তুচ্ছ কারণে আঞ্চলিক হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে যখন হরতাল ডাকা হয়, তখন আমরা নড়েচড়ে বসি। অর্থনীতির ক্ষতি বা জনদুর্ভোগ—এসব নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রায় নিয়মিতই দেশের কোথাও না কোথাও নানা অজুহাতে হরতাল পালিত হচ্ছে। দেশের জনগণের জন্য এখন বড় বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে এসব আঞ্চলিক হরতাল।
রংপুর জেলায় আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল—এ খবরটি হয়তো অনেকের নজর কাড়েনি। কিন্তু রংপুর জেলাবাসীকে এই দিনটি দুর্ভোগের মধ্য দিয়েই কাটাতে হবে। জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের ক্লাস, পড়াশোনা ও পরীক্ষা—সবই ক্ষতিগ্রস্ত হবে, ব্যাহত হবে যানবাহন চলাচল। এই জেলার সঙ্গে ব্যবসা-বাণিজ্য বা অন্য নানা কারণে সম্পৃক্ত বাইরের লোকজনও একই দুর্ভোগের মুখোমুখি হবে।
কেন এই হরতাল? গত ১৯ মে জেলা যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতেই এই হরতাল ডেকেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুব ও ছাত্রদল পর্যায়ের ছয় নেতার জন্য আগামী বৃহস্পতিবার পুরো দিন জিম্মি হয়ে থাকতে হবে জেলার জনগণকে। হরতাল পালন করবে কি করবে না, সে অধিকার তো জনগণের নেই। গাড়ি পোড়ানো, হামলা বা ভাঙচুর—এসবের ভয়ে লোকজন হরতাল পালনে বাধ্য হয়। এই অবস্থায় হরতালের ডাক দিলে যেহেতু পালিত হয়, তাই ডাক দিলেই হলো। বিষয়টি এখন স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছু নয়। ১২ জুন দৌলতদিয়ায় হরতাল পালিত হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতার ওপর হামলার প্রতিবাদে। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগীরা এই হরতালের ডাক দিয়েছিল। এ জন্য আধা বেলা অচল ছিল দৌলতদিয়া ঘাট। চরম দুর্ভোগের মুখে পড়েছিল দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা। পাঁচ বাঙালি সংগঠনের ডাকে ৯ জুন থেকে তিন পার্বত্য জেলায় পালিত হয়েছে টানা ৭২ ঘণ্টার হরতাল।
কারণে-অকারণে এই হরতাল ডাকার স্বেচ্ছাচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।