করোনাকালেও সুপ্রিম কোর্টের বিচার প্রশাসনে দুর্নীতিবিরোধী পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এ পদক্ষেপকে মানুষ স্বাগত জানাবে। সেই সঙ্গে তারা স্মরণ করবে যে এক বছর আগে তিনি আরও একটি বড় পদক্ষেপ নিয়েছিলেন। ২০১৯ সালের আগস্টে একত্রে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত হয়েছিল। ওই তিন বিচারপতির বর্তমান সাংবিধানিক অবস্থান কী, তাঁরা কত দিন এভাবে থাকবেন বা থাকতে পারেন, এ বিষয়ে নানা প্রশ্ন আছে। উত্তর নেই।
কোনো সন্দেহ নেই যে বিচার বিভাগের দুর্নীতির অভিযোগ ঝুলে থাকার বিষয়টি বেশি সংবেদনশীল। বাংলাদেশের বিদ্যমান সিস্টেম বা ব্যবস্থার গলদের কথা সুবিদিত। কোনো প্রধান বিচারপতির কাছেই এটা প্রত্যাশিত নয় যে তিনি বিরাজমান ব্যবস্থার খোলনলচে বদলে দেবেন। তবে আমি বারবার স্মরণ করি প্রয়াত প্রধান বিচারপতি মোস্তাফা কামালের একটি মন্তব্য। তিনি অল্প সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তবে দায়িত্ব নিয়েই সুপ্রিম কোর্টের নির্বাহী প্রশাসনের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বদলি করেন। ব্যক্তিগত আলোচনায় আমাকে তিনি বলেছিলেন, কেউ দীর্ঘদিন একই পদে থাকলে ‘কোটারি স্বার্থ’ দানা বাঁধতে পারে। নিয়মিতভাবে রদবদলকরণে শেওলা জমে না। বেঞ্চ অফিসার (বিও) এবং সহকারী বেঞ্চ অফিসার (এবিও) নিয়মিত বদলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ পর্যন্ত লেখার পর আমি ফোন করি সুপ্রিম কোর্ট বার সভাপতি আইনজীবী এম আমিন উদ্দীনকে। ৬ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের পুরো আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত ১৪ সদস্যকে নিয়ে বৈঠকে বসেছিলেন। বারের নির্বাচনের পর এটাই ছিল প্রথম বৈঠক। সেখানে নির্দিষ্টভাবে বার থেকে বিও বদলের দাবি ওঠে। প্রধান বিচারপতি বিও বদলির আশ্বাস দিয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার হবে। বর্তমানে হাইকোর্টের ৯৬ জন বিচারপতির সঙ্গে একজন বিও এবং একজন এবিও আছেন। এমন অনেক বিও আছেন, যাঁরা একটি বেঞ্চের সঙ্গে টানা পাঁচ থেকে সাত বছরের বেশি যুক্ত আছেন। এটা গভীর উদ্বেগের বিষয়। অনধিক এক বছর করে পদে থাকার বিধান করে নীতিমালা হতে পারে, যাতে হাকিম নড়লেও হুকুম না নড়ে। বিওদের বিরুদ্ধে নানা সময় দুর্নীতির অভিযোগ উঠেছে।
আমরা জেনে আশ্বস্ত যে ৬ আগস্টের বৈঠকে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতি সমস্বরে বারকে বলেছেন, নির্দিষ্ট অভিযোগ পেলে তিনি তা সুরাহার বিষয়ে জিরো টলারেন্স নীতি নেবেন। ওই দিন অবশ্য প্রধান বিচারপতি তাঁর একটা তাৎক্ষণিক বিরল নজির স্থাপন করেছেন। বার থেকে বলা হয়েছিল, একজন আইনজীবীর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। কারণ, বিলম্ব মার্জনা করার বিষয়ে আপিল বিভাগের একটি রায় দেখানোর পরও ওই কর্মকর্তা রায় মানতে রাজি হননি। বলেছেন, নির্দিষ্ট আদেশ দেখাতে হবে। রায় দেখালে চলবে না। ভার্চ্যুয়াল সভাতেই প্রধান বিচারপতি বিষয়টির সত্যতা যাচাই করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি করেন। এ রকম নজির এখন ব্যতিক্রম। এমনটা যদি নিয়মিত অনুশীলনে পরিণত করা যায়, তাহলে সুপ্রিম কোর্ট হতে পারেন আলোকবর্তিকা।
তাই গত সপ্তাহান্তে সুপ্রিম কোর্ট যেভাবে দুই এফিডেভিট কমিশনারের (প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ের) বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন, তাতে আমরা তাঁদের কাজে ও কথায় মিল পাই। কিছুদিন আগেই আমরা দেখলাম, দেশের সাবেক একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার বিচার শুরু হয়েছে। এখন সবাই আশা করবেন, এ মামলার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বেশিই থাকবে। কারণ, আমরা বলে থাকি বটে আইনের চোখে সবাই সমান, কিন্তু চূড়ান্ত বিচারে সবাই সমান নন। কেউ কেউ ব্যতিক্রম। তাই যে দেশ একজন সাবেক প্রধান বিচারপতির দুর্নীতির দ্রুত বিচার করে, সেই দেশের হাইকোর্টের তিনজন বিচারপতির বিরুদ্ধে নেওয়া কোনো ব্যবস্থা মাঝপথে অনির্দিষ্টকাল ঝুলে থাকতে পারে না।
২০১৯ সালের আগস্টে হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে রায় উল্টে দেওয়ার অভিযোগ উঠেছিল। একই সময়ে আরেকজন বিচারকের বিরুদ্ধেও অভিযোগ আমলে নেন প্রধান বিচারপতি। তবে আশা করব, সরকারকে তার রাগ ও বীতরাগের জায়গা থেকে সরে আসতে হবে। আইন ও বিচারমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ। তিনি প্রশ্নবাণের মুখে হলেও স্বীকার করেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত অবস্থায় আছে। বিচারপতি অপসারণে কোনো শূন্যতা নেই। তিন বিচারপতির বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখতে তাই প্রধান বিচারপতি এবং তাঁর পরের দুজন জ্যেষ্ঠ বিচারপতিকে নিয়েই কাউন্সিল গঠন করতে হবে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। এক বছর ধরে ওই তিন বিচারপতিকে আমরা কোনো বেঞ্চে কর্মরত অবস্থায় দেখিনি। যদিও সুপ্রিম কোর্টের বিভিন্ন কাগজপত্রে তাঁদের নাম যথারীতি কর্মরত বিচারপতি হিসেবেই ছাপা হচ্ছে। সরকারিভাবে আমাদের জানানো হয়েছিল, এই তিন বিচারপতির আচরণ অনতিবিলম্বে খতিয়ে দেখা হবে। কিন্তু আজ এক বছর অতিক্রান্ত হতে চললেও সে বিষয়ে জাতিকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে।
বরং আইনমন্ত্রী আনিসুল হক ২০১৯ সালের নভেম্বরের গোড়ায় সংসদে বলেছিলেন, হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আইন ও বিচার বিভাগে পাওয়া যায়নি। বিএনপিদলীয় সাংসদ হারুন-অর-রশীদের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী ওই মন্তব্য করেছিলেন। আইনমন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন করা হয়েছিল, হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতির অনিয়ম ও দুর্নীতির তদন্ত হচ্ছে, এ তদন্ত কোন আইনে হচ্ছে? আইনমন্ত্রীর মন্তব্য ব্যাখ্যা করলে প্রতীয়মান হয় যে সুপ্রিম কোর্ট তখন পর্যন্ত বিষয়টি রাষ্ট্রপতির কাছে পাঠাননি।
বিচার বিভাগীয় দুর্নীতি নিষ্পত্তিতে গতি আনা একটা চ্যালেঞ্জ। আমরা স্মরণ করতে পারি যে ২০১৬ সালে আমরা নিম্ন আদালতের বিচারকদের দুর্নীতি বিষয়ে একটা অনুসন্ধান করেছিলাম। তাতে দেখা যায়, বিচারকদের প্রাথমিকভাবে অভিযুক্ত হওয়া থেকে চূড়ান্তভাবে অপসারিত হতে কখনো পার হয়ে যায় পাঁচ থেকে ছয় বছর। বর্তমান সরকারের শাসনামলের প্রথম ৬ বছরে ২২ জন বিচারকের চাকরিচ্যুতি ঘটেছে। তবে ওই সময়কালে এটাও দেখেছি যে সুপ্রিম কোর্টের পরামর্শ থাকার পরও আইন মন্ত্রণালয় অন্তত ৫৬ জন বিচারকের বিরুদ্ধে শৃঙ্খলাসংক্রান্ত আদেশ জারি করতে বিলম্ব করেছে।
দীর্ঘসূত্রতায় পার পেয়ে যাচ্ছেন অনেক সন্দেহভাজন দুর্নীতিগ্রস্ত বিচারক। একজন বিচারক খুনের মামলার আসামির সঙ্গে ২২ বার টেলিফোনে কথা বলেছেন—এমন অভিযোগের প্রমাণ পাওয়ার পরও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দীর্ঘসূত্রতায় কেটে গেছে বছর তিনেক। এবং আমি খেয়াল করেছি, অভিযোগ পেন্ডিং রেখেই ওই বিচারক ‘সসম্মানে’ অবসরে গেছেন।
সরকারি অফিসে দুর্নীতি হয়, বিচার হয় না। এটা সবাই জানে। সমাজে এর অভিঘাত অপেক্ষাকৃত কম। কিন্তু বিচার বিভাগে দুর্নীতি হয়, বিচার হয় না—তার অভিঘাত মারাত্মক। মার্কিন সমাজসংস্কারক হেনরি ওয়ার্ড বিচার বলেছিলেন, ‘বিশ্বের সব যুগের সব ভালো বিচারকের গাউন (রোব) জোড়া দিন। কিন্তু সেটা এত দীর্ঘ হবে না যে তা দিয়ে আপনি একজন বিচারকের কলঙ্ক ঢাকতে পারবেন।’
এ প্রসঙ্গে অবশ্য কোনো একটি দেশের বিরাজমান সিস্টেমের কথাও বলতে হয়। আর সে কথা বলতে গেলে ইমেলদা মার্কোসের কথা আমরা স্মরণ করতে পারি।
ফিলিপাইনের একসময়ের ফার্স্ট লেডি ইমেলদা মার্কোস, যিনি কাঁড়ি কাঁড়ি জুতার জন্য খ্যাত। পদ্ধতিগত দুর্নীতি নিয়ে তাঁর একটি ধ্রুপদি মন্তব্য আছে। তিনি বলেছিলেন, ‘তারা আমাকে দুর্নীতিগ্রস্ত বলে। আমি নাকি বিশেষ অধিকার ভোগ করেছি। আসলে একমাত্র সুবিধাভোগী বিষয় হলো আমার মুখমণ্ডল। এবং তাতেই আপনারা দেখছেন দুর্নীতির ছাপ? হায় খোদা, আমি যদি দুর্নীতিগ্রস্তই হতাম, তাহলে আমার মুখশ্রী এমন হতো না। আমার সিস্টেমের কিছু কদর্য দিকের সুরাহা করতে হবে।’
বিচারে অবশ্যই বিচার বিভাগ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। তবে সব যুগেই ব্যক্তির ভূমিকা অনন্য হয়ে উঠতে পারে। আর এখানেই ‘জুডিশিয়াল স্টেটসম্যানশিপ’-এর ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
মিজানুর রহমান খান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক
[email protected]