
কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমিতে গড়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। মূল শহরের কাছে নির্মিত মনোরম প্রাকৃতিক পরিবেশসংবলিত এই ক্যাম্পাস শিক্ষা অর্জনের ভাবী তপোবন। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে এক স্বপ্নের সফল বাস্তবায়ন হয়। স্বাধীনতা-উত্তর ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। পরবর্তীকালে বহু চড়াই-উতরাই ও দীর্ঘ সংগ্রামের পর ২০০৯ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন সংসদে পাস হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের প্রধান ও সামগ্রিক তত্ত্বাবধায়ক হিসেবে অধ্যাপক মো. হারুনর রশীদ খান নিয়োগপ্রাপ্ত হন। তাঁর গতিশীল নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দান করে। ফলে ২০১২ সালের ২৪ জানুয়ারি এক বছরেরও কম সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করতে সমর্থ হন। বরিশাল জিলা স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে চারটি অনুষদে ছয়টি বিভাগ নিয়ে পথচলা শুরু করে। প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সময়োপযোগী সিদ্ধান্ত ও সুচিন্তিত কার্যক্রমের মাধ্যমে মাত্র তিন বছরে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। বর্তমান বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদে ১৬টি বিভাগ চালু রয়েছে।
মানসম্মত উচ্চশিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি সব জাতীয়, ধর্মীয় ও সাংস্কৃতিক দিবস যথাযথভাবে পালনের মাধমে বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ২০১৩-১৪ শিক্ষবর্ষে ১৬টি বিভাগে এক হাজার ২০০ আসনের বিপরীতে প্রায় ৩০ হাজার আবেদনপত্র এই বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যতের পূর্বাভাস। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ২৫ জন প্রতিযোগী এ বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার আস্থা ও আগ্রহের বহিঃপ্রকাশ। একঝাঁক মেধাবী তরুণ শিক্ষকমণ্ডলীর দ্বারা পাঠদান বিশ্ববিদ্যালয়ের মান ও কার্যক্রমকে করছে আরও গতিশীল ও বৈচিত্র্যময়।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে ওঠা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও পাঠ্যসূচি অদূর ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়কে দেশের উচ্চশিক্ষার নেতৃত্বের আসনে প্রতিষ্ঠা করবে। বর্তমান ১৬টি বিভাগে ৬৮ জন শিক্ষক ও ২২ জন খণ্ডকালীন শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষকদের গবেষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা, পিএইচডি ইত্যাদি কার্যক্রমে ব্যাপক অংশগ্রহণ রয়েছে। এ ছাড়া নিয়মিত সেমিনার, সিম্পোজিয়ামসহ ছাত্র-শিক্ষক অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশের ইতিহাসে ও সংস্কৃতিতে বরিশাল অঞ্চলের রয়েছে ঐতিহাসিক ও সমৃদ্ধ অবস্থান। শিক্ষা, সংস্কৃতি, নারী জাগরণ, স্বাধীনতাসংগ্রাম ও আধুনিক মননশীলতায় বরিশাল অঞ্চলের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। বর্তমান শিক্ষার হারের দিক থেকেও সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। শেরেবাংলা এ কে ফজলুল হক, অশ্বিনীকুমার দত্ত, ব্রজমোহন দত্ত, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, কবি জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, আরজ আলী মাতুব্বরসহ বহু গুণী ব্যক্তির অবিস্মরণীয় স্মৃতি রয়েছে এই অঞ্চলে। বরিশাল বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের অতীত গৌরবকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করবে।
শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধনের মাধ্যমে এর পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। প্রাথমিকভাবে ৫০ একর আয়তনবিশিষ্ট ক্যাম্পাস, দুটি ছাত্র হল, একটি ছাত্রী হল, শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক ভবনের কাজ সমাপ্তির পথে। প্রশাসনিক ও একাডেমিক ভবনের কাজ সম্পন্ন। এ ছাড়া লাইব্রেরি, অনলাইন লাইব্রেরি-সুবিধা, পরিবহনব্যবস্থা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তিসুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা নিয়ে এগিয়ে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
মাত্র তিন বছরের কম সময়ে দক্ষিণাঞ্চলসহ দেশজুড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি করেছে, তা প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য একটি মাইলফলক। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণাঞ্চলের শিক্ষানুরাগী, বুদ্ধিজীবী ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর এই অবদানের প্রতি সচেতন ও কৃতজ্ঞ।
সুজন চন্দ্র রায়: প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।