তৃণমূলে ক্ষমতাসীনদের লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির ১৯০টি প্রকল্পের সিংহভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী লুটপাট করেছেন বলে বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ উঠেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার ওপর দায় চাপাতে চেয়েছেন আর সংশ্লিষ্ট কর্মকর্তা, যাঁর পদায়ন এখন অন্যত্র, তিনি নিজের দায় এড়াতে চেয়েছেন ওই এলাকার সাবেক সাংসদের ওপর। কিন্তু এভাবে দায় এড়ানোর চেষ্টা যতই করা হোক না কেন, তৃণমূল পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর জন্য বরাদ্দ অর্থ কিংবা চাল-গম লুটপাটের বিষয়টি কারও অজানা নয়।
তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের লোকজনের লুটপাটের অভিযোগ এত ব্যাপক যে স্থানীয় জনসাধারণ যেন ধরেই নিয়েছে যে এর প্রতিকার নেই, ক্ষমতাসীনদের যেন এটাই কাজ। এর কারণ, এসব অভিযোগের প্রতিকার করা হয় না। লুটপাট যেন একটি স্থায়ী ব্যবস্থায় রূপ নিয়েছে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টেস্ট রিলিফ (টিআর), এমনকি হতদরিদ্র-নিঃস্ব, ভালনারেবল বা নাজুক জনগোষ্ঠীর জন্য সহায়তামূলক ভিজিএফ বরাদ্দের, চাল-গম-টাকা ক্ষমতাসীন দলের লোকজনের লুটেপুটে খাওয়ার অভিযোগ যেন প্রতিকারহীনভাবে সব সরকারের আমলেই চলে আসছে।
এটা যে অন্যায় ও ফৌজদারি অপরাধ, সে উপলব্ধিও যেন অনেকের নেই। যেমন, নান্দাইলের রাজগাতি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান প্রথম আলোর কাছে অবলীলায় স্বীকার করেছেন, কালীগঞ্জ বাজারের শৌচাগার নির্মাণ প্রকল্প থেকে তিনি ২৫ হাজার টাকা ‘পেয়েছেন’। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই প্রকল্পের সভাপতি হয়ে তিনি পাঁচ টন চাল আত্মসাৎ করেছেন। কিন্তু তাঁর দাবি অনুযায়ী ওই ২৫ হাজার টাকা কি তিনি সৎভাবে পেয়েছেন? পাননি।
তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীনদের এসব দুর্নীতি থেকে গোটা রাজনৈতিক ব্যবস্থার অনৈতিক বৈশিষ্ট্য প্রকটভাবে ধরা পড়ে। সরকার এসব বিষয়ে মোটেও গুরুত্ব দেয় না; যদিও এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসবের অবসান ঘটাতে হবে, কারণ অনৈতিক অনুশীলনের ব্যাপকতার মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটতে পারে না।