চলনবিল অঞ্চলের সিংড়া ও তাড়াশ উপজেলার প্রায় ২০টি গ্রামে ১০০ একরেরও বেশি জমিতে এ বছর তিল চাষ হয়েছে। সরিষা চাষে কৃষক বাম্পার ফলন পাওয়ায় কৃষি ক্ষেত্রে তাঁদের আগ্রহ অনেকাংশে বেড়ে গেছে। তাই বাড়তি ফসল হিসেবে তাঁরা তিল চাষে ঝুঁকে পড়েন। বিগত কয়েক বছরে চলনবিলে এ বছরের মতো এত তিল চাষ আর কখনো দেখা যায়নি। এ জন্য চলনবিলের প্রায় সব কৃষকই তিল চাষ থেকে আশানুরূপ ফলন পাবেন বলে মনে করছেন।
আবাদের শুরুতে আবহাওয়া অনুকূল থাকায় তিলগাছের চারা ভালোভাবে বেড়েছে। এতে কৃষকেরা অধিক ফলন পাওয়ার আশা করছিলেন। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ এই তিলের চারাগাছে নানা ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে। এসব পোকা তিলগাছের কচি পাতা ও ডগা খেয়ে ফেলছে। তাই এসব পোকা দমনে কৃষকেরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার পরও এর কোনো সুফল পাচ্ছেন না। বরং পোকার আক্রমণে খেতের পর খেতের ফসল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চলের তিলচাষিরা চরম বিপাকে পড়েছেন। তাঁরা সঠিক পরামর্শ পাচ্ছেন না। এ অবস্থায় কৃষি অফিসের কৃষি কর্মকর্তার মাধ্যমে মাঠপর্যায়ের কৃষকদের জন্য কৃষি মাঠকর্মীদের সঠিক পরামর্শ প্রয়োজন। এতে করে তিলচাষি এ কৃষকেরা এই বিপাক থেকে কিছুটা হলেও মুক্তি পেতেন।
এমতাবস্থায়, চলনবিলের তিলচাষিদের এই হতাশা থেকে রক্ষা করার জন্য কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
দিলরুবা রিজওয়ান, সিংড়া, নাটোর।