ঢাকা শহরে প্রাথমিক বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ‘গরিবের স্কুল’ নামে পরিচিত। বস্তিবাসী, শ্রমিক, রিকশাচালক, ভ্যানচালক, মুচি প্রভৃতি খেটে খাওয়া স্বল্প আয়ের লোকজনের সন্তানেরা পড়তে আসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
গ্রামাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধনী, গরিব সবার সন্তানই লেখাপড়া করে। মাধ্যমিক স্তরে থাকে উপবৃত্তির ব্যবস্থা। কিন্তু রাজধানীতে যার যেমন অর্থ, তাদের সন্তান তেমন বিদ্যালয়ে লেখাপড়া করে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুধু নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা ভর্তি হয়।
রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত পরিবারের এসব শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এবং শ্রমিকের জীবন থেকে শিক্ষাজীবনে আরও কিছুটা এগিয়ে নেওয়ার জন্য ৯০ শতাংশ নম্বর বা তার বেশি যারা পেয়েছে, তাদের মধ্য থেকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ছেলে এবং একটি মেয়েকে বৃত্তি দেওয়া যায়।
এ বছর গড়ে ৯৫ নম্বর পেয়েও অনেকে বৃত্তি পায়নি। একটি বৃত্তি গরিব একজন শিক্ষার্থীর গোটা জীবনকেই পাল্টে দিতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করলে একদিকে বৃত্তির যেমন সুষম বণ্টন হবে, অন্যদিকে শুধু ‘গরিবের স্কুল’ হিসেবে গণ্য না হয়ে বিভিন্ন বিত্তের শিশুরা সরকারি স্কুলে ভর্তি হতে আগ্রহী হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আবেদন, রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ‘বিশেষ বৃত্তির’ ব্যবস্থা করে তাদের শিক্ষাজীবনকে আরও কিছুটা এগিয়ে নিতে সহায়তা করা হোক।

শাকিলা নাছরিন

জুরাইন আদর্শ বালিকা প্রা. বিদ্যালয়, ঢাকা।