তবু অপেক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির উন্নয়নের জন্য যেহেতু শিক্ষা জরুরি, তাই শিক্ষার উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধি করা অতি জরুরি। গ্রেডভিত্তিক শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি হওয়া প্রয়োজন। বিশ্বের অনেক উন্নত দেশে তা-ই হয়।
কিন্তু আমাদের দেশে ঠিক তার উল্টো চিত্র দেখা যায়। সীমিত বেতেন সংসার চালানোর চিন্তা সব সময় মাথায় থাকলে সেই শিক্ষক ক্লাসে কী পড়াবেন, তা ভেবে দেখলে সহজেই বোঝা যায়।
এ দেশে নানা সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। শিক্ষা তথা শিক্ষকদের উন্নয়নের কথা তারা যেভাবে বলেছে, বাস্তবে তার অনেকটাই ঘাটতি পরিলক্ষিত হয়েছে। যুগে যুগে শিক্ষকেরা বঞ্চিতই থেকে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়ে গেছে। বিষয়টি প্রশংসার দাবিদার। কিন্তু যখন এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকেরা ঢাকার রাজপথে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের লাঠিপেটা ও পিপার স্প্রে প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয়, তখন মনের অজান্তেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে৷
একবুক আশা নিয়ে যে শিক্ষক সমাজে শিক্ষার আলো ছড়াতে মহৎ পেশায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, এমপিওভুক্ত না হওয়ার কারণে আজ তাঁর জীবন বিপন্ন হতে চলেছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এখন

হাঁপিয়ে উঠেছেন।

ন্যায্য দাবি আদায়ের জন্য তাঁরা আন্দোলন-সংগ্রাম করতেও পারছেন না। দায়িত্বশীল কেউ কি তাঁদের খোঁজ রাখছেন? তাঁরা শুধু নীরবে-নিভৃতে কেঁদেই চলেছেন।
প্রধানমন্ত্রীর কাছে শুধু একটি ঘোষণা চাই, দেশের সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হোক। আর তার প্রতিফলন আগামী বাজেটে ঘটলে নন-এমপিও শিক্ষকদের কষ্ট অনেকটা কমবে৷
মো. আমিনুল ইসলাম
সিনিয়র প্রভাষক, চান্দাইকোনা, সিরাজগঞ্জ।