তৈরি পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে তৈরি পোশাকশিল্প অর্থনীতির চাকাকে গতিশীল করছে এবং রপ্তানি আয়ের ৮৩ শতাংশ অর্জন করছে, সেই শিল্পের শ্রমিকদের সবচেয়ে কম মজুরি পাওয়ার সংবাদটি উদ্বেগজনক। যেখানে ট্যানারিশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা, জাহাজভাঙা শিল্পে ১৬ হাজার এবং ওষুধশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার ৫০ টাকা—সেখানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা পান মাত্র ৫ হাজার ৩০০ টাকা। ২০১৩ সালের মজুরি বোর্ডের হিসাব এটি।

গত জানুয়ারি মাসে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড গঠিত হলেও গত আট মাসেও তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। ‘মজুরি বাড়ালে শিল্প বাঁচবে না’ বলে শুরু থেকেই মালিকপক্ষ শোরগোল তুলেছে। শিল্পের মোট ব্যয়ের তুলনায় শ্রমিকদের মজুরি এত কম যে তাঁদের এই যুক্তি ধোপে টেকে না। রপ্তানিমুখী শিল্প হিসেবে তাঁরা সরকারের কাছ থেকে কর রেয়াতসহ নানা সুবিধা পেয়ে থাকেন।

শ্রমিক সংগঠনগুলো প্রথমে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি করেছিল, পরে তাদের অবস্থান থেকে সরে এসেছে। সর্বশেষ তারা ১২ হাজার টাকা নির্ধারণের কথা বলেছে। কিন্তু মালিকপক্ষ ৬ হাজার ৩০০ টাকার বেশি দিতে নারাজ। গত পাঁচ বছরে মূল্যস্ফীতি হয়েছে ৩২ শতাংশ। সেই হিসাবেও ন্যূনতম মজুরি আরও অনেক বেশি হওয়ার কথা। সিপিডির গবেষণায় বলা হয়েছে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকার বেশি হওয়া উচিত।

 কম মজুরির প্রস্তাবের পক্ষে মালিকপক্ষের যুক্তি হলো প্রতিযোগী অন্য দেশের চেয়ে পোশাকশ্রমিকদের উৎপাদনশীলতা কম। উৎপাদনশীলতা কম হলে সেটি বাড়ানোর জন্য তাঁরা কোনো কার্যকর পদক্ষেপ কেন নিলেন না? শ্রমিকদের ঠকানোর কূটকৌশল গোটা শিল্পেই বিপর্যয় ডেকে আনতে পারে। গতকাল সোমবার প্রথম আলোয় ‘জোড়াতালির জীবন শ্রমিকের’ শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে তাঁদের কষ্টকর যাপিত জীবনের চিত্রই উঠে এসেছে। একজন শ্রমিকের মৌলিক যে চাহিদা, সেটি পূরণ না হলে মালিকপক্ষ শ্রমিকদের কাছে যে উৎপাদনশীলতা আশা করে, তা কখনোই অর্জিত হবে না। 

অক্সফামের গবেষণায় বলা হয়, বাংলাদেশে একজন সাধারণ মানুষের খেয়ে-পরে বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরি প্রয়োজন ২৫২ মার্কিন ডলারের সমান অর্থ। ২০১৫ সালের ডিসেম্বরে প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী চীনে শ্রমিকের ন্যূনতম মজুরি ১৫৫ ডলার, ভিয়েতনামে ১০০ ডলার, ভারতে ৭৮ ডলার, কম্বোডিয়ায় ১২৮ ডলার ও পাকিস্তানে ৯৯ ডলার। আর দ্বিতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক বাংলাদেশে শ্রমিক পান মাত্র ৬৮ ডলার। গত কয়েক বছরে তৈরি পোশাকশিল্পে মোটামুটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তাই মালিকপক্ষের উচিত হবে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি নিশ্চিত করা। শ্রমিকদের মধ্যে বঞ্চনার বোধ ও অসন্তোষ দূর করতে চাইলে এর কোনো বিকল্প নেই।