউরো এক, দুই ইঞ্জিন ব্যবহার করছি; অন্য দেশগুলো ইউরো চার, পাঁচ, ছয় পর্যন্ত ব্যবহার করছে। এসব ইঞ্জিন থেকে বায়ুদূষণের মাত্রা একেবারেই কম। সরকারকে ইউরো চার, পাঁচ ইঞ্জিন আনার জন্য শুল্কমুক্ত করতে হবে। দেশে মোট উত্তোলিত গ্যাসের মাত্র ৫ শতাংশ সিএনজিতে ব্যবহার হয়। কিন্তু গ্যাস এখন খুব উচ্চমূল্যে কিনতে হয়। সরকার আমাদের গ্যাসের মূল্য না বাড়ানোর অনুরোধ শোনেনি। ফলে গাড়িগুলো আবার আগের মতো ডিজেলে ফিরে যাচ্ছে। বিআরটিএর এক জরিপে দেখা গেল ৫৩ শতাংশ গাড়ি ডিজেলচালিত। এমনকি সরকারের বিআরটিসি গাড়িও ডিজেলচালিত। কারণ, সিএনজির দাম বাড়ছে। সঠিক পদ্ধতিতে ইঞ্জিন কনভার্ট না করার জন্য বছরে দু-তিন ওভারহলিং করতে হয়। সব দিক মিলিয়ে সিএনজিতে খরচ বেশি পড়ার জন্য ডিজেলে এখন বেশি গাড়ি চলছে। শ্রম মন্ত্রণালয় এক ধরনের সংস্থাকে লাইসেন্স দিয়েছে। এরা ধারণক্ষমতার বাইরে অনেক বেশি বোঝাই করে টাকা আয় করছে। মালিক তাঁর ট্রাকটি ভাড়া দিতে পারেন না। এসব অব্যবস্থাপনা না তুলতে পারলে বায়ুদূষণ কমবে না।

মো. শাহজাহান: ইটভাটার চিমনি বড় করায় বায়ুদূষণ কমেনি। এখন আমাদের বিকল্প ইটের কথা ভাবতে হবে। কমপ্রেসড ইট (কংক্রিট ইট) ব্যবহার করতে হবে। এ ইট তৈরি করতে প্রচুর বালু লাগে। আমাদের নদীগুলোতে পর্যাপ্ত বালু রয়েছে। তবে এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা লাগবে এবং ইট ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। ২০ বছর আগে সুন্দর পরিকল্পনা থাকলে আজকে একটি সুন্দর পরিবেশ পেতাম। পরিকল্পনার ভীষণ অভাব রয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে কয়েক মাস আগে পরিবহন খাত নিয়ে একটি সম্মেলন হয়েছে। আমি এবং পরিবহনসচিব সেখানে ছিলাম। এ সম্মেলনে তিনটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে থ্রি জিরো (শূন্য) লক্ষ্যমাত্রা। প্রথমটি হলো, জিরো দূষণ। দ্বিতীয়টি, জিরো কনজেশন (যানজট)। তৃতীয়টি জিরো দুর্ঘটনা। ২০৩০ সালের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে হবে। এর জন্য অ্যাভয়েড, শিফট ইমপ্রুভড নামে তিনটি কাজ করতে বলা হয়েছে। অ্যাভয়েড হলো এড়িয়ে চলা। রাস্তায় যাওয়া থেকে কীভাবে বিরত থাকা যায়। অর্থা ৎ সব সেবা দোরগোড়ায় নিয়ে আসতে হবে। শিফট হলো, স্থানান্তর। ২০ বছর আগে যদি আমরা রেলওয়ে ও নদী ব্যবহারের কথা চিন্তা করতাম, তাহলে আজকে শহরে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হতো না। ইমপ্রুভড হলো, রাস্তায় মানসম্মত জ্বালানি নিয়ে বের হতে হবে। ট্রাফিক কন্ট্রোলের আওতায় পড়তে হবে। গাড়ি চেকের ব্যবস্থা থাকতে হবে। মোটকথা, গণযোগাযোগের ব্যাপক উদ্যোগ ছাড়া বায়ুদূষণ থেকে মুক্ত থাকতে পারব না।

আলেমা আক্তার: আমি বাড্ডা এলাকায় থাকি। নানাভাবে এখানকার বায়ুদূষিত হচ্ছে। আমার স্কুলের পথে পোশাক কারখানা থেকে কাপড়ের টুকরাসহ নানা প্রাকার ধুলা-বালু গায়ে লাগে। এতে নাক-মুখ জ্বলতে থাকে। কাপড়ের কেমিক্যালে নাক-মুখ জ্বালা-পোড়া করতে থাকে। বাসার পাশের খাবারের কারখানার কালো ধোঁয়া ও ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ বাতাসে ছড়াতে থাকে। আমাদের চলাচলের রাস্তায় বর্ষায় কাদা হয় এবং শুকনার সময় প্রচুর ধুলা ওড়ে। তার ওপর পুরোনো গাড়ি প্রতিদিন কালো ধোঁয়া ছেড়ে চলাচল করছে। সিগারেটের ধোঁয়ার গন্ধে গাড়িতে একবার আমি বমি করি। ধূমপানকারীকে নিষেধ করলে তিনি বলেন, গাড়িটি কারও কেনা নয়। তাই সবার কাছে অনুরোধ, বায়ুদূষণের জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

বেলাল হোসেইন: আমাদের স্কুলে যাওয়ার পথে ইটের গুঁড়া এবং বালু জমা করে রাখা হয়। বাতাসের সঙ্গে এগুলো নাকে-মুখে প্রবেশ করে। আবার বাড়ির পাশে রয়েছে বাসস্ট্যান্ড। এখান থেকে অনবরত প্রচ