ঢাকা-মাওয়া রুটে ভাড়া বৃদ্ধি
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য মাওয়াঘাট যেমন অর্থসাশ্রয়ী তেমনি সময়সাশ্রয়ীও বটে। যার ফলে এ পথে চলাচলকারী যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু এ সুযোগকে পুঁজি করে এ পথের সব ধরনের ভাড়া বাড়ানো হয়েছে কোনো পূর্বঘোষণা ছাড়াই। ফলে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের হরহামেশা বচসার সৃষ্টি হচ্ছে।
পূর্বে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত বাস ভাড়া ৬০ টাকা, মাওয়া ঘাটে স্পিডবোট ভাড়া ১২০ টাকা এবং কাওড়াকান্দি ঘাট থেকে কালনা ঘাট পর্যন্ত মাইক্রোবাস ভাড়া ১২০ টাকা আদায় করা হতো। কিন্তু গত ঈদুল আজহার পর থেকে ঢাকা-মাওয়া বাস ভাড়া ৭০ টাকা, স্পিডবোট ভাড়া ১৫০ টাকা ও মাইক্রোবাস ভাড়া ১৫০ টাকা করে আদায় করছে সংশ্লিষ্টরা।
কোনো কারণ ছাড়াই যাত্রীপ্রতি ৭০ টাকা বেশি আদায় করা হলেও কোনো যথার্থ কারণ জানে না ভুক্তভোগীরা।
ভাড়া বাড়ানোর মতো কোনো কারণ না থাকলেও অসাধু ব্যক্তিরা ভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।
বিষয়টি কি কেউ খতিয়ে দেখবেন?
আখতারুল আলম
লোহাগড়া, নড়াইল।