তৃষ্ণা নিবারণের ফজিলত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহে রমজানে কোনো রোজাদারকে পানাহার তথা সেহ্‌রি ও ইফতার করানোর অশেষ সওয়াব ও নেকি অর্জন করা যায়। এ মাসে রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে একটা বাড়তি পুণ্য লাভ করা যায়। যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে পরিতৃপ্তভাবে পানাহার ও তৃষ্ণা নিবারণকরাবেন, প্রতিদানে আল্লাহ তাআলা তাঁকে হাউসে কাওছার থেকে এমন পানীয় পান করাবেন, যার ফলে তিনি জান্নাতে প্রবেশ করার আগে তৃষ্ণার্ত হবেন না। সারা দিন সিয়াম শেষে একজন রোজাদারের ইফতার করা ও করানোর মধ্যে রয়েছে অনাবিল আনন্দ, অশেষ নিয়ামত, রহমত ও বরকত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবেন, তা তাঁর জন্য গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে রোজাদারের সমান সওয়াবের অংশীদার হবে।অথচ রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ‘হে রাসুলুল্লাহ! আমাদের প্রত্যেকেই এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাতে পারে।’ নবী করিম (সা.) বললেন, ‘এই সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়ালে অথবা এক ঢোঁক পানি পান করালে অথবা এক চুমুক দুধ পান করালেও দান করবেন। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবেন, আল্লাহ তাকে হাউসে কাওছার থেকে এমন পানি পান করাবেন, যার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না।’ (বায়হাকি, ইবনে খুজাইমা)

কিয়ামতের ময়দানে বেহেশত থেকে প্রবাহিত দুটো পানির ধারা এনে একটা বিশাল হাউসে জমা করা হবে। যার নাম হলো ‘হাউসে কাওছার’। ওই হাউসের নিয়ন্ত্রণের ক্ষমতা মহান আল্লাহ তাআলা তাঁর সর্বাধিক প্রিয় বন্ধু বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাতে দান করবেন। যাঁরা পৃথিবীতে শরিয়তের বিধিবিধান অনুসরণ করে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম মাহে রমজানের রোজা পালন করবেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর ওই সব রোজাদার উম্মতকে ওই মঙ্গলের প্রাচুর্যময় হাউস থেকে পানি পান করাবেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি।’ (সূরা আল-কাওছার, আয়াত; ১)

দয়াময় আল্লাহর অপূর্ব করুণাধারা ‘হাউসে কাওছার’। বুখারি শরিফের হাদিসে পাওয়া যায়, নবী করিম (সা.) সেদিন হাউসে কাওছারের পাশে অবস্থান করবেন। হাশরের ময়দানে প্রচণ্ড উত্তাপে পাপীদের মাথার মগজ টগবগ করে ফুটে নাক-কান বেয়ে গড়িয়ে পড়তে থাকবে। তৃষ্ণার্ত মানুষ শুধু পানি পানি বলে চিৎকার করবে। তখন নবী করিম (সা.) তাঁর অনুসারীদের পানি পান করাবেন। হাউসে কাওছার-সংক্রান্ত ব্যাপারে ৫০ জনের অধিক সাহাবি হাদিস বর্ণনা করেছেন। জান্নাতের একটি বিশেষ প্রস্রবণ হাউসে কাওছারের পানি সম্পর্কে হাদিস শরিফে বলা হয়েছে, ‘দুধের চেয়ে সাদা, আরামদায়ক ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মৃগনাভির চেয়েও সুগন্ধযুক্ত।’

মাহে রমজানে সহমর্মিতার যে মহান শিক্ষা অনায়াসে তা গ্রহণ করে সমাজজীবনে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে রোজাদারদের আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। বিশেষ করে রোজা রাখা অবস্থায় রোজাদারের মনে তার অন্যান্য গরিব-দুঃখী ভাইয়ের প্রতি খুব বেশি পরিমাণে সহানুভূতি থাকা বাঞ্ছনীয়। কারণ নিজে ক্ষুধার্ত ও পিপাসার্ত হওয়ার দরুন খুব ভালো করেই অনুভব করতে পারেন যে আল্লাহর গরিব অসহায় বান্দারা দুঃখ-কষ্ট ও অভাব-দারিদ্র্যে কীভাবে মানবেতর দিন কাটায়!

হাদিসে কুদসিতে বর্ণিত আছে, ‘আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, “হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করোনি।” সে বলবে, “হে প্রভু! আপনি তো জগৎসমূহের প্রতিপালক! কীভাবে আপনার সেবা করব?” আল্লাহ বলবেন: “আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করোনি। তুমি কি জানতে না তার সেবা করলে তুমি আমাকে তার কাছে পেতে? হে আদম সন্তান! আমি তোমার কাছে খাদ্য চেয়েছি, তুমি দাওনি।” সে বলবে, “হে প্রভু! আপনি তো জগৎসমূহের প্রতিপালক! কীভাবে আপনাকে খাদ্য দেব?” আল্লাহ বলবেন, “আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছে, তুমি তাকে খাবার দাওনি। তুমি কি জানতে না যে তাকে খাবার দিলে তুমি তার প্রতিদান আমার কাছে পেতে? হে আদম সন্তান! আমি তোমার কাছে পান করতে চেয়েছি অথচ তুমি আমাকে পান করাওনি।” সে বলবে, “হে প্রভু! আপনি তো জগৎসমূহের প্রতিপালক! কীভাবে আপনাকে পান করাব?” আল্ল­াহ বলবেন, “আমার অমুক বান্দা তোমার কাছে পান করতে চেয়েছে অথচ তুমি তাকে পান করাওনি। তুমি তাকে পান করালে তার প্রতিদান আমার কাছে পেতে।”’ (মুসলিম)

রোজা রেখে আর্তমানবতার প্রতি সাহায্য-সহানুভূতি ও দয়া-মায়া প্রদর্শন করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং রোজাদারের ইহলৌকিক ও পরকালীন জীবনে সফলতা আসে। এ সম্পর্কে নবী করিম (সা.) বিশেষ পুরস্কারের কথা সানন্দে ঘোষণা করে বলেছেন, ‘এক মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করলে আল্লাহ তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো মুসলমানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করালে আল্লাহ তাকে জান্নাতের ​িসলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানি পান করাবেন।’ (আবু দাউদ)

বেহেশতে অসংখ্য পানপাত্র থাকবে, সেই পাত্রে আল্লাহর প্রকৃত মুমিন বান্দারা পানি পান করবেন, যেই রোজাদার ব্যক্তি ওই পানি পানের সৌভাগ্য লাভ করবেন, তিনি আর পিপাসা অনুভব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার সবাইকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দান করে জান্নাতের বিশেষ প্রস্রবণ থেকে হাউসে কাওছারের পানি পান করার তাওফিক দিন!

ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।