তোমার এই হাহাকার আমরা যদি একটু বুঝতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
প্রধানমন্ত্রীর সঙ্গে কষ্ট বিনিময় রমা চৌধুরীর
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের জীবনসংগ্রামের কথা জানালেন একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী। তাঁর কথাই তুলে ধরেছেন শরিফুল হাসান তাঁর প্রতিবেদনে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মাহবুব হোসেন খান লিখেছেন: এ রকম কিছু সংবাদ আমাদের আশাবাদী করে তোলে যে, আমরা আমাদের সরকারের কাছ থেকে এখনো ভালো কিছু পেতে পারি।
মো. মনিরুল ইসলাম খান: আমরা কতটা দুর্ভাগা জাতি। এমন একজন বঙ্গজননীর এতটুকু মর্যাদা আজ আমরা দিতে পারিনি। যাদের বর্বরতায় আজ নিজের সন্তান-সম্ভ্রম-ভিটেমাটি সব হারিয়েছেন আমাদের এই মা, তারাই দেশের পতাকা গাড়িতে লাগিয়ে এই মায়ের বুকের ওপর দিয়ে ঘুরে বেড়ায় এবং আমাদের তাদের স্যালুটও করতে হয়। হায় রে আমার বাংলাদেশ। মা, তুমি কেন এই দেশের জন্য এতটা করলে? তোমার এই হাহাকার কতটা কষ্টের, আমরা সবাই যদি একটু বুঝতে পারতাম।
এম এস রহমান: মা রমা চৌধুরী, আমি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ করেছিলাম সুখী-সমৃদ্ধ সমাজ পাওয়ার আশায়। জানি না কতটুকু পেয়েছি। কিন্তু পতাকা পেয়েছি এবং পেয়েছি তোমার মতো মা, যারা তার দুঃখের কথা বলতে পারছে। তোমাদের সম্ভ্রম ও আমাদের ত্যাগের বিনিময়ে যদি এ স্বাধীনতাটুকু না পেতাম, তবে কী করে জানতাম তোমার এ আদর্শবাণী? হাজার সালাম তোমাকে।

মো. রেজাউল করিম: রমা চৌধুরীকে বলব, বাংলাদেশ আপনাকে স্মরণ করবে যুগের পর যুগ। আমরা বাংলাদেশে আছি আপনাদের মতো কিছু লোকের ত্যাগের কারণে। তাই বাংলাদেশ গর্ববোধ করে আপনার জন্য। প্রধানমন্ত্রীকে বলব, সরাসরি আর্থিক সহায়তা ছাড়াও রমা চৌধুরীর জন্য অনেক কিছু করার আছে। তাঁঁর অভিজ্ঞতা বাংলাদেশের অনেক ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ আছে। তাই প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ রইল, তাঁর অভিজ্ঞতা বাংলাদেশের জন্য যেন কাজে লাগানোর সুযোগ দেওয়া হয় এবং তাঁর একটা সম্মানজনক কর্মসংস্থানও হয়। ধন্যবাদ প্রধানমন্ত্রী ও রমা চৌধুরীকে।

বিএনপির শীর্ষস্থানীয় নেতারা জানেন না
খালেদা জিয়ার ভবিষ্যতের ‘নতুন ধারার সরকার’ সম্পর্কে বিশেষ কিছুই জানেন না বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বিপ্লব রায় লিখেছেন: মূলত ক্ষমতায় যাওয়ার আগে সব রাজনীতিকই এমন লোভনীয় প্রতিশ্রুতি জনগণের কাছে দেন। কিন্তু বাস্তবে এর রূপ পুরোপুরি ভিন্ন। এসব প্রতিশ্রুতিকে রাজনৈতিক বিজ্ঞাপন বলা যায়। যে দল যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গায়, তারা নতুন ধারার সরকার গঠন করতে পারবে বটে। কিন্তু তা জনগণ ও দেশের জন্য কতটা কল্যাণকর, সেটাই প্রশ্ন।
ফাইজুল: সাধারণ জনগণও চায় বিএনপি তার পুরোনো দুর্নীতির ধারা থেকে বেরিয়ে নতুন করে সরকার গঠন করবে, যেখানে দুর্নীতির সঙ্গে কেউ আপস করবে না। প্রশাসন দলীয়করণের ধারা থেকে বেরিয়ে আসবে। তাহলেই খালেদা জিয়ার নতুন ধারার সরকার মানুষের কল্যাণ বয়ে আনতে পারবে। অন্যথায় এসব নতুন ধারার সরকার জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবে না।
মো. শফিকুর রহমান: ক্ষমতার গন্ধ তারা পেয়ে গেছে। মারামারি শুরু করেছে। ভিন্নধারার রাজনীতি বা সরকার গঠন করতে হলে তাদের স্বাধীনতার মূল্যবোধ বজায় রেখে রাজনীতি করতে হবে। তারা তো রাজাকার পুনর্বাসন করেছে। স্বাধীনতার মূল লক্ষ্য কী, সেটা ভুলে ভিন্নধারার রাজনীতি হবে না। শ্রমিক শ্রেণীর অধিকার তারা কখনো প্রতিষ্ঠা করার চেষ্টা করেনি।
মুশতাক আহমেদ: খালেদা জিয়া ঘোষিত ‘নতুন ধারার সরকার’ নিয়ে দলটির নীতিনির্ধারণী স্থায়ী কমিটির আটজন সদস্য এবং গুরুত্বপূর্ণ কয়েকজন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় পদে নেই কিন্তু বিএনপির নীতিনির্ধারণে ভূমিকা রাখেন এমন কয়েকজন ব্যক্তির পক্ষে জানার কথা নয়। কারণ, বাংলাদেশের গণতন্ত্র এখনো পারিবারিকভাবে বন্দী হয়ে আছে। অতএব এটা নিয়ে মাথা নষ্ট না করাই ভালো। নীতিনির্ধারণী স্থায়ী কমিটির আটজন সদস্য ও গুরুত্বপূর্ণ কয়েকজন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় পদে নেই কিন্তু বিএনপির নীতিনির্ধারণে ভূমিকা রাখেন এমন কয়েকজন ব্যক্তিকে বলছি, ‘জি ম্যাডামে’র মধ্যেই থাকুন। অন্যথায় মন্ত্রিত্ব পাবেন না।

সিটি নির্বাচনের হার রাজনৈতিক হার নয়: ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে হেলাল লিখেছেন: ওবায়দুল কাদের ভাই, এখানে আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না! আপনি কি মনে করেন, জনগণ যে বিরোধী দলকে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করল, সেটা কি তাহলে জনগণের ভুল ছিল? এখানে আপনি যা বলেছেন, তা কি আপনি ঠিক বলেছেন? যদি আপনাদের এতই জনপ্রিয়তা থাকে, তাহলে কেন আপনারা নির্বাচনের ব্যাপারে এত চিন্তিত! কেন তাহলে নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়কের হাতে নির্বাচন হতে দিচ্ছেন না? দেখেন না জনগণ কাদের ভোট দিয়ে নির্বাচিত করে। কি, করবেন নাকি এই পদ্ধতি? যদি এতই উন্নয়ন করে থাকেন, তাহলে বাংলার জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করে কেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করতে হলো? এখন আপনারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছেন কেন? ভয় হয় যদি নির্বাচনে বিরোধী দলের কাছে হেরে যান, যেমন হেরে গেছেন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে! এ দেশের বোকা জনগণ কিন্তু সবই বোঝে আর তাই তারা ঠিক করবে, কাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
আরিব: দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আর সেই নির্বাচনে বিএনপি না এলে আপনারা আওয়ামী লীগের একাংশও নির্বাচন বর্জন করবেন?

ভারতের চেয়ে যেখানে এগিয়ে বাংলাদেশ
সামাজিক অনেক সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। অমর্ত্য সেন ও জ্যঁ দ্রজ তাঁদের সাম্প্রতিক বইয়ে এই কথা তুলে ধরেছেন। এ সম্পর্কে মো. ইকবাল হোসেন লিখেছেন: অমর্ত্য সেন তাঁর অ্যান আনসার্টেইন গ্লোরিতে আরও উল্লেখ করেছেন যে ভারতে প্রায় অর্ধেক লোক স্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করে না, কিন্তু বাংলাদেশে এ হার মাত্র ৮ শতাংশ। এবার আমার মতামত দিই, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তার কারণ, এ দেশের প্রবাসী শ্রমজীবী, ব্যবসায়ী, কিছু কিছু এনজিও, বেসরকারি সংস্থা এবং সর্বোপরি সাধারণ জনগণ। এ উন্নয়নে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো অবদান নেই। রাজনৈতিক ব্যক্তিরা দেশের উন্নয়নকে আরও বাধাগ্রস্ত করেছে। না হলে দেশটার আরও উন্নতি হতো।
ওয়াহিদ হোসেন সিদ্দিকী: বাংলাদেশের মানুষ মেধাবী, কর্মঠ ও সৃষ্টিশীল। রাজনৈতিক অস্থিতিশীলতা ও সংঘাত এবং মুষ্টিমেয় লোকের দুর্নীতি পরিহার করতে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত।
সনৎ: অ্যান আনসার্টেইন গ্লোরি বইটি পড়ার উৎসাহ বোধ করছি। তাঁদের মতামত সঠিক। বাংলাদেশ থেকে অবিচার এবং ধর্মান্ধতা দূর করা সম্ভব হলে এই দেশ হবে দক্ষিণ এশিয়ার মডেল।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)