সাভারে রানা প্লাজা ধসের মাধ্যমে মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রায় ১০০ দিন অতিবাহিত হওয়ার পর ডিসিসি কার্যালয় অবশেষে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের শেষের সুপারিশগুলো সুনির্দিষ্ট। এতে রানা প্লাজার মালিক এবং সেই ভবনে থাকা পোশাক কারখানার মালিকদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের সুপারিশ করা হয়েছে। দাবিটি শ্রমিক সংগঠন ও নাগরিক মহলের বিভিন্ন অংশ থেকে আগেই উত্থাপিত হয়েছিল। ডিসিসি কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে সেই দাবির সঠিকতাই প্রমাণিত হলো। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এটি বাস্তবায়ন করা।
রানা প্লাজা ট্র্যাজেডি নিছক দুর্ঘটনা ছিল না বা একে কেবল অবহেলাপূর্ণ হত্যাও বলা যায় না। কারখানায় ফাটল দেখা দেওয়ার পরও শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করা হয়েছিল। ছয়তলার নকশা অনুমোদন করিয়ে সেখানে দশতলা নির্মাণ, বিভিন্ন তলায় বিপজ্জনকভাবে ভারী যন্ত্রপাতি স্থাপনসহ অজস্র অনিয়মের ফল এই বিপর্যয়। তার পরও এত মানুষের মৃত্যু নিশ্চিতভাবেই এড়ানো যেত, যদি ফাটল দেখা দেওয়ার পরই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হতো।
রানা প্লাজায় করুণভাবে নিহত এক হাজার ১৩১ জন শ্রমিক এবং আহত শত শত মানুষের পরিবার দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে। প্রাণহানির কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু আলোড়ন সৃষ্টিকারী এই ট্র্যাজেডির জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে। সে কারণেই ডিসিসি কার্যালয়ের প্রতিবেদনে চিহ্নিত দায়ী ব্যক্তিদের সবার শাস্তিসহ, রানা প্লাজার মালিক আবদুল খালেক ও সোহেল রানা এবং সেখানে অবস্থিত পোশাক কারখানার মালিকদের সম্পত্তি থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিকের বর্ণনাতীত কষ্ট ভোগ ও প্রাণহানি স্মরণে রানা প্লাজার ভূমিতে শ্রমিক স্মৃতি মিনার নির্মাণের দাবিও উঠেছে।
খেয়াল করার বিষয়, সরকারি তদন্ত প্রতিবেদনে কৌশলে দায়ী কারখানার মালিক ও বিজিএমইএকে রেহাই দেওয়ার চেষ্টা লক্ষ করা যায়। এত মৃত্যুতেও যদি ইনসাফের দাবি পূরণ না হয়, তাহলে বাংলাদেশে মানবিকতা লোপ পেয়েছে বলে মানতে হবে। আমরা আশা করি, ডিসিসির সুপারিশ পালন করা হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি ও আহত-নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া বাস্তবায়িত হবে।