ত্রিপুরায় তিন বাংলাদেশি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে গত রোববার স্থানীয় ব্যক্তিদের হাতে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা কেবল উদ্বেগজনক নয়, নিন্দনীয়ও।
প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী, পাঁচ বাংলাদেশি নাগরিক চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় যান গরু আনতে। ভারতীয় নাগরিকদের অভিযোগ, উল্লিখিত ব্যক্তিরা গরু চুরি করতে গিয়েছিলেন। যদিও পালিয়ে আসা দুজনের দাবি, তাঁরা ভারতে গিয়েছিলেন গরু কিনতে।
গরু কেনার জন্য হোক বা চুরি করার জন্য হোক, বাংলাদেশি নাগরিকেরা সেখানে গিয়ে থাকলে কেউ তাঁদের হত্যা করতে পারেন না। অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে তাঁদের পুলিশে সোপর্দ কিংবা বাংলাদেশে ফেরত পাঠানো যেত। সেসব না করে পিটিয়ে হত্যা! এমনকি আক্রমণের মুখে গাছে আশ্রয় নিয়েও তাঁরা রেহাই পাননি। এর চেয়ে নৃশংসতা আর কী হতে পারে?
এখন দেখার বিষয়, যাঁরা বাংলাদেশি তিন নাগরিককে হত্যা করেছেন, ভারত সরকার তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। এর আগে ভারতীয় ভূখণ্ডে অনেক বাংলাদেশি হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও দু-একটি ব্যতিক্রম বাদে প্রতিকার পাওয়া যায়নি। এবারে পাওয়া যাবে কি না, তা নির্ভর করছে ভারত সরকার, তথা ত্রিপুরা রাজ্য প্রশাসনের সদিচ্ছার ওপর।
উল্লেখ্য, সীমান্তে যত অপরাধমূলক ঘটনা ঘটে, তার সিংহভাগই গরু চোরাচালানকেন্দ্রিক। এটাও অজানা নয় যে প্রতিবছর ভারত থেকে চোরাই পথে বিপুলসংখ্যক গরু বাংলাদেশে আসে; যদিও ভারত সরকার তা স্বীকার করে না। বৈধ পথে আনার সুযোগ থাকলে এ ধরনের অঘটন ও হত্যাকাণ্ড রোধ করা সহজ হতো। ভারত থেকে গরু আনার বিষয়টিকে আইনি রূপ দেওয়ার দাবি উঠেছে সে দেশের গণমাধ্যম ও নাগরিক সমাজের পক্ষ থেকেও।
সাম্প্রতিক কালে সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনা কমে গিয়েছিল। কিন্তু ত্রিপুরায় বিনা উসকানিতে তিন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাটি পারস্পরিক আস্থা ও বিশ্বাসের জায়গাটি একেবারে নড়িয়ে দিয়েছে। আশা করি, নয়াদিল্লি কেবল মৌখিক প্রতিশ্রুতির মধ্যে তাদের তৎপরতা সীমিত না রেখে অপরাধীদের আইনের আওতায় আনবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।