বাংলাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে তথ্য গোপন করার প্রবণতা যে একটি পুরোনো ব্যাধির মতোই রয়ে গেছে, তার কিছু চিত্র ফুটে উঠেছে জাতীয় সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্য থেকে। গত বুধবার তিনি সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এক স্বতন্ত্র সাংসদের লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চেয়ে তা না পেয়ে সংক্ষুব্ধ নাগরিকেরা তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত ৫৯৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেছেন।
দেশের সব নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন গৃহীত হওয়ার পরে ইতিমধ্যে পেরিয়ে গেছে দীর্ঘ পাঁচ বছর। কিন্তু গোপনীয়তার অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তেমন অগ্রগতি যে ঘটেনি, এটা তারই একটা প্রমাণ। তথ্য অধিকার আইন প্রয়োগের ব্যাপারে নাগরিকদের উৎসাহ-উদ্দীপনায় ঘাটতি যেমন রয়েছে, তেমনি যাঁরা এ আইনের ব্যাপারে সচেতন হয়ে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেন, তাঁদের প্রত্যাখ্যান ও হয়রানির খবরও অনেক পাওয়া যায়। অনেক নাগরিক তথ্যের জন্য আবেদন করে পান না; সময়ক্ষেপণ ও হয়রানির অভিযোগ বিস্তর। প্রত্যাখ্যাত তথ্যপ্রত্যাশী নাগরিকদের সবাই তথ্য কমিশনে অভিযোগ দাখিল করার উৎসাহও পান না৷ আর যাঁরা অভিযোগ করেন, তথ্য কমিশনে শুনানির পর তাঁদের সবাই যে প্রতিকার পান, এমনও নয়।
তথ্য না দেওয়ার কারণে এ পর্যন্ত কতজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ করা হয়েছে—তথ্যমন্ত্রীর বক্তব্যে শুধু এটা জানা গেছে। কতজন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশন কী ব্যবস্থা নিয়েছে, শাস্তি বা জরিমানা কতজনকে করা হয়েছে, সে সম্পর্কে সংসদে কিছু জানানো হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন থাকলেই নাগরিকদের তথ্য জানার অধিকার নিশ্চিত হয় না। সেই অধিকার খর্ব করা হলে তার দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াও জরুরি। নইলে আইনের কার্যকারিতা থাকে না। তথ্য প্রদান না করায় তথ্য প্রদান কর্মকর্তাদের শাস্তি হয়েছে—এমন খবর অত্যন্ত বিরল।
তথ্য অধিকার আইন সম্পর্কে আরও জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি এ আইনের যথাযথ প্রয়োগ ও আইন লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে গোপনীয়তার সংস্কৃতি দূর হতে পারে৷