তথ্যপ্রযুক্তিগত বা সাইবার অপরাধ ক্রমেই একটি সামাজিক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে। বিশেষ করে, এর রাজনৈতিক অপব্যবহারে বিরাট হুমকি সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার ২০০৬ সালের তথ্যপ্রযুক্তি আইনে সংশোধনী আনছে। এটা বিস্ময়কর যে, আগামী ১২ সেপ্টেম্বর সংসদের অধিবেশন ডাকা হলেও মন্ত্রিসভা ১৯ আগস্ট তথ্যপ্রযুক্তি অধ্যাদেশ অনুমোদন করেছে। সরকারের উচিত হবে, এটি অধ্যাদেশ আকারে পাস না করে সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে পাস করা।
বিএনপি ২০০৬ সালে গতানুগতিক অস্বচ্ছ প্রক্রিয়ায় ও নাগরিকের স্বার্থবিরোধী কালাকানুন যুক্ত করে আইনটি করেছিল। ৫৭ ধারার ১ উপধারাটি তার একটি দৃষ্টান্ত। এটি ত্রুটিপূর্ণ এবং সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের প্রতি একটি হুমকি হিসেবে প্রতীয়মান হয়। আমরা আশঙ্কা করি, রাজনৈতিক উদ্দেশ্যসংবলিত কারণে এই বিধানের প্রয়োগ বা অপপ্রয়োগ সামনের দিনগুলোতে বাড়তে থাকবে। মাহমুদুর রহমানের পরে আদিলুর রহমান খানের বিরুদ্ধেও এই ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ধারার শুদ্ধতা নানা বিচারে প্রশ্নবিদ্ধ বলেই প্রতীয়মান হয়।
এই ধারায় বলা আছে, ‘কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন অথবা যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহলে তার এই কাজ হবে একটি অপরাধ।’ আমরা মনে করি, কোনো আইন এমনভাবে অনির্দিষ্ট ও ব্যাপক অর্থে বহাল থাকতে পারে না।
‘শুনিলে নীতিভ্রষ্ট’ হওয়ার মতো অপরাধ আদালতে প্রমাণ করা কঠিন হলেও নাগরিক হয়রানির হাতিয়ার হিসেবে এটি মোক্ষম। এই অবস্থায় ১০ বছরের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ১৪ বছর করা, সব অপরাধ জামিন-অযোগ্য এবং সব অপরাধকেই আমলযোগ্য করার প্রস্তাব করা হয়েছে। সুতরাং, প্রস্তাবিত সংশোধনী আইনের আগের গলদমুক্ত না করে বরং এখন নতুন করে এটিকে নাগরিকের স্বার্থের বিরুদ্ধে এবং পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। দ্রুত বিচারের দিকে না গিয়ে জামিন-অযোগ্য করার দিকে মনোযোগ দেওয়ার অর্থ হচ্ছে, নাগরিককে বিচারবহির্ভূত শাস্তি দেওয়ার মানসিকতার প্রতিফলন ঘটানো। এক-এগারোতেও আমরা একই প্রবণতা দেখেছি।
আমরা প্রস্তাবিত সংশোধনীগুলো গ্রহণযোগ্য মনে করি না। সাজার মেয়াদ ও পুলিশের ক্ষমতা বাড়িয়ে কার্যকরভাবে অপরাধের রাশ টানা যায় না।