বিচারহীনতা কেবল অবিচারই তৈরি করে না, পথ করে দেয় আরও আরও অপরাধের। সচেতন অবহেলায় যাঁর ওপর শত শত শ্রমিকের আগুনে পোড়া মৃত্যুর দায়, তাজরীন ফ্যাশনসের সেই দেলোয়ার হোসেন নতুন অপকর্মের জন্ম দিয়েছেন। শ্রমিকদের পাওনা শোধ না করেই গোপনে কারখানার যন্ত্রপাতি বিক্রি করতে গিয়ে নিজের কারখানাতেই শনিবার তিনি অবরুদ্ধ হন। পরে ওই দিন মধ্যরাতে শ্রমিকদের পাওনা পরিশোধের শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সংঘবদ্ধ শ্রমিকদের কাছে শেষ পর্যন্ত তাজরীন ফ্যাশনসের মালিক নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। ভবিষ্যতে এই ব্যক্তি যাতে শ্রমিকদের অযথা হয়রানি করতে না পারে, সে ব্যাপারেও কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। কারখানা চালাতে হলে শ্রমিকদের পাওনা শোধ করতেই হবে।
প্রশ্ন হলো, এই শ্রমিক অসন্তোষ বা অঘটনের আগে সরকার কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিল না? নিলে তিনি শ্রমিকদের পাওনা নিয়ে এই ধরনের কাণ্ড ঘটাতে পারতেন না। তাজরীন ফ্যাশনসে আগুন লাগা এবং ১১২ জন শ্রমিকের মৃত্যুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি দেলোয়ার হোসেনকে আইনের হাতে সোপর্দ করার সুপারিশ করেছিল। ওই প্রতিবেদনে সুস্পষ্টভাবে তাঁকে অভিযুক্ত করা হয়। এরপর কয়েকজন নাগরিকের পক্ষ থেকে উচ্চ আদালতে তাঁর বিচার চেয়ে রিট করা হলেও তা অমীমাংসিত। অপরাধীরা অপরাধ করে ছাড় পেলে কতটা বেপরোয়া হতে পারে, দেলোয়ার হোসেন তার নমুনা। শতাধিক শ্রমিকের মৃত্যু, শত শত শ্রমিকের দগ্ধ হওয়াও তাঁর বিবেককে এতটুকু নাড়া যে দেয়নি, লাগাতারভাবে শ্রমিকের ক্ষতি করার মধ্যে তার প্রমাণ মেলে।
দেলোয়ার হোসেনের কারণে যে শ্রমিকেরা মারা গেছেন, তাঁদের পরিবারে ঈদ আসবে কি এবার? যে শ্রমিকদের পাওনা তিনি লোপাট করে যাচ্ছেন, তাঁদের ঘরেও কি ঈদ আসবে এবার? রানা প্লাজার সোহেল রানার মতো দেলোয়ার হোসেন এখন বিত্ত-লালসার প্রতীক। তাঁরা কি বাংলাদেশের শ্রমিক শ্রেণীর ওপর চলতে থাকা অবিচারের প্রতীক হয়েও থাকবেন? বিচারের বাণী কি অসাধু পোশাকশিল্পের মালিকদের প্রতাপের সামনে বোবা হয়ে থাকবে?