নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফ হোসেন ওরফে লিটনকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ায় সত্য উদ্ঘাটনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আন্তরিকতা প্রমাণিত হলেও ন্যায়বিচার সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তিকে তখনই রিমান্ডে নেয়, যখন তাঁর কাছ থেকে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করে। সেদিক থেকে ইউসুফ হোসেনকে দ্বিতীয়বার রিমান্ডে নেওয়া যৌক্তিক বলেই আমরা মনে করি। কিন্তু হত্যা মামলার বিচারের জন্য সত্য উদ্ঘাটনই যথেষ্ট নয়। এই হত্যার সঙ্গে জড়িত সবাইকে পাকড়াও করতে না পারলে তথ্যপ্রমাণ যতই উদ্ধার করা হোক না কেন, কাজে আসবে না।
ইউসুফ হোসেনের জবানবন্দির ভিত্তিতেই র্যাব সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রক্তমাখা প্যান্টসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। সে সময় র্যাবের কর্মকর্তারা আজমেরী ওসমানকে খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছিলেন। অথচ পরবর্তী সময়ে তাঁকে সেই ভবনে দেখা গেছে এবং তিনি সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র সরিয়ে নিয়েছেন বলেও পত্রিকায় খবর এসেছে। র্যাবের নজরদারির মধ্যে তিনি কীভাবে এসব সরাতে পারলেন? পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বাহ্যত একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও এটিকে নির্যাতন কেন্দ্র বা টর্চার সেল হিসেবেই ব্যবহার করা হয়। যেখানে দেশে আইনের শাসন আছে বলে সরকারের নীতিনির্ধারকেরা দাবি করেন, সেখানে ব্যক্তিবিশেষ এভাবে নির্যাতন কেন্দ্র পরিচালনা করেন কীভাবে? ত্বকী হত্যার ন্যায়বিচার পেতে হলে কেবল চুনোপুঁটিদের ধরলে চলবে না, তাদের পেছনের রাঘব-বোয়ালদেরও পাকড়াও করতে হবে।
অধিকতর তথ্য-প্রমাণ পাওয়ার উদ্দেশ্যে র্যাব ইউসুফ হোসেনকে দ্বিতীয়বার রিমান্ডে নিয়েছে। কিন্তু সেই তথ্যপ্রমাণের জোগানদার বা মূল হোতাদের রক্ষার চেষ্টা হলে তদন্তই কেবল প্রশ্নবিদ্ধ হবে না, ত্বকী হত্যার বিচারও অনিশ্চিত হয়ে পড়বে। কারও চোখ রাঙানিতে আইনের গতি যেন থেমে না যায়, তদন্ত কর্মকর্তাদের কাছে সেটা নিশ্চিত করতে হবে।