ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের প্রাচীনতম চিকিৎসালয়ের অন্যতম। দেশের চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টির কৃতিত্বের দাবি প্রতিষ্ঠানটি মাঝেমধ্যে করে থাকে। কিন্তু, এখানে কোনো গুরুতর রোগী ভর্তি হলে চিকিৎসায় অব্যবস্থা সহজেই ধরা পড়ে। সম্প্রতি আমার এক আত্মীয় গুরুতর অসুস্থ হয়ে জরুরি বিভাগে ভর্তি হলে, সেখান থেকে পরে তঁাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। সুতরাং, তঁার ব্লাডসুগার সর্বদা পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। দেখা গেল, এখানে ব্লাডসুগার পরিমাপের যন্ত্র নেই। আমাদের কিনে আনতে বলা হলে সৌভাগ্যবশত আগে থেকে পরিমাপক যন্ত্র থাকায় এর প্রয়োজন হয়নি। একটি পরিমাপক যন্ত্রের দাম হাজার টাকার ঊর্ধ্বে।
লক্ষ করা গেল, এখানে চিকিৎসা-সংক্রান্ত সবকিছু কিনে আনতে হয়, আইসিইউ থেকে সরবরাহ করা হয় না। সুতরাং আকস্মিক গুরুতর অসুস্থ কোনো রোগী এখানে ভর্তি হলে এবং অর্থ-সংক্রান্ত ঘাটতি থাকলে বিপদগ্রস্ত হতে হয়। ঢাকা মেডিকেলসহ দেশের বিভিন্ন চিকিৎসালয়ের আইসিইউতে রোগীর আত্মীয়স্বজনকে সহজে ঢুকতে দেওয়া হয় না। এই সুযোগে রোগীদের প্রতি অবহেলা করা হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে, যেরূপ আমরা আমাদের রোগীর ক্ষেত্রেও লক্ষ করেছি।
এই যদি হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর অবস্থা, তাহলে ওয়ার্ডসহ অন্যান্য বিভাগের অবস্থা সহজেই অনুমেয়। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফরহাদ আহমেদ, হাজারীবাগ, ঢাকা।