আজ দেশজুড়ে প্রচার করা হচ্ছে ‘তামাকের কর বাড়াও, রোগ-মৃত্যুর হার কমাও’৷ ব্যাপক প্রচার-প্রচারণায় এ কথাগুলো পৌঁছে গেছে সর্বস্তরের মানুষের দোরগোড়ায়৷ এখন সবাই জানে, ‘তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ’৷ তবু বড়লোক, মধ্যবিত্ত ও শিক্ষিতরাও টানে দামি সিগারেট; স্বল্প আয়ের লোকেরা বিড়ি টানতে টানতে দেয় সুখটান৷ পান-তামাক খাওয়ার প্রচলন যুগ যুগ ধরে রয়েই গেল এই বাংলায়৷ একদা রুপালি পর্দায় দিদি ও ঠিকাদার ছবির নায়ক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের (১৯৩১-১৯৪০) উপস্থিতিই ছিল, তিনি স্টাইল করে টান দিতেন সিগারেটে৷ আর শচীন দেববর্মন পান খেতে খেতে গান গাইতেন, ‘পান খাইয়্যা যাইও বন্ধু’৷ এ গান শুনে আর দুর্গাদাসকে দেখে সর্বস্তরের মানুষ হয়তো এক-আধটু আগ্রহী হতো তামাক সেবনে৷
আহা, হলিউড তারকা রিচার্ড বার্টন, গ্যারি কুপার, গ্রেগরি পেক কী ভাব দেখিয়েই না সিগারেট টানতেন৷ এসব দেখে শৌখিন দু-চারজনার মনে শখ জাগত সিগারেট টান দিতে৷ পান-তামাকের বাটি নিয়ে অভিজাত ঘরের রমণীরা আজও যান বাপের বাড়ি৷
কথা সেটা নয়, জেনে-শুনে আজও ধনী-গরিব সবাই তো তামাক সেবন করেই যাচ্ছে৷ কেউ ছাড়ে, কেউ ধরে৷ তাই বলে তামাকের ওপর কর বৃদ্ধি করাটা কি যুক্তিসংগত হবে? তবে তামাক ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর এবং মৃত্যুই এর কারণ ইত্যাদি প্রচার চলুক আরও ব্যাপকভাবে৷
লিয়াকত হোসেন
রূপনগর, ঢাকা৷