বিখ্যাত চেক লেখক মিলান কুন্দেরা তাঁর দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগটেন (১৯৭৯)-এ লিখেছেন, ‘বাংলাদেশের রক্তক্ষয়ী নির্বিচার হত্যাকাণ্ড আলেন্দেকে ভুলিয়েছে। সিনাই মরুভূমির যুদ্ধের হট্টগোলে বাংলাদেশের আর্তনাদ নিমজ্জিত হয়েছে।... এভাবেই প্রত্যেকে পুরোপুরি ভুলে না যাওয়া পর্যন্ত চলছে এবং চলছে তো চলছে।’
বিশ্ব একাত্তরের গণহত্যা বিস্মৃতির অতলে হারিয়ে যেতে দিয়েছে। এখন মনে করার চেষ্টাও করে না। লন্ডন সেমিনার সম্পর্কে প্রথম আলোয় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের ১৪ ডিসেম্বরের প্রতিবেদনটি তারই সাক্ষ্য দিচ্ছে। তবু ভালো, সেখানকার বুদ্ধিজীবীরা সমস্বরে তা স্বীকার করেছেন। বিচারহীনতার চেয়ে বিস্মৃতি আরও ভয়ংকর। জামায়াতের যুদ্ধাপরাধী অংশের দায় আরও গর্হিত। কারণ, তারা গণহত্যা অস্বীকার করে চলেছে।
প্রিন্সটন অধ্যাপক গ্যারি জে বাসের ফরগটেন জেনোসাইড বইয়ের প্রচ্ছদে অর্চার ব্লাডের একটি টেলিগ্রাম মুদ্রিত হয়েছে। একাত্তরের মার্চের এই টেলিগ্রামের শিরোনাম ‘সিলেকটিভ জেনোসাইড’। আমি লক্ষ করি, তিনি তাঁর বইয়ের শিরোনামে ফরগটেন জেনোসাইড লিখলেও তিনি ব্লাডের ‘সিলেকটিভ’ শব্দটিকে গুরুত্ব দেন। ৫৮ পৃষ্ঠায় তিনি লিখেন, ক্ষুব্ধ ব্লাড একটি ঝুঁকিপূর্ণ শিরোনাম দিয়ে তারবার্তা পাঠান। তিনি আইনজীবী ছিলেন না। কিন্তু ‘সিলেকটিভ জেনোসাইড’ শব্দটি ব্যবহার করেন, যা ঝাঁকুনি দেয়। পররাষ্ট্র দপ্তরের তারবার্তার যে সান্ত্বনাদায়ক মেজাজ থাকে, তাকে এফোঁড়-ওফোঁড় করে দেয়। বাস ফুটনোটে লিখেন, জেনোসাইড কনভেনশন গণহত্যাকে সংজ্ঞায়িত করেছে। হত্যাযজ্ঞ বা নিপীড়ন চালানো হয় একটি জাতীয়, জাতিগত, বর্ণগত কিংবা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে। তাই ব্লাডের ‘বেছে বেছে গণহত্যা’ সঠিক ব্যবহার।
একাত্তরের গণহত্যা সম্পর্কে বিশ্বকে জাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। নিক্সন-কিসিঞ্জারের ভূমিকার জন্য আমেরিকা নীরবই থাকবে? তাদের নীরবতাও পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জামায়াতকে শক্তি দিচ্ছে। একাত্তরের ২৯ মার্চ ব্যাংকক ডেটলাইনে ওয়াশিংটন পোস্ট-এ সেলিন এস হ্যারিসন লিখেছেন, পঞ্চাশের দশকে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র যখন সমরাস্ত্র সরবরাহ শুরু করে, তখন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তরাষ্ট্র সফরে এসে ঘরোয়াভাবে সতর্ক করেছিলেন যে, এসব অস্ত্র একদিন বাঙালির আকাঙ্ক্ষা দমনেই ব্যবহূত হবে।
১৮ মে ১৯৭১, মার্কিন কংগ্রেসের শুনানিতে বাঙালি হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার সম্পর্কে বলতে গিয়ে হ্যারিসনের ওই প্রতিবেদনটির বরাত দিয়েছিলেন সিনেটর চার্চ। একই দিনে কংগ্রেস নথিবদ্ধ করে ১৬ মে ১৯৭১, ম্যালকম ডব্লিউ ব্রাউনের নিউইয়র্ক টাইমস-এর রিপোর্ট: ‘সৈন্যরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তাড়া করেছে এবং ঠান্ডা মাথায় তাদের সপরিবারে হত্যা করেছে।’ ৭ জুন ১৯৭১, নিউইয়র্ক টাইমস-এ অ্যান্থনি লিউস লিখেছেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞ “সিলেকটিভ”। বুদ্ধিজীবী এবং সমাজের জনমত গঠনকারী অংশ—চিকিৎসক, অধ্যাপক, ছাত্র ও লেখকেরাই টার্গেট।’ নিক্সন-কিসিঞ্জাররা এর প্রতি চোখ মুদে ছিলেন। কিন্তু ওবামা-কেরি চোখ খুলেছেন তার প্রমাণ কী?
১০ জুন ১৯৭১, সিনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে অনর্গল বাংলা বলতে পারা হার্ভার্ডের মেডিকেল স্কুল স্নাতক জন রোড বলেন, ‘আমি ২৫ মার্চ রাতে ঢাকার রাস্তায় ট্যাংকবহরে আমেরিকান এম-২৪ প্যাটনস দেখেছি।’ কিসিঞ্জার গণহত্যাকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলেছিলেন। আর কখনো এ নিয়ে কথা বলেননি। মনে হচ্ছে, তাঁর নেতৃত্বাধীন এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা নীরবতা দিয়ে তারই অনুকূলে বিরতিকাল মানছে। এই নীরবতাও একটি অদৃশ্য শৃঙ্খলবেড়ি। এটা ভাঙতে হবে।
মার্কিন কংগ্রেস রেকর্ডে অ্যান্থনি মাসকারেনহাসের সানডে টাইমস-এ ১৩ জুন, ’৭১ লেখা দেখলাম। তিনি লিখেন, ‘টিক্কা খান ঢাকায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে আমাকে বলেন, তিনটি নীতি বাস্তবায়ন করছেন তিনি ১. বাঙালিরা “অবিশ্বস্ত”। তাই পশ্চিম পাকিস্তানিরাই তাদের শাসন করবে ২. বাঙালিদের ইসলামীকরণ করতে হবে ৩. হিন্দুনিধন ও নির্মূলের পর তাদের সম্পদ দরিদ্র মুসলিমদের মধ্যে বিতরণ করা হবে। ...ইয়াহিয়া ও টিক্কা তাদের এ রকম কর্মসূচির প্রতি এ পর্যন্ত বাঙালি আইনজীবী মৌলভি ফরিদ আহমেদ, ফজলুল কাদের চৌধুরী ও জামায়াতের অধ্যাপক গোলাম আযমের সমর্থন পেয়েছেন।’ [জুলাই ৮, ১৯৭১, কংগ্রেশনাল রেকর্ড, পৃ. ২৪০৯৯]
২০১০ সালের অক্টোবরে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস ছাপে অধ্যাপক ক্রিশ্চিয়ান গারলেকের বই ‘এক্সট্রিমলি ভায়োলেন্ট সোসাইটিজ: মাস ভায়োলেন্স ইন দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি ওয়ার্ল্ড’। গারলেক সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ে আধুনিক ইতিহাস পড়ান। জার্নাল অব জেনোসাইড রিসার্চের সহযোগী সম্পাদক। আমি তাঁকে লিখি: আপনি লিখেছেন, ‘অর্চার ব্লাড অস্বীকার করেছেন যে পাকিস্তান আর্মি পূর্ব পাকিস্তান থেকে বুদ্ধিজীবী নির্মূলে পূর্ণ মনোযোগ দিয়েছিল।’ বললাম, ‘আপনি এ বিষয়ে বিস্তারিত অন্য কোথাও লিখেছেন কি?’ গত ১৬ আগস্টে পাওয়া অধ্যাপক গারলেকের উত্তর: ‘প্রাপ্তিসাধ্য তথ্যসমূহ এটা নিশ্চিত করে না যে, পাকিস্তানিরা বাংলাদেশের বুদ্ধিজীবী গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল। তবে বুদ্ধিজীবীসহ নিহতদের সংখ্যা নির্ধারণ এবং হত্যাকাণ্ড ও বিভিন্ন গোষ্ঠীর বসতি স্থানান্তরের মধ্যকার তফাত দেখানোসংক্রান্ত একটি পেপার আমি তৈরি করেছি। আসন্ন একটি সম্মেলনে তা পেশ করা হবে।’ আমার মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংবেদনশীলতা সৃষ্টিতে মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণ গুরুত্বপূর্ণ।
গারলেক তাঁর বইয়ের ১৩৪ পৃষ্ঠায় অবশ্য লিখেছেন, ‘একাত্তরের ডিসেম্বরে ঢাকা, খুলনা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৮০ জন পর্যন্ত জাতীয়তাবাদী বুদ্ধিজীবী এবং সিভিল সার্ভেন্টদের অপহরণ ও হত্যাকাণ্ড পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় যারা ঘটিয়েছে, তারা হলো প্যারা মিলিটারি আলবদর।’
মাসকারেনহাস লিখেছেন, ‘২৫ মার্চের পর দুই সপ্তাহের মধ্যে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত গণহত্যার ক্যাম্পেইন চলে। এর লক্ষ্য ছিল জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে জড়িত বাঙালি বুদ্ধিজীবী।’
আর এই গণহত্যা সম্পর্কে বিশ্বকে সজাগ করতে দুটি বাধা আগে দূর করা দরকার। পাকিস্তান সেনাবাহিনী ও জামায়াতকে দিয়ে এর দায় স্বীকার করানো।
১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে ছেড়ে দিতে ১৯৭৪ সালে দিল্লিতে যে চুক্তি হয়েছিল, তার টিকে থাকা একটি বাধা। জামায়াতের কাছে দিল্লিচুক্তি একটি বর্ম। দিল্লিচুক্তির ১৩ ধারায় পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী আজিজ আহমেদ নিতান্ত দায়সারা একটি উক্তি করেন। তিনি বলেন, ‘যদি অপরাধ ঘটে থাকে, তার জন্য পাকিস্তান সরকার নিন্দা ও গভীর অনুশোচনা করে।’ এর জবাবে বাংলাদেশ ১৫ ধারায় বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমা ও ভুলে যাওয়ার আবেদন জানানোর প্রেক্ষাপটে বাংলাদেশ ১৯৫ জনের বিচার না করার সিদ্ধান্ত নিল। কোনো রাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে না। বিশ্বমানবতার প্রতি এটি একটি নিষ্ঠুর রসিকতা।
দিল্লিচুক্তি দায়মুক্তি গণ্য হলে সেসব ধারা বাতিল করতে হবে। এ চুক্তির সামনে ছিলেন মিসরের আনোয়ার সাদত, পেছনে কিসিঞ্জার। ওই সময়ে মধ্যপ্রাচ্য কূটনীতিতে সাদত কিসিঞ্জারের জানি দোস্ত হয়ে উঠেছিলেন। এমনকি আমার অনুসন্ধানলব্ধ প্রাথমিক অনুমান হলো, বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নেওয়ার পেছনে কিসিঞ্জারের হাত উড়িয়ে দেওয়া যাবে না। ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে লাহোরে ওআইসি সম্মেলন ও তার দুই মাস পরেই দিল্লিতে চুক্তি হলো। ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার যাতে না হয়, সে জন্য কিসিঞ্জার-মাও সেতুং পণ করেছিলেন। এই তথ্য অনালোচিত যে দিল্লিচুক্তিটা কায়রোতে সারতে সাদত ইন্দিরা গান্ধীকে মিসরে আমন্ত্রণ জানান। বিস্মিত ইন্দিরা তা নাকচ করেন। তখন ভুট্টোসহ মুসলিম দেশগুলোর স্বীকৃতি আদায় পেয়েছিল সর্বোচ্চ অগ্রাধিকার। তাই ১৯৭৩ সালের আইনে বিচার না করতে বঙ্গবন্ধু আপস করেন। তবে এটি ভয়েড অ্যাবিনিশিও বা জন্ম থেকে বাতিল চুক্তি। ভারত ও পাকিস্তানের সঙ্গে এ নিয়ে আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশকে আগে তা বাতিল করতে হবে। তবে ভারতের নাগরিক সমাজের প্রতি আবেদন, তারা যেন ওই চুক্তির মানবতাবিরোধী অংশ বাতিলে সোচ্চার হয়। উপমহাদেশে শান্তির নামে গণহত্যার দায়মুক্তি-সংবলিত চুক্তি থাকতে পারে না। ড. কামাল হোসেন, শরণ সিং ও আজিজ আহমেদ নিজ নিজ দেশের সংবিধান পরিপন্থী ও এখতিয়ারবহির্ভূত চুক্তি করেছিলেন। এ বিষয়ে গলা ফাটিয়ে বিশ্বকে বলার আগে বাংলাদেশের সংসদের উচিত দিল্লিচুক্তিটা প্রথমেই নাকচ করা। (শেষ)
মিজানুর রহমান খান: সাংবাদিক।
[email protected]