তিনি এবং তাঁর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি নদী, মাটি ও জনগণের অধীশ্বর! বাঙ্গালী নদীর এপাড়-ওপাড় বরাবর বাঁধ দিয়েছেন, বাঁধের ওপর বাজার বসাচ্ছেন, বাঁধের দুই পারে চালাচ্ছেন মাছের খামার। এই বাঁধের কারণে নদীতে পানির চাপ তৈরি হয়ে কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে, কয়েকটি সেতু হুমকির মুখে পড়েছে, অনেক মানুষের বসতঘর ও জমি প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন জানে, ভূমি দপ্তর জানে, কিন্তু সকলই গরল ভেল; কারণ, এই ‘তিনি’ বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নাম তাঁর এম এ তারেক।
প্রকৃতি ও সমাজের ওপর এ রকম তুঘলকি কাণ্ড এম এ তারেক এক দিনে চালাননি। একটি জীবন্ত নদীতে বাঁধ দিতে দীর্ঘ সময় লাগে। এই পুরোটা সময়, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং পানি ও ভূমি প্রশাসন কী করেছে? ঘটনার অনেক পরে তাঁরা সরেজমিনে তদন্ত করেছেন বটে, সেই তদন্তের একটি প্রতিবেদনও জেলা প্রশাসন তৈরি করেছে। প্রতিবেদনে নদী দখল, এর প্রতিক্রিয়ায় ফসলি জমিও বসতি এবং সেতু হুমকিতে—সবকিছুর সত্যতা পাওয়া গেছে।
গত ২৫ আগস্ট সেই প্রতিবেদন অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দপ্তরে পৌঁছলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রথম আলোয় বৃহস্পতিবার প্রকাশিত এ-বিষয়ক প্রতিবেদনে দেখা যায়, জেলা প্রশাসক অবহিত, ইউএনও সরেজমিনে পরিদর্শন করেছেন; এদিকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এত দিন তাঁরা কী করেছেন? প্রশাসন আছে কী করতে?
ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের এমন স্পর্ধা দেখে বোঝা যায়, সরকারি দল করার ক্ষমতায় তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। তিনি সরকারি দলের তৃণমূল পর্যায়ের একজন নেতা হতে পারেন, কিন্তু জেলা প্রশাসনও সরকার। রাজনৈতিক ‘সরকারের’ একজন গৌণ প্রতিনিধির তুলনায় রাষ্ট্রীয় প্রশাসনিক সরকারযন্ত্রের ক্ষমতা কোনোভাবেই কম হতে পারে না। সব ক্ষমতা থাকা সত্ত্বেও তাঁরা এ রকম ‘ক্ষমতাহীন’ হয়ে পড়লেন কেন—এর ব্যাখ্যা তাঁদেরই দিতে হবে।
নদী দখলদার ‘নেতা’কে অবিলম্বে গ্রেপ্তার, অবৈধ বাঁধ উচ্ছেদের মাধ্যমে দ্রুতই ব্যবস্থা নিতে হবে। নেতা ও তাঁর সরকারের মধ্যে অসাধু যোগসাজশের বাইরে দাঁড়িয়ে প্রশাসনকে এখনই পদক্ষেপ নিতে হবে।