বাংলাদেশের তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (অ্যাকর্ড) পোশাক কারখানাগুলোর পরিস্থিতি সম্পর্কে দ্বিতীয় যে প্রতিবেদনটি দিয়েছে, তাতে কিছুটা স্বস্তির চিত্র পাওয়া যাচ্ছে। ৭৫০টি পোশাক কারখানা পরিদর্শন করে ১৪টিকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যার অর্থ দাঁড়াচ্ছে, পরিদর্শন করা কারখানাগুলোর মধ্যে মাত্র ২ শতাংশের অবস্থা নাজুক। আর ঝুঁকির কারণে উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো কারখানার সংখ্যা মাত্র চারটি। কারখানাগুলোর নিরাপত্তাঝুঁকির ক্ষেত্রে পরিস্থিতি যে উন্নতির দিকে যাচ্ছে, সেটা স্পষ্ট। তবে সামগ্রিকভাবে এই শিল্পের টেকসই বিকাশ ও শ্রমিকস্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে আরও অনেক পথ হাঁটতে হবে।
বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর ঝুঁকি পরিস্থিতির উন্নতির যে লক্ষণ অ্যাকর্ডের প্রতিবেদনে দৃশ্যমান হয়েছে, তা এমনিতে হয়নি। তাজরীন ফ্যাশনস বা রানা প্লাজার মতো ভয়াবহ দুর্ঘটনা ও অসংখ্য শ্রমিকের জীবনের মূল্যে তা হয়েছে। আইএলও, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন শ্রমিক সংগঠন, দেশি-বিদেশি নানা মহল ও ক্রেতাদের ক্রমাগত চাপে তৈরি পোশাকশিল্পের মালিকেরা কারখানাগুলোর নিরাপত্তাঝুঁকির প্রতি মনোযোগী হতে বাধ্য হয়েছেন। অ্যাকর্ডের কারখানা পরিদর্শনে নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে, সেগুলো হলো বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনির্বাপণব্যবস্থা ও ভবনের অবকাঠামোগত নিরাপত্তা। তৈরি পোশাক কারখানা, যেখানে শত শত শ্রমিক কাজ করেন, সেখানে এই দিকগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা খুবই অবশ্যকরণীয়। বাস্তবতা হচ্ছে, নিরাপত্তার এই দিকগুলোও দীর্ঘদিন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে অনেক ক্ষেত্রে অনুপস্থিত ছিল।
বাংলাদেশের তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো পরিদর্শন করে এর নিরাপত্তার ক্ষেত্রে কিছু সাধারণ ঝুঁকি চিহ্নিত করেছে। ভবিষ্যতে তৈরি পোশাকের কোনো কারখানা তৈরির ক্ষেত্রে যদি এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, তবে শুরু থেকেই নিরাপত্তার মান নিশ্চিত করে একটি কারখানা কাজ শুরু করতে পারবে। একইভাবে বর্তমান কারখানাগুলোও ঝুঁকিগুলোকেও কমিয়ে একটি সাধারণ নিরাপত্তার মান নিশ্চিত করতে পারবে। কারখানা পরিদর্শনের পর্যবেক্ষণ থেকে অ্যাকর্ড নিরাপত্তা বিষয়ে কিছু পরামর্শও তুলে ধরেছে। এসব পরামর্শ যথাযথভাবে মানা গেলে পোশাকশিল্পের কারখানাগুলোর নিরাপত্তা ইস্যুটি সহজেই উতরে যাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি। যে চারটি কারখানা ঝুঁকির কারণে বন্ধ করে দিতে বলা হয়েছে, সেগুলোর শ্রমিকদের ছয় মাসের বেতনসহ কর্মপরিবেশ উন্নত করা সাপেক্ষে কারখানা চালুর প্রস্তাবও বাস্তবসম্মত।
তবে ঝুঁকিহীন কর্মপরিবেশ নিশ্চিত করা যেমন পোশাকশিল্পের মালিকদের জন্য অবশ্যকরণীয়, তেমনি যথাযথ মজুরির বিষয়টিও নিশ্চিত করতে হবে। অ্যাকর্ড যখন গত বুধবার এই প্রতিবেদন প্রকাশ করে, সেদিনও বকেয়া বেতন-ভাতার দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করতে হয়েছে। বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষের বিষয়টি এই খাতে এখনো বড় সমস্যা হিসেবে ঝুলে রয়েছে। প্রতিবছরই ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের পথে নামতে হয়। আমরা আশা করব, এবার তেমন কোনো পরিস্থিতি তৈরি হবে না।