তিন আবাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইল এরিয়া প্ল্যান) বা ড্যাপ থেকে সরে আসার কাজটি সরকার সম্ভবত পাকাপোক্তভাবেই করতে চাইছে৷ সেনা, পুলিশ ও আমলাদের জন্য তিনটি আবাসন প্রকল্পের অনুমোদনকে সেই প্রক্রিয়ারই অংশ বলে প্রতীয়মান হচ্ছে৷ যে কাঠামো পরিকল্পনার ভিত্তিতে ড্যাপ তৈরি হয়েছিল, সেখানে ভূমি ব্যবহার ও সংরক্ষণের যে নির্দেশনা ছিল, এই আবাসন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তা উপেক্ষিত হবে৷ লিঙ্ঘত হবে বন্যার পানিপ্রবাহ অঞ্চল ও নদীদূষণ নিয়ন্ত্রণ নীতি৷ ড্যাপ পর্যালোচনাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তিনটি আবাসন প্রকল্প বাস্তবায়নের যে অনুমোদন দিয়েছে, তা পরিবেশ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার নীতির পরিপন্থী৷
ড্যাপ অনুমোদিত হওয়ার পরপরই এর বিরোধিতায় নামে স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী৷ কারণ, এটা আবাসন ব্যবসার নামে জমি, জলাভূমি ও নদী দখলদারদের স্বার্থের বিরুদ্ধে গেছে৷ স্থানীয় কিছু রাজনৈতিক চক্র ভাগ–বাঁটোয়ারার লোভে যুক্ত হয় এসব গোষ্ঠীর সঙ্গে৷ দুই পক্ষের স্বার্থ এক হলে তারা যথেষ্ট শক্তি নিয়ে মাঠে নামে এবং তাদের চাপে সরকার ড্যাপ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে৷ এটা ছিল স্বার্থান্বেষী মহলের চাপের কাছে সরকারের নতি স্বীকার৷ ২০১০ সালে গঠিত এই কমিটি দীর্ঘ সময়ে ড্যাপ ‘পর্যালোচনা’ বা কাজের কাজ কিছু করতে না পারলেও বছর চারেক পর ড্যাপ-পিরপন্থী তিনটি আবাসন প্রকল্প অনুমোদন দিয়েছে৷
১৯৯৪ সালের ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান বা ডিএমডিপি কাঠামো পরিকল্পনার অধীনে যে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ করা হয়েছে, তার মূল লক্ষ্য নিম্নাঞ্চল, খাল বা জলাভূমি অক্ষুণ্ন রেখে ঢাকা শহরকে বাসযোগ্য রাখা৷ অসাধু ভূমি ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার স্বার্থে নিম্নাঞ্চল ও জলাভূমি দখল ও ভরাট করে ইতিমধ্যেই এই মহানগরের অপূরণীয় ক্ষতি করে ফেলেছেন৷ এই পরিস্থিতিতে বাকিটুকু রক্ষায় আশার আলো হয়ে দেখা দিয়েছিল ড্যাপ৷ এখন সেই ড্যাপ থেকে সরে আসার অর্থ হচ্ছে ঢাকা মহানগরের চূড়ান্ত সর্বনাশ নিশ্চিত করা৷
তিনটি বিশেষ পেশাজীবী গোষ্ঠীর জন্য আবাসন প্রকল্প অনুমোদনের বিষয়টি স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত এবং সেনা, পুলিশ ও আমলা—এই তিন পেশার লোকজনকে খুশি রাখা৷ এসব পেশাজীবীর নামে ড্যাপ উপেক্ষা করে আবাসন প্রকল্প করা গেলে ইতিমধ্যেই ড্যাপ উপেক্ষা করে যেসব কর্মকাণ্ড হয়েছে, সেগুলো জায়েজ করা সহজ হবে এবং ভবিষ্যতে আবাসনের নামে সক্রিয় ভূমি দখলদার ও ব্যবসায়ী চক্রের অপকর্মের পথ সহজ হবে৷
পরিকল্পনাহীনতা ও দখলদারদের কারণে ইতিমধ্যেই ঢাকা মহানগরের অনেক সর্বনাশ হয়ে গেছে৷ এ অবস্থায় বহু বাধা পেরিয়ে যে ড্যাপ প্রণীত ও অনুমোদিত হয়েছে, তা থেকে কোনো স্বার্থান্বেষী মহলের চাপে সরে আসার সুযোগ নেই৷ রাজধানী শহর ও একটি বাসযোগ্য মহানগর হিসেবে ঢাকাকে টিকিয়ে রাখতে হলে ড্যাপ বাস্তবায়ন করতে হবে৷ অবিলম্বে িতনটি আবাসন প্রকল্পের অনুমোদন বাতিল ও এর বাস্তবায়ন থেকে সরে আসতে হবে৷