তস্করদের থেকে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তস্করদের থেকে সাবধান
তস্করদের থেকে সাবধান

আমার অত্যন্ত এক পরিচিতজন, কমলেশ দাশ, গত রোববার সকালে পাবনা থেকে ফোন করে কাঁদো কাঁদো কণ্ঠে জানাল, আগের দিন তাদের গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড এক মানবসৃষ্ট ঝড় বয়ে গেছে এবং তাদের বাড়িঘর আর অক্ষত নেই। সকালের পত্রিকা খুলে দেখি, সব পত্রিকা এই ঘৃণ্য সংবাদ গুরুত্বসহকারে প্রথম পৃষ্ঠায় ছেপেছে। ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির গুজব ছড়িয়ে পাবনার সাঁথিয়া উপজেলায় গত শনিবার বিক্ষোভ, সড়ক অবরোধ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় ২০ থেকে ২৫টি বাড়ি, দুটি মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুরো বিষয়টি ছিল বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। অনেকটা এক বছর আগে কক্সবাজারের রামুতে সংঘটিত ঘটনার পুনরাবৃত্তি। পুরো নাটকটি ফটোশপে তৈরি করে ফেসবুকে আপলোড করে কিছু তস্কর এই কাণ্ড করে এবং তা ব্যবহার করে আরও কিছু তস্কর এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটায়। আর রাতের টক শোগুলোয় তথ্যপ্রযুক্তিবিষয়ক কিছু গণ্ডমূর্খ এ বিষয়কে (রামুর ঘটনা) পুঁজি করে বিভ্রান্তিকর বক্তব্য রাখে এবং এমন ঘটনা আরও ঘটানোর উসকানি দেন।
যখন শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে বিরোধী দলের উসকানিতে নাস্তিক আর আস্তিক বিষয়ে চারদিকে হইচই পড়ে গেল, তখন একরাতে মধ্যসত্তর বয়সী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষক আমার সঙ্গে টক শোতে অংশগ্রহণ করতে এসেছিলেন। তিনি ধরে নিয়েছেন, সামনের নির্বাচনে তাঁর সমর্থিত দল বিএনপি ক্ষমতায় এল বলে। রাষ্ট্রপতি পদের জন্য তিনি একজন শক্তিশালী দাবিদার। সুতরাং, তিনি তাঁর শ্বেতশুভ্র চুলে কালো রং লাগিয়ে বঙ্গভবনে প্রবেশের জন্য প্রস্তুত। সেই রাতে তিনি জোর গলায় ‘নাস্তিকদের’ একহাত নিলেন।
জানতে চাই, তিনি কীভাবে বুঝলেন, দেশের সব নাস্তিক শাহবাগ গণজাগরণ চত্বরে জড়ো হয়েছে? উত্তরে জানালেন, তিনি পত্রিকায় পড়েছেন, ব্লগে ইসলামবিষয়ক কী সব আপত্তিকর জিনিস নাকি লেখা হয়েছে। তিনি পত্রিকা মারফত জেনেছেন, ব্লগ দেখেননি। বলি, আপনি চাইলে আপনার নামেও একটি ব্লগ তৈরি করা যায় এবং সেখানে আপনার নেত্রী সম্পর্কে ভালো-মন্দ দুকথা লিখে দেওয়া যায়। অনুমতি দিলে চেষ্টা করে দেখতে পারি। বেচারা ঘাবড়ে গেলেন। বলেন, ‘ভাই, এমন যদি হয়, তাহলে তো আমার বিপদ হতে পারে।’ এই হলো আমাদের দেশের একশ্রেণীর শিক্ষিত সমাজের ডিজিটাল বাংলাদেশের নমুনা। বাংলাদেশের এই সম্ভাব্য রাষ্ট্রপতি পুরো বিষয়টি না জেনে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু যখন দেখি, আমাদের কিছু নাদুসনুদুস ব্যারিস্টার আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সাংবাদিক কিংবা ভূতপূর্ব আমলা জেনে-শুনে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এমন কথাবার্তা বলেন, তখন সত্যি সত্যি শঙ্কিত হই।
রামুর ঘটনার পর দেশে এবং দেশের বাইরে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তুমুল সমালোচনা হলো। বিরোধী দল গলা চড়িয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। কথাটি এক অর্থে সঠিক। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় এলে কিছু বিরোধী দল সর্বশক্তি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। কারণ, তারা মনে করে, সংখ্যালঘুরা আওয়ামী লীগের ভোটব্যাংক; যদিও কথাটা মোটেও সত্যি নয়, যা বিগত ছয়টি (চট্টগ্রামসহ) সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে প্রমাণিত। বিরোধী দলের কথা যদি সত্যি
হতো, তাহলে এসব নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত হতে হতো না।
গত ২০ বছরে, বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের যে নির্মম খড়্গ নেমে এসেছিল, এরপর তারা পারতপক্ষে ভোট দিতে যায় না, অথবা গেলেও ভেবেচিন্তে ভোট দেয়। রামুর ঘটনার পর সরকার সেনাবাহিনীর সহায়তায় বৌদ্ধপল্লি পুনর্নির্মাণ করেছে। সরকারের এটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু ওই ঘটনার পর সেই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা কি সহজে দূর হবে? যে বৌদ্ধ তরুণটির নামে ফটোশপে তৈরি করা সেই ছবিটি আপলোড করা হয়েছিল, তার তো আজ অবধি কোনো হদিস পাওয়া গেল না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের কী হলো? অভিযোগ আছে, সেই রাতের তাণ্ডবে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের দু-একজন পাতিনেতারও সম্পৃক্ততা ছিল। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
আমাকে চট্টগ্রাম থেকে সংখ্যালঘু-অধ্যুষিত এলাকার একজন ফোনে জানাল, এলাকার সরকারি দলের নাম ভাঙিয়ে কিছু দুর্বৃত্ত সাঁথিয়ার ঘটনার পর চাঁদা দাবি করছে। কারণ, তাদের এখন রক্ষা করতে হবে। এলাকার মানুষের ধারণা, এই অপকর্মের সঙ্গে কিছু অসাধু পুলিশ সদস্য জড়িত আছেন। এ ব্যাপারে সরকার কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছি। আসলে নানা নামের তস্কররা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা চাপ সৃষ্টি করে বাংলাদেশ থেকে তাদের বিতাড়ন করে এ দেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। এটি এখন আর গোপন পরিকল্পনা নয়। গত দুই দশকে বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে। তারা এখন আর শুধু ভারতে যায় না, এ রকম নির্যাতিত ব্যক্তিদের জন্য বিশ্বের অনেক সভ্য দেশের দরজা এখন উন্মুক্ত। এই যে সাঁথিয়ায় এই ঘটনা ঘটল, এর ছবি আর সংবাদ দেখিয়ে এই মুহূর্তে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইউরোপ-আমেরিকা বা অন্য অনেক দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারে। চট্টগ্রামের সেই পরিচিতজন আমাকে জানাল, সাঁথিয়ার ওই ঘটনার পর তার একাধিক আত্মীয়স্বজন চিন্তা করছে, এই দেশে তাদের পক্ষে বসবাস আর কতটা নিরাপদ? তারা চিন্তা করছে, সামনের নির্বাচনে ঘটনাচক্রে পরিস্থিতির পালাবদল হলে দেশে যে একটি সম্ভাব্য হাবিয়া দোজখ নেমে আসতে পারে, তখন তাদের অবস্থা কী হবে? অতীত অভিজ্ঞতা থেকে তারা এই চিন্তা করছে। কারণ, ২০০১ সালে তাদের অনেক আত্মীয়স্বজনকে শুধু বাড়িঘর নয়, দেশছাড়া হতে হয়েছিল।
তস্কররা শুধু যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে তা-ই নয়, তারা সুযোগ পেলেই হামলা করে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর ওপর। হরতালে হামলা করে সাধারণ নিরীহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর। এই নিবন্ধ যখন লিখছি, তখন দেশে বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন অতিবাহিত হলো। দেশের বিভিন্ন জেলায় এযাবৎ চারজনের মৃত্যু হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে চট্টগ্রাম থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান জানালেন, চট্টগ্রামের মানুষ নাকি ঈদের আনন্দ-উৎসবের মতো হরতাল পালন করছে। নোমান ভাইকে চিনি সেই সত্তরের দশক থেকে একজন প্রগতিশীল ছাত্রনেতা হিসেবে। এরশাদবিরোধী আন্দোলনে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। তাঁর কাছ থেকে এমন মন্তব্য শুনে লজ্জিত হয়েছি। একই অনুষ্ঠানে টিভিতে দেখা গেল, পিকেটার নামক তস্করদের ধাওয়া খেয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা দ্রুত পালাতে গিয়ে উল্টে গেলে একজন তরুণ পোশাককর্মী মৃত্যুবরণ করেছেন। তাঁর একটি শিশুসন্তান রয়েছে। নোমান ভাইয়ের ঈদের আনন্দের এহেন সমাপ্তি দেখে আনন্দিত হওয়ার কিছু কি আছে?
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ৬০ ঘণ্টার হরতালের ডাক দেওয়ার সময় বলেছিলেন, শান্তিপূর্ণ হরতাল। হরতালের আগের দিন সারা দেশে ৩৭টি গাড়ি পোড়ানো হয়েছে। গত সোমবার সাভারে একজন ঘুমন্ত শিশুর গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এমন ভয়াবহ সব ঘটনার দায়দায়িত্ব কে নেবে? ১ নভেম্বর আমার এক লেখায় লিখেছিলাম, হরতালের নামে যে সন্ত্রাস হয় এবং তাতে যে জানমালের ক্ষতি হয়, এর দায়দায়িত্ব বিএনপির প্রধান, তথা ১৮-দলীয় জোটের নেত্রীকেই নিতে হবে। এতে তাঁর এক উপদেষ্টা আমার ওপর বেশ নাখোশ হয়েছেন এবং ৩ নভেম্বর প্রথম আলোয় লিখে এর প্রতিবাদ করেছেন। এই বর্ষীয়ান উপদেষ্টা আমার লেখার উত্তর দিতে গিয়ে এক কলাম জায়গা ব্যবহার করেছেন। আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এত গুরুত্ব দেওয়ার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে বিনীত প্রশ্ন রাখতে চাই, ঠিক আছে, বর্তমান প্রধানমন্ত্রীকে গদিনশিন রেখে তাঁর বক্তব্য অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু এর জন্য সাধারণ জনগণকে কেন জীবন দিতে হবে?
গতবারের ৬০ ঘণ্টা হরতালে ১৪ জনের জীবনহানি হয়েছে। সাদেক হোসেন খোকা গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি-জামায়াতের সমাবেশে ঘোষণা করেছেন, এবারের হরতালে প্রয়োজনে আরও বেশি লোকের প্রাণহানি হবে। এসব প্রাণহানির দায়িত্ব কে নেবে? বিরোধী দলের নেত্রী, নাকি খোকা সাহেব? দেশবাসী তা জানতে চায়। সব কথার শেষ কথা, দেশটা কি কিছু তস্করের হাতে ছেড়ে দেওয়া হবে, নাকি সময়মতো এই তস্করদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? এটি দেশের মানুষকে দ্রুত ঠিক করতে হবে।
আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।