তাঁর অভিনয় ও কাজ চিরন্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
চলে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন

মহানায়িকা সুচিত্রা সেন
মহানায়িকা সুচিত্রা সেন

বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সুচিত্রা সেন গত শুক্রবার ৮২ বছর বয়সে মারা যাওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়ে হোসেইন লিখেছেন: বাংলা চলচ্চিত্রের এ নায়িকার স্থান আর কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না। তিনি দুই বাংলার অহংকার।
আব্দুল্লাহ আল মামুন: আমরা এক গুণী মানুষকে হারালাম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শাহ জুবায়ের খান: প্রতিভা, অসাধারণ অভিনয় ও অনুপম সৌন্দর্যের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি যেন কাঙ্ক্ষিত নারী সমাজের শুভ্র প্রতিচ্ছবি। তাঁর অভিনয় ও কাজ চিরন্তন। বাংলার এ মহানায়িকার অভিনীত বেশির ভাগ ছায়াছবি আরও বহুকাল সুস্পষ্ট নির্দেশিকা হিসেবে অম্লান হয়ে রইবে।
আজাদি হাসনাত: এখনকার অভিনেত্রীদের উচিত সুচিত্রা সেনের অভিনয় দেখে এটা শেখা যে কীভাবে পরিচ্ছন্ন অভিনয় করতে হয়।
হীরালাল রায়: প্রণাম হে মহানায়িকা। আপনার চলন-চাহনি সর্বোপরি অভিনয় বাংলা ও বাঙালির মন জয় করে রেখেছে বহু বছর। ছোটবেলায় যত ছবি দেখা হয়েছে, সেগুলোর অধিকাংশই আপনার। বাঙালি বধূর এক আদর্শ প্রতিমূর্তি সুচিত্রা।
পরীক্ষায় অংশ নিলেই এমবিবিএসে ভর্তি!
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শিক্ষা-বাণিজ্যের নতুন ধরন নিয়ে প্রকাশিত খবরটি পাঠের পর তানজিরুল আজিম মন্তব্য করেছেন: সব দেশেই মেডিকেল শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় এবং সাধারণত মান ও মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না। কারণ, এটার সঙ্গে সরাসরি জনগণের স্বাস্থ্য জড়িত। আর আমাদের দেশে এটাকে দিন দিন তামাশায় পরিণত করা হচ্ছে। ভর্তি পরীক্ষায়ও দুর্নীতি হয়। এখন যদি নম্বরও কমানো হয় তাহলে ডাক্তার দেখাতে যাওয়ার সময় কোন সালে ভর্তি হওয়া আর কোন মেডিকেল কলেজ থেকে পাস করা—তা জিজ্ঞেস করে যেতে হবে। এ ছাড়া আর উপায় নেই।

শিকদার দস্তগীর: এমনিতে চিকিৎসকদের প্রতি গণমানুষের ব্যাপক অনাস্থা। তার ওপরে এ ধরনের অন্যায় অনুমতি দিলে তার পরিণতি হবে ভয়াবহ।
বিপ্লব রায়: মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ হয়ে যাবে বলে এমবিবিএসের ভর্তি পরীক্ষার মান কমাতে হবে, কী অদ্ভুত দাবি! একদল লোক ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বসবে, আর তাদের বাঁচাতে চিকিৎসাবিজ্ঞানটা ধ্বংস করে দেওয়ার কোনো মানেই হয় না। চিন্তার বিষয় হলো, কলেজ ব্যবসায়ীদের পক্ষ নিতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আবদুল্লাহ আল তারিক: ভর্তি ফি কমানো যাবে না, তাতে ব্যবসা নষ্ট হবে। বরং মেধা স্কোর কমানো হোক, অগণিত শিক্ষার্থী পাওয়া যাবে। মেডিকেল কলেজ ব্যবসার লালে লাল। আর মানবসেবা? সে গোল্লায় যাক!

এ সরকার দীর্ঘায়িত হওয়া বিপজ্জনক: খালেদা
দশম জাতীয় সংসদ নির্বাচনের নয় দিন পর সংবাদ সম্মেলন করে ১৮-দলীয় জোটের প্রধান খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং এ মন্তব্য করেন। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে শাহিদুল ইসলাম লিখেছেন: অচলাবস্থায় শুধু সচল আছে রাজনীতি। ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়ার মমতাহীনতাই কি রাজনীতি? একটি জনপ্রিয় গানের পঙিক্ত হলো: ‘মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে’। সাধারণ মানুষ আজ রাজনীতির পণ্য। তাদের ব্যবহারের বিধিও একেক পক্ষের একেক রকম।
প্রত্যয়: বিএনপি বলে, সরকার বিপজ্জনক; সরকার বলে উল্টো। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে। তারা জানে, দুই পক্ষেই দুর্গন্ধ।
মোহাম্মদ মাহবুব আজাদ: আমাদের দেশে অতীতেও এমন অনেক কালো অধ্যায় আছে। কিন্তু তাই বলে আবারও আসবে, এমনটা না হওয়াই উচিত। কিন্তু বিএনপি-জামায়াতের আন্দোলনের চেহারায় আমরা আতঙ্কিত।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)