তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বিভিন্নভাবে এই প্রতিষ্ঠান এ দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নতিতে অবদান রাখছে এবং এ-সংক্রান্ত বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সীমাহীন জ্ঞান যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে।
দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো থ্রিজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের আনাচকানাচে সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে বেসিসকে আমরা অনুরোধ করতেই পারি।
আমরা দেখছি, গ্রামীণফোন-প্রথম আলো আই-জিনিয়াস প্রতিযোগিতায় এ দেশের তরুণ-তরুণীরা কত সহজেই ইন্টারনেট ব্যবহার করে অজানা তথ্যগুলো বের করে আনছে। এই একইভাবে বেসিস বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে এ দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তথ্যপ্রযুক্তিকে আরেকটি বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচিত করা যায় এবং এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের জন্য কোনো নির্দিষ্ট সময় বা স্থানের প্রয়োজন পড়ে না।
তথ্যপ্রযুক্তির অবধারিত ও সীমাহীন সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেকেই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এ দেশের অনেক তরুণ-তরুণী এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করছেন, যা এ দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অতএব বেসিসের নতুন সভাপতি বেসিসকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেবেন এবং তথ্যপ্রযুক্তিকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
মো. আরিফুর রহমান
ঢাকা।